০৩:৫৬ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক একটি স্মরণসভা, দ্রোহের কবিতা পাঠ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ নামক প্ল্যাটফর্মটি।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ওই অনুষ্ঠানের সুচনা হয়। পরে শহিদ সাজিদ আব্দুল্লাহকে স্মরণ করে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর উদ্যোগে কাওয়ালি পরিবেশন, তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, দ্রোহের কবিতা পাঠ এবং তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা বলেন, শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধারণ করার পাশাপাশি, তার রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন