ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ, চাপের মধ্যে মার্কিনরা


ট্রাম্পের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ, চাপের মধ্যে মার্কিনরা

যুক্তরাষ্ট্রের জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেট্রলের দাম প্রতি গ্যালন ২ ডলারের নিচে নামানোর, গৃহঋণের সুদের হার ২ শতাংশে আনার এবং বিদ্যুৎ ও জ্বালানির খরচ অর্ধেক করার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, নিত্যপণ্য, জ্বালানি, বাড়ি কেনা, বিমানভাড়া ও স্বাস্থ্যবিমার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে অর্থনীতি নিয়ে অসন্তোষ বেড়ে চলেছে মার্কিন নাগরিকদের মধ্যে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান পরিস্থিতির মধ্যে বেশ কিছু ক্ষেত্রে বড় ব্যবধান বিদ্যমান। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই ব্যবধান ভোটারদের অসন্তোষের একটি প্রধান কারণ হয়ে উঠেছে।

যদিও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক এবং বেকারত্বের হার তুলনামূলকভাবে কম, তবে সাম্প্রতিক একটি জনমত জরিপে ১০ জনের মধ্যে ৯ জন মার্কিন নাগরিক বলেছেন, অর্থনীতি সম্পর্কে তাদের ধারণা নির্ধারণে পণ্যের দাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অর্থনীতিবিদদের মতে, করোনাভাইরাস মহামারির পর পাঁচ বছর ধরে চলা মূল্যস্ফীতির প্রভাব এখনও কাটেনি। ট্রাম্প প্রশাসনের কিছু নীতিও মূল্যবৃদ্ধির চাপ বাড়িয়েছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি গবেষণায় বলা হয়েছে, আমদানি পণ্যে শুল্ক আরোপের কারণে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মূল্যস্ফীতি প্রায় ২ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে গেছে। গবেষকেরা উল্লেখ করেছেন, এসব শুল্ক না থাকলে পণ্যের দাম কমতে পারত।

এছাড়া ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তেল পরিবহন ব্যাহত হয়েছে। এতে তেল, পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই-পার্থেননের প্রধান অর্থনীতিবিদ গ্রেগ ডাকোর মতে, ইরানে হস্তক্ষেপ এবং আমদানি পণ্যে শুল্ক আরোপের মতো প্রশাসনিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সরবরাহসংক্রান্ত চাপ তৈরির অন্যতম কারণ।

অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে, যা আগস্টে ছিল ৩ দশমিক ৪ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে এ হার অনেক বেশি।

তবে হোয়াইট হাউসের দাবি, ট্রাম্পের নীতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মূল্যস্ফীতির সংকট থামিয়েছে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছে। প্রশাসনের মুখপাত্র টেলর রজার্সের ভাষ্য, ট্রাম্প কর্মজীবী মানুষের জন্য বড় ধরনের করছাড় দিয়েছেন, ব্যবস্থাপত্রের ওষুধের দাম কমিয়েছেন, বেসরকারি খাতে ১০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং প্রায় ২০টি বাণিজ্য চুক্তি করেছেন। হোয়াইট হাউস দাবি করেছে, আগামী দুই বছরেও এসব নীতির সুফল পাওয়া যাবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

নিত্যপণ্যের দাম বাড়ছেই

২০২৪ সালের নভেম্বর থেকে বাড়িতে রান্নার জন্য কেনা খাবারের দাম বেড়েছে ৪ শতাংশ। এর আগের চার বছরে এ ধরনের খাবারের দাম বেড়েছিল ২৩ শতাংশ। অর্থনীতিবিদেরা মনে করছেন, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আমদানি পণ্যে শুল্ক আরোপের কারণে খাবারের দাম বাড়ছে।

পেট্রল ও ডিজেলে বড় ধাক্কা

শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম দাঁড়ায় ৪ দশমিক ৩৭ ডলার। ইরানে যুদ্ধ শুরুর আগের দিন, ২৭ ফেব্রুয়ারি, এ দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার। অর্থাৎ এ সময়ে পেট্রলের দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। অক্টোবর মাসের হিসাবে পেট্রলের এ দাম রেকর্ড উচ্চতায় রয়েছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডিজেলের দামও বেড়েছে। গত ২২ সেপ্টেম্বর প্রতি গ্যালন ডিজেলের দাম রেকর্ড ৬ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছিল। বর্তমানে তা প্রায় ৬ দশমিক ২৮ ডলার। পণ্য পরিবহন, কৃষি ও নির্মাণকাজে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় এর দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যসহ বিভিন্ন খাতের ব্যয়ে পড়ছে।

বিদ্যুৎ ও গ্যাসের বিলেও স্বস্তি নেই

২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের পরিবারগুলো বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলসহ বিভিন্ন পরিষেবার জন্য মাসে গড়ে ২৮০ ডলার ব্যয় করছিল। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আবাসিক বিদ্যুতের গড় মাসিক ব্যয় বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

পুরোনো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সংস্কার, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং তথ্য সংরক্ষণকেন্দ্রের সম্প্রসারণকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত আবাসিক প্রাকৃতিক গ্যাসের গড় মাসিক দাম বেড়েছে ১০৬ শতাংশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

শীত মৌসুমে ঘর গরম রাখার খরচ আরও বাড়তে পারে। জাতীয় জ্বালানি সহায়তা পরিচালকদের সংগঠনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে ২০২৭ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত ঘর গরম রাখতে মার্কিন পরিবারগুলো গড়ে ১ হাজার ৩০ ডলার ব্যয় করতে পারে। জ্বালানি তেল ব্যবহারকারী পরিবারগুলোর ক্ষেত্রে এ ব্যয় তিন মাসে গড়ে ২ হাজার ৬২৭ ডলারে পৌঁছাতে পারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

গাড়ির বিমায় কিছুটা স্বস্তি

ট্রাম্পের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা কমেছে গাড়ির বিমার খরচ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাম্প্রতিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে গাড়ির বিমার খরচ ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

অর্থনীতিবিদদের মতে, মহামারির পর বিমার খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের আপত্তি এবং বিমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে এ পতন ঘটেছে। কনফারেন্স বোর্ডের অর্থনীতিবিদ ইয়েলেনা শুলিয়াতিয়েভার মতে, এ ক্ষেত্রে সরকারের নীতির চেয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া ও বাজারের প্রতিযোগিতাই বেশি ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

বাড়ি কেনা এখনো ব্যয়বহুল

গৃহঋণের সুদের হার ২ শতাংশে নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ফ্রেডি ম্যাকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ বছর মেয়াদি নির্দিষ্ট সুদের গৃহঋণের গড় হার ৭ দশমিক ২৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময় এ হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ।

বাড়ির দামও বেড়েছে। জিলোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে বাড়ির গড় তালিকামূল্য ছিল ৪ লাখ ৮ হাজার ৩৩৩ ডলার, যা ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।

আটলান্টার ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কেনার সামর্থ্য অর্জনে প্রয়োজনীয় বার্ষিক আয় ১ লাখ ২৬ হাজার ৪৮৭ ডলার। অথচ দেশটির মধ্যম বার্ষিক আয় ৮৬ হাজার ৪৯০ ডলার। প্রয়োজনীয় আয় ও প্রকৃত আয়ের এ ব্যবধান ২০০৫ সালের পর সবচেয়ে বেশি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ক্রেডিট কার্ডের সুদ ২০ শতাংশের ওপরে

ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে সীমিত করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে গড় সুদের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময় এ হার ছিল ২১ দশমিক ৫৮ শতাংশ।

প্রস্তাবটি নিয়ে দুই দলের আইনপ্রণেতাদের সমর্থন থাকলেও তা কার্যকর করার উদ্যোগ থেমে গেছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, সুদের হার ১০ শতাংশে বেঁধে দিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার আগ্রহ কমতে পারে। এতে কিছু গ্রাহকের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিমানভাড়া বেড়েছে ১৭ শতাংশ

২০২৫ সালের জানুয়ারির তুলনায় যুক্তরাষ্ট্রে বিমানভাড়া বর্তমানে ১৭ শতাংশ বেশি। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় উড়োজাহাজের জ্বালানির দাম বেড়েছে। জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবে, বর্তমানে প্রতি গ্যালন উড়োজাহাজের জ্বালানির দাম ৪ দশমিক ৩৪ ডলার, যা ২০২৫ সালের জানুয়ারির গড় দামের তুলনায় ৮৫ শতাংশ বেশি।

এছাড়া স্বল্পমূল্যে বিমানসেবা দেওয়া স্পিরিট এয়ারলাইনস বন্ধ হয়ে যাওয়ায় বাজারে প্রতিযোগিতা কমেছে। বিশ্লেষকদের মতে, এটিও বিমানভাড়া বাড়ার অন্যতম কারণ।

স্বাস্থ্যবিমার খরচ বেড়েছে ৫৮ শতাংশ

যুক্তরাষ্ট্রের সাশ্রয়ী স্বাস্থ্যবিমা আইনের আওতায় থাকা গ্রাহকদের গড় মাসিক বিমার কিস্তি ২০২৫ সালের তুলনায় ৫৮ শতাংশ বেড়ে ১৭৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ বছরে গড় ব্যয় ২ হাজার ১৩৬ ডলার।

স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের তথ্য অনুযায়ী, একই সময়ে বিমার আওতায় চিকিৎসা নেওয়ার আগে গ্রাহককে নিজের পকেট থেকে যে অর্থ পরিশোধ করতে হয়, সেই গড় পরিমাণও বেড়েছে। গত বছরের শেষে বিমার খরচ কমাতে দেওয়া কর-সহায়তার মেয়াদ শেষ হয়ে যাওয়াকে এর একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে ট্রাম্প প্রশাসন ২০২৬ সালের সেপ্টেম্বরে ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ১০ লাখ স্বাস্থ্যবিমা গ্রাহকের কাছে ৫০০ ডলারের চেক পাঠানো শুরু করেছে।

ওষুধের দাম কমেছে

অন্যদিকে, ব্যবস্থাপত্রের ওষুধের দামে কিছুটা স্বস্তি এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে ওষুধের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমেছে।

ট্রাম্প প্রশাসন এ সাফল্যের কৃতিত্ব নিজেদের নীতিকে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং কম দামের বিকল্প ওষুধের সরবরাহ বাড়ার মতো বিষয়ও এতে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে কিছু ইতিবাচক চিত্র থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের চাপ এখনো বড় উদ্বেগের বিষয়। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি এবং বাস্তব পরিস্থিতির ব্যবধান আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় মুসলিমদের পানি সরবরাহ বন্ধের অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


কলকাতায় মুসলিমদের পানি সরবরাহ বন্ধের অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের অধীনে কলকাতার জ্যোতি নগর কলোনির মুসলিম বাসিন্দাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপের জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম একটি চিঠি পাঠিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আউটলুক ইন্ডিয়া।

সমীরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির একটি অনুলিপি শেয়ার করে অভিযোগ করেছেন যে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জ্যোতি নগর কলোনিতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তার বক্তব্য, কলোনির বাসিন্দাদের মুসলিম হওয়া এবং বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংক’-এর অংশ হিসেবে বিবেচিত না হওয়ার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে সমীরুল ইসলাম উল্লেখ করেন, জ্যোতি নগর কলোনির পানি সংকট শুধুমাত্র পৌর পরিষেবার ব্যর্থতা নয়, বরং এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর সমস্যা।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নিরাপদ পানীয় জল থেকে মানুষের বঞ্চনা কোনো সাধারণ পৌর সমস্যা হতে পারে না। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা মানুষের মৌলিক অধিকারের অংশ। পানি সংকটের কারণে কলোনির বাসিন্দারা স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

সমীরুল ইসলাম আরও বলেন, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না; বরং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকুই দাবি করছেন।

চিঠিতে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী পানীয় জলের সংকটের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা কেন দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূলের এই সংসদ সদস্য। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার জন্য এবং সংকটের কারণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সংস্থাটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পুকুর পরিষ্কার করলেন ছাত্রদল নেতা-কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পুকুর পরিষ্কার করলেন ছাত্রদল নেতা-কর্মীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত পুকুরটি পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এই কার্যক্রমের সময় পুকুরে জমে থাকা আগাছা, ময়লা এবং প্লাস্টিক অপসারণ করা হয়। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহতাশিম পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ এবং সদস্য আবু সাঈদ ও আসিমুল খানসহ অন্যান্য সদস্যরা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীরা তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

উদ্যোগ সম্পর্কে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার মন্তব্য করেন, "পুকুরটি বেশ কিছুদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। তাই আমরা এটি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করি। শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য শুধু আজকের ময়লা অপসারণ নয়; আগামী দিনে যেন এখানে আর ময়লা ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা।"

শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক রাসেল রানা বলেন, "আমরা বিশ্বাস করি, শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আজ আমরা পুকুর পরিষ্কার করছি, কিন্তু আমাদের লক্ষ্য শুধু আজকের ময়লা অপসারণ নয়—আগামী দিনে যেন এখানে আর ময়লা ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা। আসুন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলি। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অধিকার, আর তা রক্ষা করা আমাদের দায়িত্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতির পিঠে বরযাত্রা: মা-বাবার শখ পূরণ করলেন সাকিব মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


হাতির পিঠে বরযাত্রা: মা-বাবার শখ পূরণ করলেন সাকিব মিয়া

বিয়ের বরযাত্রা সাধারণত গাড়ি, মাইক্রোবাস অথবা ঘোড়ার গাড়ির মাধ্যমে হয়ে থাকে। কিন্তু গাইবান্ধার সাকিব মিয়া একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছেন। পরিবারের একমাত্র পুত্রের বিয়েতে মা-বাবার দীর্ঘদিনের শখ পূরণের উদ্দেশ্যে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে পৌঁছান তিনি। এই বিশেষ বরযাত্রা দেখতে কনের বাড়িতে বিভিন্ন বয়সের উৎসুক জনতা ভিড় করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে এই ঘটনা ঘটে। বর সাকিব মিয়া চকনদী গ্রামের সাইদ আলীর সন্তান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার কনে সুরাইয়া আক্তার একই উপজেলার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।

পরিবারের সূত্র অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার দিকে সাকিব হাতির পিঠে চড়ে কনের বাড়ির দিকে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন একমাত্র দুলাভাই। পরিবারের অন্যান্য সদস্য এবং বরযাত্রীরা মাইক্রোবাসে করে কনের বাড়িতে পৌঁছান।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান সাকিব। হাতির পিঠে বরের আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়।

সন্ধ্যা ৭টার দিকে সুরাইয়া আক্তারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সাকিবের। যৌতুকবিহীন এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা। বিয়ের আসরে নববধূকে দেনমোহরের অর্থ বুঝিয়ে দেন বর। পরে আনুষ্ঠানিকতা শেষে রাতেই নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।

বরের বোন জানান, পরিবারের একমাত্র ছেলের বিয়েতে মা-বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলেকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করানোর। সেই শখ পূরণ করতেই নেওয়া হয় এই ব্যতিক্রমী উদ্যোগ।

সাকিব মিয়া বলেন, ‘বিয়ে জীবনের একটি বিশেষ দিন, যা বারবার আসে না। মা-বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমাকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাবেন। তাদের ইচ্ছা পূরণ এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০ হাজার টাকা দিয়ে হাতিটি ভাড়া করে আনা হয়। মা-বাবার শখ পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত।’

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় হাতির পিঠে চড়ে বরের কনের বাড়িতে যাওয়ার ঘটনা এবারই প্রথম। এ কারণে ব্যতিক্রমী বরযাত্রাটি দেখতে আশপাশের অনেক মানুষ ছুটে আসেন।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, মা-বাবার ইচ্ছা পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ের এই আয়োজন করা হয়েছে। বর ও হাতিকে দেখতে বিয়েবাড়িতে শত শত মানুষের ভিড় জমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


হাবিপ্রবিতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী

বিশ্ব ডাক দিবস উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ডাক বিভাগ, দিনাজপুরের উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান। সভাপতিত্ব করেন দিনাজপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রশিদুল হাসান।

আলোচনা পর্বে বক্তারা ডাক বিভাগের ইতিহাস এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য ডাকসেবা টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং অতীতের স্মৃতিচারণ করেন। ডাক বিভাগের প্রতিনিধিরা জানান, "সময়ের সঙ্গে সঙ্গে বিভাগের সেবার ধরন বদলাচ্ছে। সম্প্রতি দিনাজপুর থেকে প্রচুর লিচু ডাকের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়েছে।" এতে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকেরা উপকৃত হয়েছেন বলেও তাঁরা জানান।

উৎসবের মূল আকর্ষণ ছিল চিঠি লেখা। মাত্র ১০ টাকায় শিক্ষার্থীরা বিশেষ ডাকসেবার মাধ্যমে প্রিয়জনদের কাছে চিঠি পাঠান। ডিজিটাল যোগাযোগের এই সময়ে হাতে লেখা চিঠির অভিজ্ঞতা পেয়ে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন।

প্রদর্শনীতে বিভিন্ন সময়ের ঐতিহ্যবাহী ও স্মারক ডাকটিকিট প্রদর্শন করা হয়। এর মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানের ডাকটিকিট অন্তর্ভুক্ত ছিল। তরুণ প্রজন্মকে ডাকটিকিটের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানস্থলে স্থাপিত বিভিন্ন স্টলে পাটের ব্যাগ, ডায়েরি, ক্যালেন্ডার এবং ছোট-বড় লেটার বক্স বিক্রি করা হয়। পোস্টার ও ব্যানারে অভ্যন্তরীণ ডাক, রেজিস্ট্রি চিঠি, স্পিড পোস্ট, পার্সেল, বৈদেশিক ডাক, সঞ্চয় হিসাব ও সঞ্চয়পত্র, ডাক এবং ‘নগদ’ সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

‘এক ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রচলিত ডাকসেবা ও নতুন প্রযুক্তির সমন্বয়ে ডাক বিভাগ আরও সমৃদ্ধ হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%