১২:২৮ পি.এম
নারী যাত্রীদের জন্য মাত্র ৫ দিন আগে বিশেষ মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এবার যুক্ত হচ্ছে এই সার্ভিসে ই-টিকিটিং সেবা। এই সেবা কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ।
রোববার (২৩ আগস্ট) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা প্রদান করা হবে। ফলে, বাসে ওঠার পর নারী যাত্রীরা পজ মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজভাবে টিকিট সংগ্রহ করতে সক্ষম হবেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
টিকিটিং প্ল্যাটফর্ম সহজ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল এবং স্বচ্ছ করে তুলবে। গতিপ্রক্রিয়ায় যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-টিকিটিং কার্যক্রমের পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা প্রদান করছে।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থাকে এবং মহিলা বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রশিক্ষণে পজ মেশিন পরিচালনা করা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা প্রদান করা হয়।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
সহজের পক্ষ থেকে জানানো হয়েছে, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু করা নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পজ ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া দ্রুত এবং সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে বলেও জানায় সহজ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন