০৮:৫১ পি.এম
চারপাশে তাকালে সহজেই বিভিন্ন সম্পর্কের বিচ্ছেদ দৃশ্যমান হয়ে ওঠে। এমনকি অনেক সময় আমরা সেসব বিচ্ছেদের সাক্ষীও হয়ে থাকি। এটি প্রেমের সম্পর্ক হোক কিংবা বৈবাহিক সম্পর্ক। বিচ্ছেদ, প্রতারণার শিকার হওয়া অথবা প্রিয়জনকে হারানোর ব্যথা কেবল একজন মানুষকে মানসিক কষ্ট দেয় না, বরং শারীরিক কষ্টও সৃষ্টি করে। গত দুই দশকে প্রকাশিত গবেষণাগুলো বলে দেয় যে, তীব্র আবেগীয় আঘাত মানুষের হরমোন, রোগপ্রতিরোধ ব্যবস্থা, মস্তিষ্ক ও হৃদযন্ত্রের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে।
চীনের নিংশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস গ্র্যাজুয়েট এবং মানসিক স্বাস্থ্য গবেষক ডা. প্রিন্স ঘোষ চ্যানেল 24 অনলাইনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উটাহর মনোবিজ্ঞানী ড. লিসা এম. ডায়মন্ড, এঞ্জেলা এম. হিক্স এবং কিমবার্লি ডি. ওত্তার-হেন্ডারসন ২০০৮ সালে ৪২টি দম্পতির ওপর ২১ দিন একটি গবেষণা করেছেন, যা পরবর্তীতে জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে।
এ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নতুন তথ্য জানান যে, গবেষণায় দেখা গেছে, কয়েক দিনের বিচ্ছেদের ফলে শরীরে কার্টিসল, অর্থাৎ স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ ঘুমের সমস্যা, উদ্বেগ, ক্লান্তি এবং আরও নানা উপসর্গ দেখা দেয়। গবেষকদের মতে, ঘনিষ্ঠ সম্পর্ককে মানুষের মস্তিষ্ক একটি নিরাপত্তার উৎস হিসেবে দেখে, কিন্তু যদি হঠাৎ করে সেই সম্পর্কটি হারিয়ে যায় তবে শরীরে হাইপোথ্যালামিক-পিটুইটারি-অ্যাড্রেনাল এক্সিস সক্রিয় হয়ে স্ট্রেসের প্রতিক্রিয়া বেড়ে যায়।
আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন
ডা. প্রিন্স ঘোষ জানান, আমরা প্রায়ই আমাদের আশপাশের কারও বিচ্ছেদ হলে তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করি এবং এই কষ্টকে তুচ্ছ দেখতে বলি। কিন্তু আসলেই এই কষ্ট তুচ্ছ নয়, তার বৈজ্ঞানিক প্রমাণ গবেষণা থেকে পাওয়া গেছে। তিনি বলেন, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞানী ড. ইথান ক্রস প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রকাশিত তার গবেষণাপত্রে দেখান যে, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার স্মৃতি মনে হলে মস্তিষ্কের যে অংশ শারীরিক ব্যথার সময় সক্রিয় হয়, অর্থাৎ মস্তিষ্কের সামনের সিংগুলেট কর্টেক্সের উপরের অংশ এবং সামনের ইনসুলা অঞ্চল সেই অংশগুলো সক্রিয় হয়।
২০২৪ সালে সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত একটি বৃহৎ মেটা-অ্যানালাইসিসে ৯৪টি গবেষণাপত্র এবং প্রায় ১৩ দশমিক ৮ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখেন যে, সম্পর্ক বিচ্ছেদের পর কিছু মানুষের মধ্যে হৃদরোগ, শারীরিক অসুস্থতা এবং ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলকভাবে বাড়তে পারে।
বিচ্ছেদের সবচেয়ে গুরুতর এবং বিরল শারীরিক জটিলতা হলো ‘টাকোৎসুবো সিনড্রোম’ বা ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’। এই জটিলতার কারণে হৃদযন্ত্রের বাম নিলয় সাময়িকভাবে দুর্বল হয়ে যায়, যার ফলে বুকব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। শুধু তাই নয়, ইসিজিতে এমন পরিবর্তন হয় যা হার্ট অ্যাটাকের সাথে মিলে যাচ্ছে, এ তথ্য জানান এই মানসিক স্বাস্থ্য গবেষক।
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন