০৯:৩২ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার চেয়ে নিহতের পরিবার একটি সংবাদ সম্মেলন করেছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র শিক্ষক লাউঞ্জে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, চাচা সাইফুল ইসলাম, সাজিদের দুলাভাই মিজানুর রহমান-সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সাজিদ হত্যার বিচার, সাজিদের নামে বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ এবং পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এছাড়া তারা প্রশাসনের প্রতি আস্থা রাখতে চান এসব দাবি বাস্তবায়নে।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকদের উদ্দেশ্যে সাজিদ আব্দুল্লাহ’র বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, এক বছর পার হয়ে গেলেও একমাত্র সন্তান সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার তারা পাননি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক ও সক্রিয় হয়ে দ্রুত খুনিদের চিহ্নিত ও বিচার করতে হবে। তিনি বলেন, আন্দোলনের সময় প্রশাসন সাজিদের নামে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বুয়েটের আবরারের নামে হল করা হয়েছে, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাজিদের নামে কেন হল করা হচ্ছে না, তা বোঝা যায় না।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরও বলেন, সাজিদ আব্দুল্লাহ জুলাই আন্দোলনে স্বৈরাচার তাড়াতে ন্যায় ও ইনসাফের পক্ষে লড়েছেন। একজন 'জুলাই যোদ্ধা' হিসেবে তাকে যথাযথ মূল্যায়ন করা উচিত। এছাড়া ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন-সহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি তিনি জানিয়েছেন।
এসব দাবি আদায়ে নতুন প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, তারা আশাবাদী প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করবে। তবে দীর্ঘদিন তাদের সাথে ভিসি কোনো যোগাযোগ করেননি। আজ ভিসির সাথে এসব নিয়ে আলোচনা করেছেন তারা। এতে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে তাদেরকে লিখিত আবেদনের জন্য বলেছেন। তারা সেই অনুযায়ী কাজ করবেন। তারা আশাবাদী প্রশাসন তাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ পুলিশ উদ্ধার করে। পরে ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা প্রতিবেদনে বলা হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার এক বছর পেরিয়ে গেলেও রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন