০৪:৫৮ পি.এম
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন তার অনুসারীরা। তারা বিক্ষোভ করছেন। মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে এই অবরোধ সৃষ্টি করার ফলে উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা থেকে আন্দোলনকারীরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সারাবিশ্বে আসলাম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে সড়ক অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা গাছ কাটার ইলেকট্রনিক করাত ব্যবহার করে মহাসড়কের পাশে গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে দিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। অনেক স্থানে আস্ত গাছ কেটেও রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ লাইনে যানবাহন স্থবির হয়ে পড়ছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনার খবর শুনে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেছেন, ‘এখনো বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন