০৪:২৫ পি.এম
ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ এবং খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাস মিথেনের কারণে এ বিস্ফোরণটি ঘটে। সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার নিকটবর্তী খনিটিতে বিস্ফোরণের পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল রাতভর এ অভিযান পরিচালিত হয়।
বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার ভোরে এক বিবৃতিতে জানায়, ‘মোতায়েন করা দলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘আটকে পড়া বাকি শ্রমিকদের শনাক্ত ও উদ্ধার করার জন্য যৌথ উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।’ তবে বিস্ফোরণের সময় খনিটিতে মোট কতজন শ্রমিক ছিলেন, সে বিষয়টি জানানো হয়নি।
পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম এবং সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান। শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকেই দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় এ প্রদেশ পিছিয়ে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন