প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ বিষয়ক ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর প্রশ্ন উঠেছে। এর মাঝে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর সম্ভাব্য বিকল্প হিসেবে নাসের আল-খেলাইফির নাম সামনে এনেছে উয়েফা। এই তথ্য প্রকাশ করেছে টেলিগ্রাফ স্পোর্টস।
প্রতিবেদন অনুসারে, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনাটি ইউরোপীয় ফুটবলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। একাধিক প্রতিবেদনে এই পরিকল্পনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের ব্যবসায়িক সম্পর্ক থাকার বিষয়টি দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে, উয়েফা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফিফার পরিকল্পনার বিরোধিতা ও সম্ভাব্য বিশ্বকাপ বয়কটসহ ইনফান্তিনোর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছে টেলিগ্রাফ স্পোর্টস।
বৈঠকে উপস্থিত উয়েফার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ডোনাল্ড ট্রাম্প কিংবা বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে আমি প্রায় যেকোনো কাউকেই সমর্থন করব।" তার এই মন্তব্য ইউরোপীয় ফুটবল প্রশাসনে বিদ্যমান অসন্তোষের প্রতিফলন হিসাবে মূল্যায়ন করা হচ্ছে।
তবে ইনফান্তিনোর সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় থাকলেও ফিফা সভাপতি হওয়ার জন্য আগ্রহ নেই বলে জানিয়েছেন নাসের আল-খেলাইফির প্রতিনিধি। তার বক্তব্যে বলা হয়েছে, "ফিফা সভাপতি পদ নিয়ে নাসেরের কোনো পরিকল্পনা বা আগ্রহ নেই। তিনি ইউরোপীয় ও বৈশ্বিক ফুটবল সংস্থাগুলোকে সমর্থন জানাতে আগের মতোই থাকবেন।"
বর্তমানে আল-খেলাইফি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) চেয়ারম্যান এবং উয়েফার নির্বাহী কমিটির সদস্যও। এছাড়া তিনি বিইন মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসিএও। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, "বিশ্বের ৮৫০টির বেশি ক্লাবের প্রতিনিধিত্ব করার পরও আমরা এত বড় সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি।" তারা ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে স্বচ্ছ ও অর্থবহ আলোচনা করার আহ্বান জানিয়েছে।
তবে ইনফান্তিনোকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচিত করা খুব সহজ হবে না। ফিফার ২১১টি সদস্য দেশের অধিকাংশের সমর্থন ছাড়া সভাপতি পরিবর্তন সম্ভব নয়। এদের মধ্যে উয়েফার সদস্য সংখ্যা মাত্র ৫৫টি দেশ। ফলে ইউরোপের সমর্থন পেলেও বৈশ্বিক পর্যায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যেকোনো বিকল্প প্রার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন