০৪:২৮ পি.এম
লক্ষ্মীপুর, ৩১ জুলাই, ২০২৬ : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বোবারপুল সেতুর দুই পাশের থাকা সংযোগ সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে।
এ সপ্তাহ পেরিয়ে গেলেও সড়কটির যথাযথ সংস্কার কাজ শুরু না হওয়ায় বয়ারচরসহ আশপাশের কয়েকটি এলাকার লোকজন দুর্ভোগে পড়েছেন।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে সেতুর দু-পাশের সংযোগ সড়ক ধসে পড়ে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়দের দাবি, টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির তীব্র স্রোতে রামগতি-বয়ারচর সড়কের তেগাছিয়া বাজারের পূর্ব পাশে মোহাম্মদপুর মোল্লার খালের উপর নির্মিত বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে।
এই পরিস্থিতে ওই সড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে, সড়কের ব্রিজঘাট এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে সেতুর পূর্ব পাশের অংশও ধসে পড়েছে। এতে করে সড়কটি ব্যবহার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রামগতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ২০০৫ সালে রামগতি বাজার থেকে বয়ারচরের টাংকির বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাকা করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৮ সালে সড়কটি দ্বিতীয় দফায় সংস্কার করা হয়। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের উপস্থিতি দেখা যাচ্ছে, ফলে বাকি অংশও চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ায় এলাকাটির যোগাযোগ অবরুদ্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সেতুর দুটি পাশে গাছের ডাল বসিয়ে সতর্কতার ব্যবস্থা করেছেন। সড়কের দুই পাশে বড় বড় ফাটল দেখা গেছে। বৃষ্টি ও জোয়ারের পানি প্রবাহ অব্যাহত থাকলে সড়কের আরও অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় এলাকার বেশকিছু প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতে সমস্যায় পড়ছে। সেইসঙ্গে অসুস্থ রোগীর, ব্যবসায়ীর, কৃষকের এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, তারা এই সড়ক ব্যবহার করে প্রতিদিন ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র, মোহাম্মদপুর তেগাছিয়া বাজার, চৌরাস্তা বাজার, টাংকি বাজার, হাতিয়াবাজার এবং রামগতি উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন।
সড়কটি দিয়ে নিয়মিত মালবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল চলাচল করতো। কিন্তু সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিকল্প পথের অভাবে মানুষের ভোগান্তি বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, নিজাম উদ্দিন, আবদুস সালাম ও বেলাল হোসেন জানিয়েছেন, টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি-বয়ারচর প্রধান সড়কের দুই পাশ ভেঙে গেছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ জানিয়েছেন, বয়ারচর এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। তিনি নিরুপায় হয়ে নিজ উদ্যোগে গাছপালা দিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছেন।
রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী স্নেহাল রায় বাসসকে জানিয়েছেন, মেঘনার জোয়ারের স্রোত ও টানা বৃষ্টির কারণে সড়কটি ধসে পড়েছে। খবর পাওয়ার পর স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন