০৯:৩৬ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যুবকটির নাম আকরামুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে। শনিবার (৪ জুলাই) এ নির্দেশনা দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এর আগে, আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে এবং তার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করতেন। এছাড়া, ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
ওসি মনসুর আহাম্মদের নেতৃত্বে, ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ভুক্তভোগী লুৎপুন্নহার যখন ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন, তখন আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছি। পরে আকরামুল ইসলামকে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন