০৫:৪৬ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে। একইসাথে তিনি মন্তব্য করেন, ইরান যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ জ্বালানি আমদানির সংকট ও ব্যয়ের চিত্র তুলে ধরে বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি আনতে গিয়ে পরিবহন ও অন্যান্য খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সরকার বর্তমানে বেশি দামে এলএনজি ক্রয় করছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
মন্ত্রী আগের সরকারের সমালোচনা করে উল্লেখ করেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিম দেশের সব সিস্টেম ভেঙে দিয়েছিল। তারা জ্বালানি খাতকে পুরোটাই আমদানিনির্ভর করে ফেলে। এই দীর্ঘ ১৭ বছরে তারা একটি কূপও খনন করেনি।’
বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি চারদিক দিয়ে বাঁধা। এর মধ্যদিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তবে আপনারা ভয় পাবেন না, আমরা সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
কনক্লেভে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সোলার (সৌরবিদ্যুৎ) থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন