সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৪ এম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও এটি শুরুতে ওআইসি কর্তৃক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার পরিকল্পনা ছিল, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। প্রতিষ্ঠার ৪৭ বছর পরেও বিশ্ববিদ্যালয়টি মূল লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এর পেছনে রয়েছে ইসলাম বিদ্বেষী, সেকুলারপন্থী ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দায় ধর্মনিরপেক্ষতার ধাঁচে পরিচালনার নীল নকশা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটিয়ে ইসলামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক ও অর্গানোগ্রামে না থাকা বিভিন্ন বিভাগ চালু করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। ফলে ইসলামী চিন্তা, গবেষণা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের মিলনস্থলের স্বকীয় চরিত্র হারিয়ে দেশের অন্যান্য সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিগত আওয়ামী ফ্যাসিবাদীরা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় একচেটিয়া নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, গুম, খুন, সংঘর্ষ, বন্দুকযুদ্ধ, টেন্ডারবাজি, ছিনতাই, অশ্লীলতা, কথিত অভিযান, শ্লীলতাহানি, হরতাল-অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশী রাজত্ব, চুরি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে ক্যাম্পাসকে। অতীতে শিক্ষাক্রম থেকে মৌলিক ধর্মীয় কোর্স সংকুচিত করার প্রবণতা এবং ইসলামবিদ্বেষী ভাবাপন্ন জনবল নিয়োগের ফলে সংকট আরও গভীর হয়েছে। অবশিষ্ট ইসলামী ঐতিহ্যটুকুও নিশ্চিহ্ন করার লক্ষ্যে ক্যাম্পাসে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের উপর বিভিন্ন প্রকার হয়রানি ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। বর্তমানে মৌলিক সংস্কার কার্যক্রম গ্রহণ করতে গেলে প্রশাসনিক ও বিভাগীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গেছে।
স্বাধীনতার পর ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠিত হলেও দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সমন্বয়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর এদেশের জনগণের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতা ও গুরুত্ব উপলব্ধি করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। ১৯৭৭ সালের ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল মক্কায় অনুষ্ঠিত ‘প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলন’- এ মুসলিম বিশ্বে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এর পর ১৯৭৭ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে সভাপতি করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ১৯৭৭ সালের ২৯ আগস্ট উক্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৭৯ সালের ২২ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে ১৯৮০ সালে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান গঠিত কমিটির প্রতিবেদনে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক জাগরণের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। উপনিবেশবাদ ও ‘এডুকেশনাল জিহাদ’-এর বিষয়ে প্রতিবেদনের ২.২ ও ২.৩.২ ধারায় আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিলো পশ্চিমা উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার ফলে মুসলিমদের মনস্তত্বে যে অবক্ষয় এসেছে তা মোকাবিলা করা। প্রতিবেদনের ২.১৮.৩ ধারায় ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিষয়ে সতর্ক করে সমাধান হিসেবে পশ্চিমা ভাবধারার পরিবর্তে এমন এক ইসলামী ভাবধারা প্রতিষ্ঠার কথা বলা হয়, যা ইহকাল ও পরকালের মেলবন্ধন ঘটাবে।
প্রতিবেদনের ১.১ ধারায় সকল বিভাগে ইসলামী শিক্ষার সমন্বয়ের বিষয় উল্লেখ রয়েছে। ১.২.১ ও ৫.১৪ ধারায় ভর্তির ক্ষেত্রে জেনারেল ও মাদরাসা থেকে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তির নিয়ম বেঁধে দেওয়া হয়। ১৯৮৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীর ৫০ শতাংশ মাদরাসা থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল। দুই ধারার শিক্ষার্থীদের জন্য পৃথক ১০০ নম্বরের ইংরেজি অথবা আরবী ও ইসলামিয়াতও আবশ্যক ছিল।
৩.৩ ধারায় পাঠ্যপুস্তক থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক চিন্তাভাবনা মুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মনিরপেক্ষ আধুনিক শিক্ষা দেওয়া হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ ছিল না। ৩.৪ ধারার আবশ্যিক শর্ত উপেক্ষা করে বর্তমানে প্রতিটি বিভাগে ইসলামিয়াতের অনুপস্থিতি দৃশ্যমান। প্রতিবেদনের ধারা ৫.৫ অনুযায়ী সকল অনুষদের শিক্ষার্থীদের প্রথম বর্ষে তিনটি ব্যাকগ্রাউন্ড কোর্স- আরবী ভাষা, অন্য আরেকটি বিদেশি ভাষা ও কুরআন-হাদিস-আকাইদ সম্বলিত ইসলামিয়াতে পাস করা বাধ্যতামূলক করা হয়। এতে পরীক্ষায় অনুত্তীর্ণদের বহিষ্কারের নিয়মও উল্লেখ হয়। এছাড়া ধারা ৫.১৬ ও ৩.৬ ধারায় যেকোনো বিষয়ের শিক্ষক-কর্মকর্তাদের চাকরি স্থায়ী ও পদোন্নতির জন্যও এই তিনটি বিষয় বেঁধে দেওয়া হয়।
ধারা ৫.১.২, ৫.১.৩ এবং ৫.৩ অনুযায়ী কলা অনুষদে অর্থনীতি ও মুসলিম অর্থনৈতিক তত্ত্ব এবং লোকপ্রশাসন ও মুসলিম প্রশাসন তত্ত্ব নামে বিভাগ চালুর প্রস্তাব থাকলেও তা করা হয়নি। বিগত শাসনামলে আইন ও শরিয়া অনুষদের নাম পরিবর্তন করে ‘শরিয়া’ শব্দটি তুলে দেওয়া হয়। ৫.৩ ধারার জিয়াউর রহমানের নীতি উপেক্ষা করে যড়যন্ত্র ও ঢালাওভাবে বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে, যা উদ্দেশ্যহীন ও প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘর্ষিক। প্রতিবেদনের ৫.২০ ধারা অনুযায়ী সাধারণ স্কুল ও মাদরাসার সংমিশ্রণে পরিচালিত এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাসম্পন্ন একটি ল্যাবরেটরি স্কুল-কাম-মাদরাসা তৈরির লক্ষ্য থাকলেও বর্তমানে এটি নামমাত্র সাধারণ হাই স্কুল ও কলেজে পরিণত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. মমতাজ উদ্দিন কাজ করেছেন। পরবর্তীতে তাকে অপসারণের পর ১৯৮৮ সালে ড. সিরাজুল ইসলামকে ভিসি নিযুক্ত করা হয়। এসময় তিনি সেকুলার ঘরানার শিক্ষক ও চরম ইসলাম বিদ্বেষী লোক ড. হায়াৎ মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তিনি একসাথে পাঁচটি নতুন বিভাগ (আরবী, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন) চালু করেন। যেখানে ইসলামিক কোন বিভাগ ছিল না। ১৯৯২ সালে সাবেক ভিসি প্রফেসর ড. হামিদুর রহমান ইসলামাইজেশনের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করলেও তৎকালীন নানামুখী বিরোধিতার ফলে এটি সম্ভব হয়ে উঠেনি।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের পূর্বনাম ছিলো- 'আল কানুন ওয়াশ শরীয়াহ'। এর অধীনে আইন ও মুসলিম বিধান ও আল ফিকহ নামক দু'টি বিভাগ ছিলো। যেখানে আল-ফিকহ’ নাম বদলে ‘আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ ও সর্বশেষ ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখা হয়।
এদিকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ৮টি অনুষদ ও মোট ৩৬টি বিভাগ চালু হলেও ইসলামিক কোন বিভাগ খোলা হয়নি। যদিও প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ নামের অনুষদ বাস্তবায়ন করেনি বিগত কোনো প্রশাসন। সর্বশেষ ড. নকীব প্রশাসন উক্ত অনুষদ খোলার উদ্যোগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভাগসমূহ, আরবী ও আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগে মাদ্রাসা ছাত্র ভর্তি বাধ্যতামূলক ছিল। পরে সাবেক ভিসি ড. রাশিদ আসকারী আরবী ভাষা ও সাহিত্য ও আল-ফিকহ বিভাগ অ্যান্ড ল' থেকে এ নিয়ম রদ করেন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালামের সময় আরবী বিভাগ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ (ধর্মতত্ত্ব) অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু করে। এছাড়া বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী আদলে বুদ্ধিভিত্তিক ধ্বংসের নীল নকশা করেন সাবেক ভিসি ড. আসকারী। তিনি বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে না থাকলেও ফাইন আর্টস-সহ বেশকিছু বিভাগ দ্রুততার সাথে চালু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটিয়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের পথে হাঁটেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, শিক্ষক নিয়োগ বাণিজ্য-সহ নানা অপকর্মে তিনি জড়িয়ে পড়েন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামের বাহিরে গিয়ে দুটি বিভাগ খুললেও অর্গানোগ্রামে থাকা ইসলামিক কোন বিভাগ চালু করেননি। পূর্বে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ইসলামের মৌলিক জ্ঞানের মূল্যায়ন করা হলেও বর্তমানে এ বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয় না।
এছাড়াও ১৯৮০ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ কর্তৃক ১৯৮০ সালের ৩১ নং আইন পাসের পর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ১৯৮২ সালের অধ্যাদেশ নং-৪৩ জারি করে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়। দীর্ঘ আওয়ামী দুঃশাসনে প্রশাসন এটিকে একেবারে ভিন্ন খাতের দিকে পরিচালনা করেছিল। এর অধীনে বর্তমান কয়েকটি কোর্স চালু আছে। পূর্বে এর অধীনে গবেষণা জার্নাল প্রকাশ হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই ইন্সটিটিউট সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আইন বিভাগের শিক্ষার্থী মামুন ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রধানত ইসলামী দৃষ্টিভঙ্গির হাব হিসেবে কাজ করার কথা। যেখানে ধর্মীয় বিষয়াবলির পাশাপাশি আধুনিক বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, কলা, আইন-সহ সব ক্ষেত্রেই ইসলামী চিন্তার পুনর্গঠন সমানভাবে প্রতিফলিত হবে। আধুনিক ও ধর্মীয় দুই ধারার শিক্ষার্থীরা একত্রে সমন্বিত শিক্ষাক্রম একই পরিবেশে পড়ার সুযোগ পাবে। এজন্য প্রধান করণীয় কারিকুলামের আমূল পরিবর্তন ও তা যথাযথ বাস্তবায়ন। অন্যথায় আগামী একশো বছরেও এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এ বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তা থেকে আমাদের পদস্খলন ঘটেছে। এই পদস্খলন ঘটেছে উপর থেকে। রাষ্ট্রীয় ও ক্ষমতার পট পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন যারা আসছে, তারাই এটিকে অনেক দূর পিছনে নিয়েছে। বর্তমানে ইসলামী মূল্যবোধে আমরা বিশ্ববিদ্যালয়টিকে একটি টেকসই জায়গায় নিয়ে যেতে চাই। যাতে প্রশাসক পরিবর্তন হলেও কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য থেকে পিছনের দিকে না যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সিএমপি পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অবশেষে সড়ক থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত ককটেলটি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ প্রদান করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে চারটি রিটেইল শপ ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে হবে।
ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দোকানগুলো অবস্থিত উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে। আবেদনপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ থেকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো ভাড়া দেওয়া হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ফরম সংগ্রহের প্রয়োজন হবে। প্রতি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। উল্লেখ্য, এই অর্থ অফেরতযোগ্য।
যেভাবে সংগ্রহ করবেন আবেদনপত্র
সোমবার (২৩ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।
ঠিকানা: মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনকারীদের জন্য ব্রিফিং ও সাইট ভিজিটের ব্যবস্থা করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
একই দিন সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনের সুযোগও থাকবে। এতে আগ্রহীরা দোকানের অবস্থান ও ভাড়াসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময়
আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা নেওয়া হবে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে।
আবেদন জমার সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে আবেদনপত্র খোলা হবে।
বিস্তারিত তথ্য কোথায় পাবেন
দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক শর্ত ও অন্যান্য বিস্তারিত নিয়ম জানার জন্য ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া।
মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দেওয়ার বিষয়টি মনে রাখতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : গঙ্গা পানিবণ্টন চুক্তি, ১৯৯৬-এর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন (অ্যানুয়াল রিপোর্ট) চূড়ান্ত করা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা চুক্তির আওতায় পানিবণ্টন কার্যক্রমের বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ অধিদপ্তর, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
বৈঠক প্রসঙ্গে আনোয়ার কাদির বাসস-কে বলেন, "১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।"
তিনি আরও বলেন, "গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত আলোচনা ও তথ্য বিনিময়ের মাধ্যমে চুক্তির বিভিন্ন বিষয় পর্যালোচনা করা সম্ভব হচ্ছে। ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।"
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এসময় ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়টি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যসূচি হিসেবে বিবেচিত হয়। চুক্তির আওতায় পানিবণ্টন কার্যক্রমের ধারাবাহিকতা, যৌথ পর্যবেক্ষণ এবং দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়গুলো এ ধরনের বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন করা হয়। প্রতি ১০ দিন অন্তর পানিপ্রবাহের পরিমাণ হিসাব করে দুই দেশের মধ্যে পানির হিস্যা নির্ধারণের বিধান রয়েছে। চুক্তিতে পানির প্রবাহ পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং নির্ধারিত হিস্যা অনুযায়ী পানিবণ্টনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পানিবণ্টন কার্যক্রম পর্যবণ্টন ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য যৌথ কমিটি কাজ করে। এ কমিটির নিয়মিত বৈঠকে চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা, পানিপ্রবাহের তথ্য বিশ্লেষণ, প্রয়োজনীয় তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় করা হয়।
গঙ্গা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন, জীববৈচিত্র্য এবং পরিবেশ-প্রতিবেশের সঙ্গে এ নদীর পানিপ্রবাহের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন, নদীর নাব্যতা এবং পরিবেশগত ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।
এ কারণে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা বাংলাদেশের জন্য দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জাতীয় ও কূটনৈতিক বিষয়। দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের চুক্তি স্বাক্ষরের পর থেকে এর বাস্তবায়ন পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় যৌথ নদী কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা হলে দেশটির জাহাজগুলো ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে ইরানের তেল রফতানিতে ব্যবহৃত একটি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবরও প্রকাশিত হয়েছে।
এই ঘটনাগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি বৃহত্তর সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি করছে। ইরান সতর্ক করে বলেছে, যদি তাদের জাহাজে হামলা করা হয়, তবে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা হতে পারে।
রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজের প্রধান বিদেশবিষয়ক সংবাদদাতা ট্রে ইংস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর এসেছে, সে সম্পর্কে তিনি কী ভাবছেন।
ট্রাম্প উত্তর দেন, ‘আমি আশা করি, তারা এমনটা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’
ট্রে ইংস্ট জানান, কূটনৈতিক আলোচনায় কোনো সমঝোতা না হলে নতুন বছরের পর ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু করার পক্ষে রয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ইরানি আলোচকদের বিরুদ্ধে অর্থবহ কোনো ছাড় না দিয়ে আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন। তিনি তাদেরকে ‘পেশাদার কথার কারিগর’ বলে মন্তব্য করেন।
ট্রাম্পের এই বক্তব্যগুলো ইঙ্গিত করছে যে, তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চললেও ওয়াশিংটন সামরিক হামলার পথ খোলা রেখেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ