প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও এটি শুরুতে ওআইসি কর্তৃক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার পরিকল্পনা ছিল, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। প্রতিষ্ঠার ৪৭ বছর পরেও বিশ্ববিদ্যালয়টি মূল লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এর পেছনে রয়েছে ইসলাম বিদ্বেষী, সেকুলারপন্থী ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দায় ধর্মনিরপেক্ষতার ধাঁচে পরিচালনার নীল নকশা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটিয়ে ইসলামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক ও অর্গানোগ্রামে না থাকা বিভিন্ন বিভাগ চালু করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। ফলে ইসলামী চিন্তা, গবেষণা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের মিলনস্থলের স্বকীয় চরিত্র হারিয়ে দেশের অন্যান্য সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিগত আওয়ামী ফ্যাসিবাদীরা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় একচেটিয়া নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, গুম, খুন, সংঘর্ষ, বন্দুকযুদ্ধ, টেন্ডারবাজি, ছিনতাই, অশ্লীলতা, কথিত অভিযান, শ্লীলতাহানি, হরতাল-অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশী রাজত্ব, চুরি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে ক্যাম্পাসকে। অতীতে শিক্ষাক্রম থেকে মৌলিক ধর্মীয় কোর্স সংকুচিত করার প্রবণতা এবং ইসলামবিদ্বেষী ভাবাপন্ন জনবল নিয়োগের ফলে সংকট আরও গভীর হয়েছে। অবশিষ্ট ইসলামী ঐতিহ্যটুকুও নিশ্চিহ্ন করার লক্ষ্যে ক্যাম্পাসে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের উপর বিভিন্ন প্রকার হয়রানি ও নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। বর্তমানে মৌলিক সংস্কার কার্যক্রম গ্রহণ করতে গেলে প্রশাসনিক ও বিভাগীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গেছে।
স্বাধীনতার পর ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠিত হলেও দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সমন্বয়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর এদেশের জনগণের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতা ও গুরুত্ব উপলব্ধি করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। ১৯৭৭ সালের ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল মক্কায় অনুষ্ঠিত ‘প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলন’- এ মুসলিম বিশ্বে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এর পর ১৯৭৭ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে সভাপতি করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ১৯৭৭ সালের ২৯ আগস্ট উক্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৭৯ সালের ২২ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে ১৯৮০ সালে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান গঠিত কমিটির প্রতিবেদনে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক জাগরণের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। উপনিবেশবাদ ও ‘এডুকেশনাল জিহাদ’-এর বিষয়ে প্রতিবেদনের ২.২ ও ২.৩.২ ধারায় আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিলো পশ্চিমা উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার ফলে মুসলিমদের মনস্তত্বে যে অবক্ষয় এসেছে তা মোকাবিলা করা। প্রতিবেদনের ২.১৮.৩ ধারায় ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিষয়ে সতর্ক করে সমাধান হিসেবে পশ্চিমা ভাবধারার পরিবর্তে এমন এক ইসলামী ভাবধারা প্রতিষ্ঠার কথা বলা হয়, যা ইহকাল ও পরকালের মেলবন্ধন ঘটাবে।
প্রতিবেদনের ১.১ ধারায় সকল বিভাগে ইসলামী শিক্ষার সমন্বয়ের বিষয় উল্লেখ রয়েছে। ১.২.১ ও ৫.১৪ ধারায় ভর্তির ক্ষেত্রে জেনারেল ও মাদরাসা থেকে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তির নিয়ম বেঁধে দেওয়া হয়। ১৯৮৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীর ৫০ শতাংশ মাদরাসা থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল। দুই ধারার শিক্ষার্থীদের জন্য পৃথক ১০০ নম্বরের ইংরেজি অথবা আরবী ও ইসলামিয়াতও আবশ্যক ছিল।
৩.৩ ধারায় পাঠ্যপুস্তক থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক চিন্তাভাবনা মুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মনিরপেক্ষ আধুনিক শিক্ষা দেওয়া হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ ছিল না। ৩.৪ ধারার আবশ্যিক শর্ত উপেক্ষা করে বর্তমানে প্রতিটি বিভাগে ইসলামিয়াতের অনুপস্থিতি দৃশ্যমান। প্রতিবেদনের ধারা ৫.৫ অনুযায়ী সকল অনুষদের শিক্ষার্থীদের প্রথম বর্ষে তিনটি ব্যাকগ্রাউন্ড কোর্স- আরবী ভাষা, অন্য আরেকটি বিদেশি ভাষা ও কুরআন-হাদিস-আকাইদ সম্বলিত ইসলামিয়াতে পাস করা বাধ্যতামূলক করা হয়। এতে পরীক্ষায় অনুত্তীর্ণদের বহিষ্কারের নিয়মও উল্লেখ হয়। এছাড়া ধারা ৫.১৬ ও ৩.৬ ধারায় যেকোনো বিষয়ের শিক্ষক-কর্মকর্তাদের চাকরি স্থায়ী ও পদোন্নতির জন্যও এই তিনটি বিষয় বেঁধে দেওয়া হয়।
ধারা ৫.১.২, ৫.১.৩ এবং ৫.৩ অনুযায়ী কলা অনুষদে অর্থনীতি ও মুসলিম অর্থনৈতিক তত্ত্ব এবং লোকপ্রশাসন ও মুসলিম প্রশাসন তত্ত্ব নামে বিভাগ চালুর প্রস্তাব থাকলেও তা করা হয়নি। বিগত শাসনামলে আইন ও শরিয়া অনুষদের নাম পরিবর্তন করে ‘শরিয়া’ শব্দটি তুলে দেওয়া হয়। ৫.৩ ধারার জিয়াউর রহমানের নীতি উপেক্ষা করে যড়যন্ত্র ও ঢালাওভাবে বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে, যা উদ্দেশ্যহীন ও প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘর্ষিক। প্রতিবেদনের ৫.২০ ধারা অনুযায়ী সাধারণ স্কুল ও মাদরাসার সংমিশ্রণে পরিচালিত এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাসম্পন্ন একটি ল্যাবরেটরি স্কুল-কাম-মাদরাসা তৈরির লক্ষ্য থাকলেও বর্তমানে এটি নামমাত্র সাধারণ হাই স্কুল ও কলেজে পরিণত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. মমতাজ উদ্দিন কাজ করেছেন। পরবর্তীতে তাকে অপসারণের পর ১৯৮৮ সালে ড. সিরাজুল ইসলামকে ভিসি নিযুক্ত করা হয়। এসময় তিনি সেকুলার ঘরানার শিক্ষক ও চরম ইসলাম বিদ্বেষী লোক ড. হায়াৎ মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তিনি একসাথে পাঁচটি নতুন বিভাগ (আরবী, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন) চালু করেন। যেখানে ইসলামিক কোন বিভাগ ছিল না। ১৯৯২ সালে সাবেক ভিসি প্রফেসর ড. হামিদুর রহমান ইসলামাইজেশনের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করলেও তৎকালীন নানামুখী বিরোধিতার ফলে এটি সম্ভব হয়ে উঠেনি।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের পূর্বনাম ছিলো- 'আল কানুন ওয়াশ শরীয়াহ'। এর অধীনে আইন ও মুসলিম বিধান ও আল ফিকহ নামক দু'টি বিভাগ ছিলো। যেখানে আল-ফিকহ’ নাম বদলে ‘আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ ও সর্বশেষ ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখা হয়।
এদিকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ৮টি অনুষদ ও মোট ৩৬টি বিভাগ চালু হলেও ইসলামিক কোন বিভাগ খোলা হয়নি। যদিও প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ নামের অনুষদ বাস্তবায়ন করেনি বিগত কোনো প্রশাসন। সর্বশেষ ড. নকীব প্রশাসন উক্ত অনুষদ খোলার উদ্যোগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভাগসমূহ, আরবী ও আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগে মাদ্রাসা ছাত্র ভর্তি বাধ্যতামূলক ছিল। পরে সাবেক ভিসি ড. রাশিদ আসকারী আরবী ভাষা ও সাহিত্য ও আল-ফিকহ বিভাগ অ্যান্ড ল' থেকে এ নিয়ম রদ করেন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালামের সময় আরবী বিভাগ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ (ধর্মতত্ত্ব) অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু করে। এছাড়া বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী আদলে বুদ্ধিভিত্তিক ধ্বংসের নীল নকশা করেন সাবেক ভিসি ড. আসকারী। তিনি বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে না থাকলেও ফাইন আর্টস-সহ বেশকিছু বিভাগ দ্রুততার সাথে চালু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটিয়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের পথে হাঁটেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, শিক্ষক নিয়োগ বাণিজ্য-সহ নানা অপকর্মে তিনি জড়িয়ে পড়েন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামের বাহিরে গিয়ে দুটি বিভাগ খুললেও অর্গানোগ্রামে থাকা ইসলামিক কোন বিভাগ চালু করেননি। পূর্বে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ইসলামের মৌলিক জ্ঞানের মূল্যায়ন করা হলেও বর্তমানে এ বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয় না।
এছাড়াও ১৯৮০ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ কর্তৃক ১৯৮০ সালের ৩১ নং আইন পাসের পর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ১৯৮২ সালের অধ্যাদেশ নং-৪৩ জারি করে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়। দীর্ঘ আওয়ামী দুঃশাসনে প্রশাসন এটিকে একেবারে ভিন্ন খাতের দিকে পরিচালনা করেছিল। এর অধীনে বর্তমান কয়েকটি কোর্স চালু আছে। পূর্বে এর অধীনে গবেষণা জার্নাল প্রকাশ হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই ইন্সটিটিউট সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আইন বিভাগের শিক্ষার্থী মামুন ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রধানত ইসলামী দৃষ্টিভঙ্গির হাব হিসেবে কাজ করার কথা। যেখানে ধর্মীয় বিষয়াবলির পাশাপাশি আধুনিক বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, কলা, আইন-সহ সব ক্ষেত্রেই ইসলামী চিন্তার পুনর্গঠন সমানভাবে প্রতিফলিত হবে। আধুনিক ও ধর্মীয় দুই ধারার শিক্ষার্থীরা একত্রে সমন্বিত শিক্ষাক্রম একই পরিবেশে পড়ার সুযোগ পাবে। এজন্য প্রধান করণীয় কারিকুলামের আমূল পরিবর্তন ও তা যথাযথ বাস্তবায়ন। অন্যথায় আগামী একশো বছরেও এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এ বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তা থেকে আমাদের পদস্খলন ঘটেছে। এই পদস্খলন ঘটেছে উপর থেকে। রাষ্ট্রীয় ও ক্ষমতার পট পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন যারা আসছে, তারাই এটিকে অনেক দূর পিছনে নিয়েছে। বর্তমানে ইসলামী মূল্যবোধে আমরা বিশ্ববিদ্যালয়টিকে একটি টেকসই জায়গায় নিয়ে যেতে চাই। যাতে প্রশাসক পরিবর্তন হলেও কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য থেকে পিছনের দিকে না যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন