০৪:০৬ এম
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, হালিশহর, আকমল আলী রোড এবং কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভারী বৃষ্টির পর নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটুসমান পানি জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক অফিসগামী মানুষকে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হাঁটতে দেখা গেছে, যাতে তারা গন্তব্যে পৌঁছাতে পারেন। গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকটেও যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগ্রাবাদ, বাকলিয়া, আকমল আলী রোড, সুন্নিয়া মাদ্রাসা রোড এবং চকবাজারের অনেক বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্র ও মালামালের ক্ষতি হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, তবে স্থায়ী সমাধান হয়নি বলে তারা অভিযোগ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আমবাগান আবহাওয়া অফিসে একই সময়ে ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন