ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, নিখোঁজদের উদ্ধারে তৎপর উদ্ধারকারীরা


বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, নিখোঁজদের উদ্ধারে তৎপর উদ্ধারকারীরা

 আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে মঙ্গলবারও উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছিলেন। এই বন্যায় এক প্রদেশজুড়ে তাণ্ডব চালানোর ফলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, সোমবারের আকস্মিক বন্যার পরে প্রায় ১০০ জনের এখনো খোঁজ মেলেনি।

একইসাথে সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা হালনাগাদ করে ২৩ জন বলা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আফগানিস্তানের পারুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

এএফপি’র এক সাংবাদিক পর্যবেক্ষণ করেছেন, নুরিস্তান প্রদেশের রাজধানী প্রত্যন্ত পারুনে তখন কিছু ডজন মানুষ কাঠের খুঁটি ও খালি হাতে নিখোঁজদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছিলেন।

৩৪ বছর বয়সী ওষুধ বিক্রেতা ফরিদ গুল জাহির বলেন, 'আমি জীবনে এত ভয়ংকর বন্যা কখনও দেখিনি।'

তিনি এএফপিকে আরও জানান, 'মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। চারদিকে শিশু ও মানুষের চিৎকার শুনতে পাচ্ছিলাম।' পাহাড়ের দিকে পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি আহত হয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মঙ্গলবার পারুনে ধ্বংসস্তূপ সরাতে একটূ বুলডোজার ব্যবহার করা হলেও, তাতে খুব বেশি অগ্রগতি সাধন করা সম্ভব হয়নি। বন্যায় বহু দোকান কাদার নিচে চাপা পড়ে গেছে।

বিশাল বড় পাথর গড়িয়ে এসে ভবনগুলোতেও আঘাত হেনেছে।

গভর্নরের কার্যালয় সোমবার জানিয়েছে, পারুনের মেয়র এবং সরকারের আরও কয়েকজন কর্মচারী নিখোজদের মধ্যে রয়েছেন।

স্পোগমাই হোটেলের ব্যবস্থাপক জাকিরুল্লাহ জাকি জানান, 'মনে হচ্ছিল আমাদের ওপর যেন খোদার গজব নেমে এসেছে।'

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

২৯ বছর বয়সী জাকি এএফপিকে বলেন, 'অন্য সব হোটেল, বাজার ও দোকানপাট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।'

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির যোগাযোগ বিষয়ক প্রধান জুমা খান নাইয়েল পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে মন্তব্য করে বলেন, পানির উচ্চতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছিল।

তিনি আরও জানান, সংস্থার কয়েক ডজন স্বেচ্ছাসেবক কোদাল ও খালি হাতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি এএফপিকে বলেন, 'এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আমরা খাদ্য, বিশুদ্ধ পানি ও যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাদের জন্য তাঁবু সরবরাহ করছি।'

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে।

বন্যা ও ভারী বৃষ্টির ফলে প্রতিবেশী পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে ১২ জনের মৃত্যু ঘটেছে।

গত মার্চ ও এপ্রিল মাসে আফগানিস্তান ও পাকিস্তানে বন্যা এবং ভারী বৃষ্টিতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধানের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে সেখানে বন্যার দুর্যোগ বাড়ছে।

এ মাসে মাওলভি মতি-উল-হক খালিস বলেন, পরিবেশগত সমস্যাগুলো 'আফগান জনগণকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশে মানবিক সংকট আরও গভীর করেছে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের নাহিদ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের নাহিদ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন

চাঁপাইনবাবগঞ্জের বই ও পরিবেশপ্রেমী, শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদ উজ্জামান ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার–২০২৬’ অর্জন করেছেন।

তিনি বইপাঠের প্রসার, রাস্তার ধারে বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পান।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মো. নাহিদ উজ্জামানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার সময় বক্তারা নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন, মানবতা, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. নাহিদ উজ্জামান বলেন, “এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার মতো একজন সাধারণ মানুষের কাজকে মূল্যায়ন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। জীবনের শেষ দিন পর্যন্ত বই, পরিবেশ, জীববৈচিত্র্য এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডাইরি পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী এবং সংগঠনটির সিনিয়র সহসভাপতি বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিরা সরকার। এ সময় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে বইপাঠ আন্দোলন, গ্রামীণ পর্যায়ে পাঠাগার কার্যক্রম পরিচালনা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


দক্ষিণ লেবাননে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েন

লেবাননের সেনাবাহিনী মঙ্গলবার ঘোষণা করেছে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে ইসরাইলের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী নির্ধারিত তিনটি ‘পাইলট জোন’-এর একটিতে সেনা মোতায়েন শুরু করেছে।

এ সিদ্ধান্ত গ্রহণের এই সময়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

ইসরায়েলের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময়, লেবাননে অভিযান চালিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও দেশের কিছু এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী তথাকথিত তিনটি পাইলট জোনের মধ্যে শুধুমাত্র একটির উপকণ্ঠ নিয়ন্ত্রণ করছে। অন্যান্য দখলকৃত এলাকা নিয়ে এখনও কোনো সমাধান হয়নি।

বাকি দুটি পাইলট জোনে পূর্ব থেকেই লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে।

সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘আজ সকালে নাবাতিয়েহ অঞ্চলের জাওতার আল-গারবিয়া এলাকায় সেনা ইউনিট মোতায়েন শুরু হয়েছে।’

লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লেবাননের পতাকা বহনকারী কয়েকটি সামরিক যান ইসরাইলের ভাষায় ‘নিরাপত্তা অঞ্চলের’ সীমানায় অবস্থিত গ্রামে প্রবেশ করছে।

হিজবুল্লাহ, ইরানের সমর্থনে মার্চ মাসে ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর মাধ্যমে লেবাননকে বৃহত্তর মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। এর পরই ইসরাইল লেবাননে অভিযান শুরু করে।

গত মাসে লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য হলো ধাপে ধাপে লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণাঞ্চলের নিরাপত্তার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা।

হিজবুল্লাহ বারবার এ চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং নিরস্ত্র হতে অস্বীকৃতি জানিয়েছে।

অন্যদিকে, ইসরাইলের পুরো সেনা প্রত্যাহারের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘পাইলট এলাকাগুলোর একটিতে’ নিজেদের বাহিনীর অবস্থান পুনর্বিন্যাস করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাই পুলিশ বেনজীরকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


দুবাই পুলিশ বেনজীরকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুবাই পুলিশ দুদককে চিঠি দিয়েছে। সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম জানিয়েছেন, এর জবাব দুই-এক দিনের মধ্যে পাঠানো হবে। তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দুবাই পুলিশ। এরপর দেশে ফেরানোর কর্মসূচি হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাত্র দুই দিনের মধ্যে সমস্ত নথিপত্র প্রস্তুত করে কমিশন প্রত্যর্পণপত্র পাঠায়।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, চিঠির জবাবে এক মাস পর বেনজীরকে ফেরত পাঠানোর জন্য নীতিগত সম্মতি দেওয়ার মাধ্যমে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে দুবাই পুলিশ সম্প্রতি চিঠি পাঠিয়েছে। আমরা তাদের পাঠানো চিঠি হাতে পেয়ে জবাব প্রস্তুত করতে শুরু করেছি।

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও অকথ্য সম্পদ অর্জনের অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে দুদক কর্তৃক। এর মধ্যে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুরকান উদ্দিন নামের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগের ঘটনাটির প্রেক্ষিতে অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার উচ্চতর তদন্তের জন্য দুটি কমিটি গঠনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর পাশাপাশি প্রায় ৮ ঘণ্টা ব্যাপী অবরোধের পর শিক্ষার্থীদের প্রদত্ত চার দফা দাবি মেনে নেওয়ার কারণে মঙ্গলবার (২১ জুলাই) সাড়ে ৩টার দিকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিকভাবে চালু হয়।

মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় প্রশাসনের, রেলওয়ে কর্তৃপক্ষের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিইকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে ঘটনার অভ্যন্তরীণ বিষয়গুলোর তদন্ত করবে এবং অপর এক কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হবে।

সভায় আরেকটি সিদ্ধান্ত ছিল, ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে। তবে তিনি যদি চান, তাহলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আসা আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এই বিষয়ে মন্তব্য করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আশা করছি, গঠিত তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এই ধরনের ঘটনার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস আমরা পেয়েছি। এসব সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান জানান, রাবি শিক্ষার্থীর সঙ্গে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এবং তাকে মারধর করা হয়েছে, তার প্রতিবাদে এবং কয়েকটি দাবি নিয়ে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে আমরা পূঙ্খানুপুঙ্খভাবে ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীদের কাছে আবেদন করেছিলাম অবরোধ তুলে নিতে। শিক্ষার্থীদের যে চার দফা দাবি ছিল, তার সবগুলোই মোটামুটিভাবে পূরণ করতে পেরেছি। যে ব্যক্তিটি মারধরের ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তদন্ত কমিটি এবং রেলের জন্যও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিযুক্ত টিটিইর শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে প্রায় ৭ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছিল এবং বহু যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

পরে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এমনকী, পরবর্তীতে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এবং রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%