ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরব বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী


সৌদি আরব বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী

সৌদি আরব বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এই সৌজন্য সাক্ষাৎ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ কমিউনিটি পুলিশিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে ১৭৯৫ অনুপস্থিত, বহিষ্কার ১ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে ১৭৯৫ অনুপস্থিত, বহিষ্কার ১ জন

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪২ শতাংশ। এতে উল্লেখযোগ্যভাবে দেখা গেছে, নকলের দায়ে নোয়াখালী জেলার একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৯৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৮৬ জন পরীক্ষার্থী ছিলেন কুমিল্লা জেলায়। একই সাথে, নোয়াখালীর একটি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর বোর্ডের অধীনে মোট ৯৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। ফরম পূরণ করা পরীক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন ছাত্রী এবং ৩৭ হাজার ৭৬৫ জন ছাত্র। যদিও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য মোট ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করেনি বা পরীক্ষায় অংশ নিতে পারেনি।

প্রথম দিনের পরীক্ষা উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম বিষয়টি উল্লেখ করে বলেন, সকল পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারির জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বোর্ড থেকে সার্বক্ষণিক পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে সব কেন্দ্রকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা মোকাবিলায় মোমবাতি, চার্জলাইট এবং সোলার বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকল ও অনিয়মমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বোর্ডের ভিজিল্যান্স টিম নিয়মিতভাবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে। কোথাও কোনো অনিয়ম বা ব্যত্যয় দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআর ব্যবস্থায় ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বাংলা কিউআর ব্যবস্থায় ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন

দেশের ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থার মধ্যে একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে সর্বজনীন কিউআর কোড ‘বাংলা কিউআর’। বাণিজ্যিক ভিত্তিতে পুরোপুরি বাধ্যতামূলক করার মাত্র প্রথম দুই দিনে এই প্রযুক্তি ব্যবহার করে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। এই সময়টি জুড়ে দেশজুড়ে মোট ৭৭ হাজার ১৬৫টি সফল ট্রানজেকশন বা লেনদেন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ক তথ্য প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৩০ জুনের পর থেকে দেশের সব ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানের নিজস্ব বা পৃথক কিউআর কোড ব্যবহারের সময়সীমা শেষ হয়ে গেছে। এখন থেকে সব প্রতিষ্ঠানকে একটি একক প্ল্যাটফর্ম, অর্থাৎ ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে হবে।

মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে সতর্ক হুঁশিয়ারি দিয়ে জানান, “৩০ জুনের পর থেকে পৃথক পৃথক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর বন্ধ হয়ে গেছে। এখন শুধু সর্বজনীন ‘বাংলা কিউআর’ চলবে। এর বাইরে কেউ যদি আলাদা কিউআর ব্যবহার করেন এবং তা যদি তদন্তে পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি উল্লেখ করেন, ‘যেসব ব্যাংক বা এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা কিউআর ব্যবসায়ীদের প্রদান (সরবরাহ) করবে না, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে। আর যারা নিজেদের কিউআর নিয়ে শহর থেকে প্রান্তিকের দোরগোড়ায় পৌঁছাবে, তারা বাজার দখলে এগিয়ে থাকবে।’

এর আগে দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে গতকাল বুধবার (১ জুলাই) থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যে কোনো মাধ্যম থেকে অর্থ পরিশোধ করা যাবে। আগে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আলাদা কিউআর থাকায় খুচরা বিক্রেতাদের ক্যাশ কাউন্টারে অসংখ্য কোড ঝুলিয়ে রাখতে হতো, যা ছিল বেশ ঝামেলাপূর্ণ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থা আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে ‘বাংলা কিউআর’ কে একটি একীভূত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয়েছে। এর ফলে শপিং মল, সুপারশপ, ছোট দোকান বা ফুটপাতের ব্যবসায়ীরা সবাই একই ধরনের কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। গ্রাহকেরাও তাদের পছন্দের ব্যাংক বা এমএফএস অ্যাপ (যেমন: বিকাশ, রকেট, নগদ) দিয়ে এই একটি কোড স্ক্যান করেই বিল মেটাতে পারবেন।

বাংলা কিউআরের অন্যতম বড় সুবিধা হলো এর খরচ কম এবং ব্যবহার সহজ। যেখানে প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট গ্রহণে ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরের ক্ষেত্রে একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরাও অনায়াসে ক্যাশলেস লেনদেনের আওতায় আসতে পারছেন।

নিরাপত্তা দিক দিয়েও এই ব্যবস্থা যথেষ্ট কার্যকর। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট সুবিধা থাকায় কার্ড ক্লোনিং কিংবা পিন চুরির মতো ঝুঁকি কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, বাংলা কিউআরের মাধ্যমে দেশের ব্যাংক ও এমএফএসগুলোর মধ্যে আন্তঃসংযোগ আরও মজবুত হবে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় হবে এবং দেশে একটি টেকসই ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১৫ জনকে জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১৫ জনকে জেল-জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ও রাস্তায় পার্কিংয়ের অভিযোগে ১৫ জন দোকানদার ও অটোরিকশা ড্রাইভারদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়।

এইচএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণের নির্বিঘ্নে চলাচলে যানজট নিরসনে এ অভিযান বলে জানান স্থানীয় প্রশাসন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

গ্রেপ্তার ১৪ জনকে বিনাশ্রমে কারাদণ্ড ও একজনকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়।

অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার রোডে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত ও পাশাপাশি রাস্তায় যত্রতত্র অটোরিকশা পার্কি না করার জন্য বিভিন্ন সময় অভিযান ও মাইকিং করা হয়। ওই এলাকায় অটোরিকশার জন্য আলাদা জায়গা থাকা সত্ত্বেও ও তারা রাস্তার ওপর পার্কিং করে রাখে। তাদেরকে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপির নেতাদের মাধ্যমে সচেতন করি। আইনের প্রতি সম্মান দেখাতে বলি। তারা কিছুই মানছে না। বুধবার (১ জুলাই) তাদের এইচএসসি পরীক্ষার বিষয়ে বলা হয়- তাতেও তারা সচেতন হয়নি। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আজকের অভিযান একটি সতর্কতামূলক অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী অভিযান আরও শক্ত অবস্থানে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মোগরপাড়া চৌরাস্তার দুপাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এ যানজটমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থাপূর্বক সাজাপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ইলিশের দাম ঊর্ধ্বমুখী, সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


চাঁদপুরে ইলিশের দাম ঊর্ধ্বমুখী, সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি

জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি কমে গেছে। তবে স্থানীয় জেলেদের আহোরিত ইলিশের দাম খুবই চড়া হয়ে উঠেছে। এই দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেক ক্রেতা অবশ্য দরদাম করে ইলিশ না কিনেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এক কেজি ওজনের ইলিশ বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৬শ’ থেকে ৭শ’ টাকার মধ্যে। আর দক্ষিণাঞ্চলের ইলিশের আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, আমদানি বাড়লে দাম আরও কমে আসবে। মৎস্য বিভাগ জানাচ্ছে যে, ইলিশের আমদানি কমেনি, তবে মাছের গড় সাইজ ছোট হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কিছু সময় ঘাটে উপস্থিত হয়ে দেখা গেছে, সড়ক ও নৌপথে দক্ষিণাঞ্চল থেকে ইলিশের আমদানি নেই। শুধুমাত্র স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ আসছে আড়তে, যা সংখ্যায় খুবই কম।

সদরের আনন্দ বাজার এলাকার জেলে হাসেম খাঁ জানান, নদীতে নামার পরে কিছু ইলিশ মাছ পাওয়া যায়। তবে সংখ্যায় তা খুবই কম থাকে। জালে ধরা পড়ে অন্যান্য প্রজাতির মাছ, যা দিয়ে কোনওভাবে খরচ উঠাতে হচ্ছে।

বহরিয়া এলাকার জেলে আজগর ঢালী মন্তব্য করেন, এখন মাত্র বর্ষা মৌসুম শুরু হয়েছে। এই সময়ে অন্যান্য বছর ইলিশের আমদানি কিছুটা বেশি ছিল। কিন্তু এ বছর তা অনেকটাই কমেছে। একেবারে ছোট সাইজের ইলিশেরও সংখ্যা কম দেখা যাচ্ছে। জালে সাধারণত ৬শ’ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বেশি ধরা পড়ে।

ইলিশের বাজার দর সম্পর্কিত তথ্য জানালেন হরিণা ফেরিঘাট সংলগ্ন মাছ ঘাটের আড়ৎদার মো. ইব্রাহীম ও আব্দুল মান্নান।

তারা বলছেন, ইলিশের সঙ্গে পাঙ্গাশ মাছ ধরা পড়ছে। তবে চাহিদা অনুযায়ী ইলিশের আমদানি কমে গেছে। গত বছরের একই মাসের তুলনায় ইলিশের দাম কেজি প্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা বেড়ে গেছে।

একই ঘাটের অপর আড়ৎ ব্যবসায়ী জাহাঙ্গীর সৈয়াল মন্তব্য করেন যে, ইলিশের দাম অধিক হওয়ার কারণে অনেক ক্রেতা দরদাম করে চলে যাচ্ছেন। গত বছর এই মাছ ঘাটে ইলিশ আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গিয়েছিল। অনেক আড়তের ইলিশ বর্তমানে শহরে পাঠানো হচ্ছে।

শহরের নতুন বাজার থেকে আসা ক্রেতা আব্দুল বারেক বলেন, মাছ ঘাটে এসে দাম দেখে চলে যেতে হচ্ছে। কারণ ১ কেজি ইলিশের দাম দিয়ে ৩ কেজির বেশি গরুর মাংস পাওয়া যায়। চাঁদপুরে থেকেও ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছি না।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বাসসকে বলেন, আষাঢ় মাসে ইলিশের আমদানি খুবই কম। জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন ১ থেকে দেড়শ’ মণ ইলিশ আমদানি হলেও চলতি মাসে প্রতিদিন গড়ে ১০ থেকে ২০ মণ ইলিশ আড়তে কেনাবেচা হচ্ছে।

তিনি জানান, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬শ’ থেকে ৭শ’ টাকার মধ্যে। ৭ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪শ’ থেকে ৫শ’ টাকায় এবং ৪শ’ গ্রাম থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৭শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে। তবে আমদানি বেড়ে গেলে দামও কমবে।

চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাসসকে জানিয়েছেন, ইলিশের আমদানি সংখ্যায় কমেনি। জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়ছে, সেগুলোর গড় ওজন এবং সাইজে ছোট। এই কারণে উৎপাদনের পরিমাণ কিছুটা হ্রাস পাবে। তবে এটি যেন অনেক বেশি নয়।

তিনি আরও যোগ করেন, জাটকা ও মা ইলিশ রক্ষা করায় গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন বেড়েছে এবং আরও বাড়তে পারে যদি নদীর প্রবাহ ঠিক থাকে। প্রাকৃতিক বিপর্যয়, নদীতে ডুবুচর, ইলিশের খাবার সংকটসহ নানা কারণে এখন পদ্মা-মেঘনায় ইলিশের বিচরণ কমে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%