প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাভান সুলিভান আমেরিকান ফুটবলে একের পর এক নতুন রেকর্ড গড়ছেন। বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৬ সালের এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে প্রথমবার পূর্ণ মৌসুমে মূল দলের খেলোয়াড় হিসেবে অসাধারণ অগ্রগতির স্বীকৃতি পেয়েছেন তিনি।
২০২৬ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনান ও ডেক্লাইন সুলিভান। তাদের ছোটভাই কাভান সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা হিসেবে পরিচিত। কাভানের বড় ভাই কুইন সুলিভান এমএলএস ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলছেন।
কাভানের এই স্বীকৃতি কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি নিজের প্রতিভাকে বাস্তব পারফরম্যান্সে রূপান্তরিত করে উত্তর আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগে নজরকাড়া খেলোয়াড় হয়ে উঠেছেন। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচ খেলে এই তরুণ ফুটবলার ৯টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ মোট ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন।
এই পরিসংখ্যানের মাধ্যমে কাভান দুটি এমএলএস রেকর্ড গড়েছেন। এর আগে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলার এত বেশি গোল অবদান কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। এছাড়া টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখেছেন, যা লিগের ইতিহাসে তার বয়সী কোনো খেলোয়াড়ের জন্য রেকর্ড।
তবে এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে তার বয়স। ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে ২০২০ সালে বর্তমান কাঠামোতে এই পুরস্কার চালু হওয়ার পর সবচেয়ে কম বয়সে ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সুলিভান।
পুরস্কারের ভোটাভুটিতে সুলিভানের প্রতি ব্যাপক সমর্থনের প্রতিফলন দেখা গেছে। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়ে নিউইয়র্ক রেড বুলসের দুই খেলোয়াড় জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে সহজেই পেছনে ফেলেছেন।
খেলোয়াড়, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ক্লাবের প্রতিনিধিদের ভোট; এই তিনটি ভোটিং বিভাগেই সুলিভান এগিয়ে ছিলেন। সংবাদমাধ্যমের ভোটের ৮০ শতাংশ এবং সহকর্মী খেলোয়াড়দের ভোটের ৬০.৩৪ শতাংশ পেয়েছেন তিনি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে বর্তমান নামে পুরস্কারটি চালু হওয়ার পর এই সম্মান জিতলেন সুলিভান। একই সঙ্গে তিনি আগের বিজয়ীদের তালিকায় যোগ দিলেন, যেখানে রয়েছেন দিয়েগো রসি, রিকার্ডো পেপি, হেসুস ফেরেইরা এবং দিয়েগো লুনার মতো ফুটবলাররা।
ক্লাব পর্যায়ের সাফল্যের বাইরেও সুলিভানের ক্যারিয়ার এগিয়ে চলেছে। তার পারফরম্যান্স তাকে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে জায়গা করে দিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান।
পেরুর বিপক্ষে ম্যাচে তার অভিষেক ঘটে, এরপর মেক্সিকোর বিপক্ষে আরও একটি স্মরণীয় অধ্যায় রচনা করেন এই তরুণ মিডফিল্ডার। গত ৩ অক্টোবর, মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার হয়ে ওঠেন সুলিভান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন