সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:২৮ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে। এই জব্দ করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ অভিযান পরিচালিত হয়।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাই-এর এফজেড৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: ই০০৯০১৫২১) গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সব লাগেজ স্ক্যান করা হয়।
একই সঙ্গে শরীরে অবৈধ বস্তু লুকিয়ে পাচারের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি স্বীকার করেন যে তার কাছে স্বর্ণের বার রয়েছে।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
সিআইআইডি জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে লিবিয়ার উপকূলে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় জাতিসংঘ স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটি রাশিয়ার।
রোববার, বন্দরনগরী বেনগাজির উপকূলে হামলা ঘটে। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এদিকে, ইউক্রেনের সেনারা যুদ্ধের সম্মুখসারির বাইরেও রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অবিলম্বে, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ মিশন জানায়, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই, আর দেশটিকে কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ এবং অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্বিতীয় জাহাজটি কোন দেশের, তা প্রাথমিকভাবে জানানো হয়নি। হামলার পর জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় জাহাজটি মাল্টার পতাকা বহন করছিল।
পরে লিবিয়ার আল-হাদাথ টেলিভিশন জানায়, বেনগাজির উপকূলে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলো বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে।
এর আগে শনিবার, বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, ওই হামলা ইউক্রেন চালিয়েছে।
রোববারের হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। তবে তারা স্পষ্ট করে বলেছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।’
এদিকে, সোমবার ইউক্রেন জানিয়েছে, দেশটির কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবাসিক ভবন ও সুপারমার্কেটে হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে চলমান এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহর
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, লিবিয়ার একটি নৌঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে পরে দেশটির পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, বন্দরে নোঙর করে থাকা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে, জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি রাশিয়ায় ফিরে যাচ্ছিল। পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য সেটি বন্দরে থেমেছিল।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি জাহাজ ডুবে যায়। হামলার কারণে জাহাজটি ডুবেছে বলে দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।
জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ ছিল। এই বহরের ট্যাংকারগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহন করে।
ইউক্রেন বিভিন্ন সময়ে রাশিয়ার এই গোপন নৌবহরের জাহাজে হামলার কথা স্বীকার করেছে। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের হামলা চালানোর কথা জানায় কিয়েভ।
ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক বা রসদ সরবরাহসংক্রান্ত কর্মকাণ্ডে লিবিয়ার ভূখণ্ড ব্যবহারেরও বিরোধিতা করে তারা।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত লিবিয়া।
বর্তমানে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থনপুষ্ট পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
রোববার দিনের শুরুতে আল-মাসার টেলিভিশন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি সামরিক স্থাপনায় উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়েছে।
পরে আল-হাদাথ টেলিভিশন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ১০ চিকিৎসককে পদায়ন করেছে।
এই পদায়নগুলো নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি এবং ইন্টারভেনশনাল নিউরোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে দেওয়া হয়েছে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিউরোলজি, নিউরো সার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এই চিকিৎসকদের পদায়ন করা হয়েছে।
পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন— ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ডা. মুহ. রফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীমকে অধ্যাপক, নিউরোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে অধ্যাপক, নিউরোলজি পদে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, ডা. শামিম রশিদকে অধ্যাপক, নিউরো-ফিজিওলজি এবং ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি পদে পদায়ন করা হয়েছে।
নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। তাদের মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরীকে হাসপাতালে এবং অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রেখে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ডা. মুহ. রফিকুল ইসলামকে অধ্যাপক, ফার্মাকোলজি পদে পদায়ন করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক, ফার্মাকোলজি এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে পদায়ন করা হয়েছে। তাদের উভয়কেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মদিবসে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. সাকিব আহম্মেদ (২৪) বলে জানা গেছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সকালে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে আজ তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের একটি নোটিশে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নোটিশের তথ্যমতে, আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ৪০, সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং এতে মালিকপক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের জন্য লিখিত প্রস্তাব দাখিল করবেন। এরপর শিল্প খাতে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তাদের প্রস্তাব উপস্থাপন করেন। আজকের সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ