০৩:২৩ পি.এম
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গে একমত হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
বর্তমানে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত চলমান এই সম্মেলনে ১৯১ দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীরা।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরোনো ঋণচুক্তি বাতিল হওয়ার পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে দর-কষাকষি চলছে। এ আলোচনার ভিত্তিতে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পুরোনো ঋণচুক্তি বাতিলের পর নতুন কর্মসূচির শর্ত নিয়ে আইএমএফ কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে। সংস্থাটি ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অর্থনৈতিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এ পরিস্থিতিতে নতুন ঋণচুক্তির আলোচনা কতটা এগোয় এবং সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ কী ধরনের আশ্বাস পায়, তা নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের নজর এখন ব্যাংককের সম্মেলনের দিকে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন