ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরোর বিনিয়োগের উদ্যোগ


নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরোর বিনিয়োগের উদ্যোগ

নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষ্যে ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক সভায় এই উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের চিকিৎসা এবং জরুরি প্রসূতিসেবা উন্নত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেলা হাসপাতাল, রোগী স্থানান্তর ও রেফারেল ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যা সেবা শক্তিশালী করা হবে। ভবিষ্যতে মহামারি ও অন্যান্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায়ও এই উদ্যোগ সহায়তা করবে।

স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, "নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও জানান, রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে অংশীদারত্ব এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, "চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা মন্তব্য করেন, "নারীর স্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে পরিবার ও সমাজের সক্ষমতা বাড়ে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ইউএনএফপিএ ও এর উদ্ভাবনী কর্মসূচি ‘উইমেনএক্স কালেকটিভ’ এই উদ্যোগ গ্রহণে সহায়তা করেছে। বাস্তবায়ন পর্যায়েও সংস্থাটি কারিগরি সহায়তা প্রদান করবে।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কিটা বলেন, "নারীর স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অর্থায়ন ঘাটতি পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।" এর মাধ্যমে লাখ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় দীর্ঘস্থায়ী উন্নতি আনা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের সংস্কারের অংশ হিসেবে সরকার জিডিপির ১ শতাংশ থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে। পাশাপাশি ১ লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশ নারী। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির কারিগরি সহায়তায় ইউএনএফপিএ অন্তত ২৫ মিলিয়ন ইউরো অনুদান সংগ্রহ করছে। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং বেসরকারি খাতের অংশীদাররাও এতে সহায়তা করছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। অন্যদিকে, ইউএনএফপিএ জাতিসংঘের প্রজনন ও মাতৃ স্বাস্থ্যবিষয়ক সংস্থা, যা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় কাজ করছে। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব রয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বাংলাদেশ পুলিশের তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন রোববার (১১ অক্টোবর) রাতে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) এবং সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশটি জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের জন্য একটি বৈঠকে বসেছে।

এ বৈঠক সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয়।

বৈঠকে অন্যান্য চারজন নির্বাচন কমিশনার এবং ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান।

এছাড়া, জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও আলোচনায় রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে স্বামীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে স্বামীর প্রাণ গেল

স্ত্রীর নিথর দেহ ঘরে পড়ে ছিল। শোকের আবহে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন স্বামী রোমান মোল্যা (৬০)। কিন্তু নামাজ শেষ হওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে মারা যান। মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এই ঘটনা নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে গভীর শোকের ছায়া ফেলেছে।

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তবে কুয়েতপ্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাদের মরদেহ দাফন করা হয়নি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝে মাঝে কিছুটা সুস্থ হলেও বেশিরভাগ সময় তিনি শয্যাশায়ী ছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর পরও নিয়ম অনুযায়ী ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেন এবং জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।

স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, এই দম্পতির ছেলে জসিম জীবিকার তাগিদে কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার তিনি বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে হত্যাকাণ্ডে দুই আসামির ডিএনএ খেজুরের বিচি, শসা ও গামছায় মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


রংপুরে হত্যাকাণ্ডে দুই আসামির ডিএনএ খেজুরের বিচি, শসা ও গামছায় মিলেছে

রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতে মিলেছে। খেজুরের বিচিতে মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে উভয়েরই ডিএনএ পাওয়া গেছে। নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছায় শুধুমাত্র মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে সংগৃহীত ৩১ ধরনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

তদন্ত কর্মকর্তা জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহত চারজন ও এই দুই আসামি ছাড়া অন্য কারও উপস্থিতির প্রমাণ ডিএনএ পরীক্ষায় মেলেনি।

জিন্নাত আলী জানান, গণপতি চক্রবর্তীকে সিদ্ধার্থ ও মুগ্ধ দুজন মিলে হত্যা করেন। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন মুগ্ধ দাস। তাদের কলেজপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ দাস। আর ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করেন দুই আসামি মিলে।

তিনি আরও জানান, চার হত্যাকাণ্ডের পর গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ ছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জিন্নাত আলী বলেন, আসামিরা খবর পেয়েছিলেন যে, অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন গণপতি চক্রবর্তী। এছাড়া বাড়িতে অনেক স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল। মূলত চুরির উদ্দেশ্যে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে তারা পরিবারের সদস্যদের একে একে হত্যা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, আদালতে সাক্ষ্য দিয়েছেন এলাকার শান্ত দাস, সীমান্ত দাস, দুলাল শর্মা ও কেন্দ্রীয় মহাশ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস। এ ছাড়া পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ৫৬ জন। আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে প্রত্যেকের ভূমিকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মামলাটির তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এর আগে গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী ও আয়ুশের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর নগরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা।

মামলাটি প্রথমে কোতোয়ালি থানা-পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর ডিবি পুলিশকে।

গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞানের শিক্ষক ছিলেন। তার মেয়ে আগামী চক্রবর্তী ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। ছেলে আয়ুশ চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারটি নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%