বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৭ এম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মারুফ কামাল বলেন, "লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?"
তিনি আরও বলেন, "দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরু সহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে।"
স্ট্যাটাসে বিএনপির রাজনীতির সমালোচনা করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন মারুফ কামাল।
ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, "অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যে-কোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরের চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার জনবল ও প্রযুক্তির সংকটে স্থবির হয়ে পড়েছে, যদিও এখানে সম্ভাবনা বিদ্যমান। কৃষকরা উল্লেখ করছেন যে, লাভজনক এই ফসলের চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে পোশাক খাতের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তবে কেন্দ্রের কর্মকর্তারা নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন।
১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় তুলা গবেষণা খামারটি পরবর্তী সময়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত বিকাশ অর্জন করতে পারেনি। বিশেষ করে, তীব্র জনবল সংকট ও আধুনিক প্রযুক্তির অভাবে কার্যক্রম চালাতে প্রতিষ্ঠানটি জোড়াতালি দিয়ে চলছে।
স্থানীয় কৃষকদের মতে, ধানসহ অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় তুলা চাষ অধিক লাভজনক হলেও দেশে এর আবাদ সেভাবে বৃদ্ধি পায়নি। তারা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে তুলার চাষ বহুগুণে বৃদ্ধি পেত। এতে কৃষকরা যেমন লাভবান হতেন, তেমনি দেশের পোশাকশিল্পের জন্য তুলা আমদানির ওপর নির্ভরতা কমে যেত। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতেও এটি ভূমিকা রাখত।
এক তুলা চাষি আমজাদ হোসেন বলেন, "বর্তমান প্রেক্ষাপটে ধান ও পাটের তুলনায় তুলা চাষ অনেক বেশি লাভজনক।" তিনি উল্লেখ করেন যে, এক বিঘা জমিতে ধান চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়, তবে বিক্রির পর সবসময় লাভ হয় না। অন্যদিকে, সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় মাত্র ১২ হাজার টাকা এবং বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ তুলা উৎপাদন হয়। বাজারদর অনুযায়ী, মণপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা দামে বিক্রি হলে বিঘাপ্রতি ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় হয়। খরচ বাদে লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
আরেক কৃষক আলিম হোসেন জানান, সিবি হাইব্রিড-১, রুপালি গোল্ড ও ডিএম-৪ জাতের তুলা চাষে সার ও কীটনাশকের বড় একটি অংশ সরকারিভাবে প্রদান করা হয়। কৃষকদের জন্য বাকি সামান্য খরচ বহন করতে হয়। তিনি জানান, জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তুলা রোপণ করা হয় এবং বিঘাপ্রতি ১৫ থেকে ১৬ মণ তুলা পাওয়া যায়, যা মণপ্রতি প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়। এতে বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়, যা ধান চাষের তুলনায় অনেক বেশি লাভজনক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অভিযানে সরকারি অর্থ ব্যয় বন্ধের জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১১ ডিসেম্বর সরকারের অর্থায়ন সংক্রান্ত সময়সীমার আগে এই দাবি উত্থাপন করেন। একই আহ্বান জানিয়ে তাঁর সঙ্গে রয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না।
গত বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আনসারি ও খান্না উল্লেখ করেন, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করার জন্য সুস্পষ্ট বিধান না থাকলে তাঁরা কোনো অর্থায়ন প্যাকেজে সমর্থন করবেন না। তাঁদের মতে, যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করা আবশ্যক।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আনসারি বলেন, “করদাতাদের অর্থের আর এক পয়সাও ট্রাম্পের বেপরোয়া ও নিজের পছন্দে শুরু করা যুদ্ধে ব্যয় করা উচিত নয়। এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।”
গত সপ্তাহে ইরান যুদ্ধ পরিচালনায় পেন্টাগনের নেতৃত্বের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আনসারি অভিযোগ করেন, প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, এতে মার্কিন সেনাসদস্যদের জীবন ঝুঁকিতে পড়েছে এবং ২৩ জন নিহত হয়েছেন।
আনসারির অভিযোগ, ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তান সফলভাবে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর পরীক্ষা সম্পন্ন করেছে। বুধবার (১৮ নভেম্বর) দেশের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতির মাধ্যমে জানায়, এই পরীক্ষাটি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর), তাদের বিবৃতিতে উল্লেখ করে যে, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থায় সজ্জিত। এটি সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এর বিধ্বংসী ক্ষমতা উল্লেখযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি দেশের প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা এবং সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকেও আরও শক্তিশালী করবে।
আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষাটি প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা অভিনন্দন জানিয়েছেন। তারা দেশের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অর্জনে অবদান রাখা সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেছেন।
এর আগে, গত ১৩ অক্টোবর পাকিস্তান হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা চালিয়েছিল। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, এই ক্ষেপণাস্ত্রটি নির্ভুলতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়েলসের বিরুদ্ধে জয়লাভের পর পর্তুগালের দুই তারকা ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোরের একটি অঙ্গভঙ্গি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় ক্যামেরার সামনে তাদের আচরণকে কেউ নিছক মজা হিসেবে দেখছেন, তবে অনেকের ধারণা, তারা সম্প্রতি জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-২ গোলে পরাজিত করে পর্তুগাল। এই জয়ের মাধ্যমে দলটি গ্রুপ-৪-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে।
ম্যাচ শেষে কার্ডিফ সিটি স্টেডিয়ামে পর্তুগালের খেলোয়াড়দের উদযাপনের দৃশ্য ধারণ করছিল সম্প্রচারকারী ক্যামেরা। এ সময় ক্যামেরার সামনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, ‘বসকে দেখাও!’ একই সঙ্গে তিনি সতীর্থ জোয়াও কানসেলোরের দিকে ইঙ্গিত করেন।
এরপর ক্যামেরা কানসেলোরের দিকে ঘুরে যায়। বার্সেলোনার এই ডিফেন্ডার হাসিমুখে নিজের বাহুতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড প্রদর্শন করেন। তাদের এই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।
অনেকে এই ঘটনাটিকে সতীর্থদের মধ্যে নিছক মজা হিসেবে দেখছেন। তবে কিছু লোকের মতে, ব্রুনো এবং কানসেলো পর্তুগালের সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। বিশেষ করে জাতীয় দল থেকে রোনালদোর বিদায় নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
এর আগে জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে রোনালদোর সম্পর্ক ভালো নয় এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে আল নাসরের এই ফরোয়ার্ড কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা প্রকাশ্যে স্বীকার করায় আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও রোনালদো কিংবা পর্তুগালের অন্য কোনো খেলোয়াড় সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিশ্চিত করেননি।
রোনালদোর জাতীয় দল ছাড়ার পর এটি ছিল পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। এর মধ্যেই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন তার মা ডলোরেস আভেইরো। ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারের পর সংবাদমাধ্যম এসআইসি নোটিসিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ছেলের সঙ্গে অন্যায় করা হয়েছে।
ডলোরেস বলেন, ‘ওর সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। এখনো আমি দুঃখিত। হারটা প্রাপ্য ছিল, আমি খুশি হয়েছিলাম।’
রোনালদোর সাবেক সতীর্থদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, তারা ওকে সম্মান কিংবা ভালোবাসা দেখিয়েছে। ওকে সম্মান করেনি। এমনকি সতীর্থরাও না।’
পরে ডলোরেস যোগ করেন, ‘ক্রিস্টিয়ানোও একই অনুভব করে।’
সব মিলিয়ে ওয়েলসের বিপক্ষে জয়ের পর ব্রুনো ও কানসেলোরের উদযাপনের সেই মুহূর্ত পর্তুগাল ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে তাদের অঙ্গভঙ্গি সত্যিই রোনালদোকে উদ্দেশ্য করে ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ