ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৩০ দেশের ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭


৩০ দেশের ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

একটি আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা। আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ জানায়, এই প্রথমবারের মতো ৩০টি দেশের ক্রিকেট ক্লাব এতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবুসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

আরও পড়ুন: কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণের চোটে ভারতকে ধাক্কা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি উল্লেখ করেন, "৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।"

তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে সহায়ক হবে। তিনি হামজা চৌধুরীর উদাহরণ টেনে বলেন, প্রবাসীদের মধ্য থেকেও ভবিষ্যতে কেউ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান। এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া বলেন, দেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি উল্লেখ করেন, বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্টের সূচি ও আয়োজন সম্পর্কে তিনি বলেন, উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: লিওনেল মেসি পেলেন ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, দীর্ঘ পরিশ্রমের পর এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছেছেন তাঁরা। তিনি বর্তমান সরকারকে ক্রীড়াবান্ধব উল্লেখ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ জানান তিনি।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আয়োজকেরা। উন্নত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলেও জানান নির্জন মোশাররফ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, "বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।"

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে যুক্ত করে এমন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি মনে করেন, নিয়মিত আয়োজনের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করলে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটন ও তাসকিন, বাদ পড়েছেন সৌম্য ও সৈয়দ খালেদ

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে, এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি জুলাই আন্দোলনে তাঁদের অবদান উল্লেখ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভূঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায়।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব এতে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আরও পড়ুন: বার্সেলোনার কিংবদন্তিদের সঙ্গে কাটানো দিনগুলো স্মরণ করলেন মেসি

ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৭ এম


রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে

গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ। আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, সকালে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শাহেদ আহম্মেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুরে অবস্থিত। নিহতের দুই ছেলে রয়েছে। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৪০ লাখের মতো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া গত এক মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিন সৌদি আরব প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মরদেহ আজ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বাকিদের মরদেহও দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবের বাংলাদেশ মিশন সৌদি সরকারের সাথে দ্রুততার সাথে কাজ করে শাহেদ আহম্মেদের মরদেহ দেশে ফিরিয়ে এনেছে। সৌদি আরবে এত বেশিসংখ্যক বাংলাদেশি কাজ করায়, কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশিদেরও ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হবে এবং আর কোনো বাংলাদেশি যেন এমন নৃসংশ হামলার শিকার না হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


আজ রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মলগুলোর জন্য রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠান আগের নিয়ম অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এর ফলে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হওয়ার সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছরে একাধিকবার দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করে। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুসারে, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। কিন্তু ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম কার্যকর ছিল। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক সময় বাড়ানোর সুযোগ শেষ হওয়ায় আজ থেকে আবারও সেই নিয়ম কার্যকর হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর ফ্লাইট বাতিল

ফুকুওকা বিমানবন্দরের একটি বিমানের ভেতরে সাপ পাওয়ার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। সাপটি প্রথমে বিমানের এক মেকানিকের নজরে আসে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার (জেএসি) জানায়, সোমবার দুপুর ১টার দিকে ফুকুওকা বিমানবন্দরে বিমানের কার্পেটের নিচে প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখা যায়। উল্লেখ্য, সাপটি বিষধর নয়। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।

বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় পৌঁছেছিল। ওই দিন দুপুরে ফুকুওকা থেকে কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। কিন্তু সাপটি দেখা পাওয়ার পর ফ্লাইট বাতিল করা হয়।

সাপটি বিমানটির ভেতরে কিভাবে প্রবেশ করল, সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এয়ারলাইনটি জানায়, তাদের অভিজ্ঞতায় এ ধরনের ঘটনা এই প্রথম।

ধারণা করা হচ্ছে, সাপটি বন্য পরিবেশ থেকে বিমানের ভেতরে ঢুকেছিল। তবে কীভাবে এটি ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগের জন্য জাপান এয়ার কমিউটার ক্ষমা প্রার্থনা করেছে। সংস্থাটি জানায়, তাদের কোনো বিমানের যাত্রীদের বসার জায়গায় সাপ পাওয়ার ঘটনা এবারই প্রথম।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটে ভুল করে সাপ নিয়ে উঠেছিলেন এক ব্যক্তি।

২০২২ সালেও কেবিনের ভেতরে সাপ দেখতে পাওয়ার কারণে এয়ারএশিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছিল। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকের ব্যঙ্গার্তক কথা রেকর্ড করে রোগী পেল ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ এম


চিকিৎসকের ব্যঙ্গার্তক কথা রেকর্ড করে রোগী পেল ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক রোগী অচেতন অবস্থায় চিকিৎসকের নির্দেশনা পরে শোনার উদ্দেশ্যে মোবাইলে অডিও রেকর্ডিং চালু করেছিলেন। কিন্তু কোলনোস্কপির সময় রেকর্ডিং চলতে থাকায় চিকিৎসকরা রোগীকে নিয়ে উপহাস ও অপমানজনক কথাবার্তা বলেন। সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে করা মামলায় ২০১৫ সালের জুনে রোগীকে পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ফেয়ারফ্যাক্স কাউন্টির একটি জুরি। ঘটনাটি ২০১৩ সালের এপ্রিল মাসে ঘটে, ভার্জিনিয়ার রেস্টনের একটি চিকিৎসাকেন্দ্রে।

আদালতের নথিতে রোগীকে পরিচয় গোপন রাখতে ‘ডি.বি.’ হিসেবে উল্লেখ করা হয়। এবিসি নিউজের তৎকালীন প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা শেষে যত্ন নেওয়ার নির্দেশনা সংরক্ষণের উদ্দেশ্যে তিনি স্মার্টফোনে রেকর্ডিং চালু করেছিলেন। অ্যানেসথেশিয়া দেওয়ার পরও সেটি বন্ধ হয়নি। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অডিও শুনে তিনি জানতে পারেন, অচেতন অবস্থায় তার প্রতি বিদ্রূপ করা হয়েছে।

রেকর্ডিংয়ে অ্যানেসথেশিওলজিস্ট ডা. টিফানি ইনঘামকে বলতে শোনা যায়, চিকিৎসার আগে রোগীর সঙ্গে অল্প সময় কথা বলার পর তার মুখে ঘুষি মারার ইচ্ছা হয়েছিল। রোগীকে বিভিন্ন রোগে আক্রান্ত বলে উপহাস করা এবং চিকিৎসা শেষে তার সঙ্গে কথা বলা এড়িয়ে যাওয়ার আলোচনা অডিওতে ধরা পড়ে।

মামলায় চিকিৎসার নথিতে ভুল তথ্য লেখার বিষয়টিও উঠে আসে। রেকর্ডিংয়ে ইনঘামকে বলতে শোনা যায়, রোগীর অর্শ দেখা না গেলেও তিনি সেটি নথিতে লিখবেন। এই অডিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তিন দিনের বিচার শেষে জুরি মানহানির জন্য এক লাখ ডলার, চিকিৎসাগত অনিয়মের জন্য দুই লাখ ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও দুই লাখ ডলার নির্ধারণ করেন।

ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ইনঘাম ও তার সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানকে। কোলনোস্কপি করা অপর চিকিৎসক সলোমান শাহকেও শুরুতে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বিচার চলাকালে তাকে মামলা থেকে বাদ দেওয়া হয় বলে এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনা চিকিৎসা চলাকালে রোগীর সঙ্গে আচরণ ও তার মর্যাদা রক্ষার প্রশ্ন সামনে আনে। এটি সাম্প্রতিক কোনো রায় নয়। রোগীর অজান্তে রেকর্ড হয়ে যাওয়া কথোপকথনকে কেন্দ্র করে ২০১৩ সালের ঘটনার বিচার ২০১৫ সালে হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%