প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা। আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ জানায়, এই প্রথমবারের মতো ৩০টি দেশের ক্রিকেট ক্লাব এতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবুসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি উল্লেখ করেন, "৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।"
তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে সহায়ক হবে। তিনি হামজা চৌধুরীর উদাহরণ টেনে বলেন, প্রবাসীদের মধ্য থেকেও ভবিষ্যতে কেউ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান। এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া বলেন, দেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি উল্লেখ করেন, বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।
তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্টের সূচি ও আয়োজন সম্পর্কে তিনি বলেন, উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, দীর্ঘ পরিশ্রমের পর এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছেছেন তাঁরা। তিনি বর্তমান সরকারকে ক্রীড়াবান্ধব উল্লেখ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ জানান তিনি।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আয়োজকেরা। উন্নত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলেও জানান নির্জন মোশাররফ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, "বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।"
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে যুক্ত করে এমন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি মনে করেন, নিয়মিত আয়োজনের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করলে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে, এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি জুলাই আন্দোলনে তাঁদের অবদান উল্লেখ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভূঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায়।
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব এতে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন