বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৩ এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এই কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প প্রদক্ষিণ করে দক্ষিণ মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিল থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান এ সময় বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জুলাই আন্দোলনে আমাদের ১ হাজার ৪০০ ভাই-বন্ধুকে হত্যা করেছে। আজ তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। তাদের প্রশ্নে আমরা সব সংগঠন ঐক্যবদ্ধ।’
জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার সদস্য নাঈম ভূঁইয়া ছাত্রদলের কর্মসূচিতে সংহতি জানিয়ে বলেন, ‘সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। লীগের বিষয়ে কোনো আপস নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লীগের যারা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বের করে দেওয়া হবে।’
বিক্ষোভে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ছাত্রদলের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে ছোট ছোট ইউনিট গঠন করা হবে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব ইউনিট ভূমিকা পালন করবে।’
তিনি আরো বলেন, ‘দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত কাউকে ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় মো. আসাদুল আলম (৫১) নামের কৃষক লীগের এক প্রাক্তন নেতাকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের দিকে জামতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসাদুল আলম বেরিলাবাড়ী গ্রামের মৃত ফরজ উদ্দিনের পুত্র। তিনি ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।
লালপুর থানার পুলিশ একটি দল মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে মঙ্গলবার রাতে জামতলা বাজার থেকে আসাদুল আলমকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গোপন তথ্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর শহরের স্টেন্ট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে পৃথকভাবে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রথমে দীপু মনির বাসার পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানিয়েছেন, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতিবাদী বাইক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।
মিছিলটি বুধবার (১৮ নভেম্বর) রাত ৭ টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হল পাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন, এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, "গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে।" তিনি আরও বলেন, "বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে।" একই সঙ্গে ফরিদপুরে রাজু মোল্লা হত্যাসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকটি বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দুই নেতা এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকের সময়, দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্রিতভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন তারা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
তবে বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা পরবর্তী উদ্যোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠকটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ