০১:৪৭ পি.এম
সরকারি ছুটির পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে দেওয়া হয়েছে। বর্তমানে গণনার কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দানবাক্সের অর্থ গণনা শুরু হয়েছে। এবারের দুর্গাপূজার টানা ছুটি ও সরকারি ছুটির কারণে মাজারে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এতে দানবাক্সে জমা হওয়া অর্থ অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় মাজারের দানবাক্স খুলে গণনা করা হয়েছিল। সেই সময়ে পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলঙ্কারও পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন: আগামীকাল লক্ষ্মীপূজা, ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবীর পূজা অনুষ্ঠিত হবে
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন দানবাক্সের টাকা গণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট কমিটি।
এই সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় করা হবে মাজারের দৈনন্দিন পরিচালনা ও কর্মচারীদের বেতন-ভাতায়। উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাব জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
এছাড়া, টাকা গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন: নেক কাজে পারস্পরিক সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন