ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করল দেবীগঞ্জ বসুন্ধরা শুভসংঘ


বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করল দেবীগঞ্জ বসুন্ধরা শুভসংঘ

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেছে দেশের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পান। একইসঙ্গে তাদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

রবিবার (২৬ জুলাই) দেবীগঞ্জ পৌর শহরের আলহেরা দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্যাম্পেইন প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই জীবনে প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ক্যাম্পেইনে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ করে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি রক্তদানের উপকারিতা, নিরাপদ রক্তদান পদ্ধতি, রক্ত সংরক্ষণ, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়। রক্তদান নিয়ে সমাজে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করতেও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম মনির, জসিম ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফরিদ এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করাইনি। আজ এখানে এসে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পারলাম। এমন উদ্যোগ নিয়মিত হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কেও জানতে পেরেছি।”

আলহেরা দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মো. সোয়াইব কাশেমী বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের অনেক শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বসুন্ধরা শুভসংঘ বিনামূল্যে সেই সুযোগ করে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, “দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা কিংবা হঠাৎ অসুস্থতার সময় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। অনেক সময় রক্তের গ্রুপ না জানার কারণে চিকিৎসা বিলম্বিত হয়, যা জীবন ঝুঁকির কারণ হতে পারে। সাধারণ মানুষের এই প্রয়োজন বিবেচনায় রেখেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে।”

সংগঠনের কার্যকরী সদস্য মনিরুল ইসলাম মনির বলেন, “শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বসুন্ধরা শুভসংঘ বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফরিদ বলেন, “প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা উচিত। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি পেলে জরুরি মুহূর্তে রক্তের সংকট অনেকটাই কমে আসবে। বসুন্ধরা শুভসংঘ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়বে, তেমনি জরুরি সময়ে নিরাপদ রক্ত সংগ্রহও সহজ হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছায় রক্তদান, জনসচেতনতামূলক কার্যক্রমসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

দেবীগঞ্জে আয়োজিত এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির তেল স্থাপনায় হুথি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


সৌদির তেল স্থাপনায় হুথি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রের মধ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করার দাবি করেছে।

শনিবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, তারা সৌদি তেল কোম্পানি আরামকোর জিজান এবং ইয়ানবু এলাকার স্থাপনাগুলোর দিকে হামলা চালিয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি সৌদি আরব তাদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে হুথিদের পাল্টা জবাব আরও ব্যাপক হতে পারে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, আগে হুথি বিদ্রোহীদের তরফ থেকে বলা হয়েছিল যে, জিজানে হামলার পর সেখানে আগুন লেগে যায়। এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করেছে। ভিডিওতে দেখা যায় শহরটির আরামকোর মালিকানাধীন একটি তেল শোধনাগার হতে কালো ধোঁয়ার কুণ্ডলী।

সৌদি আরব হামলার বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জিজান এবং ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করেছে।

গ্রিক বিমান বাহিনীর কার্যালয় জানাচ্ছে, শনিবার সকালে সৌদি আরবে মোতায়েন গ্রিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ানবুকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরে একটি ড্রোন ভূপাতিত করেছে।

ইরান-সমর্থিত হুথিরা অভিযোগ করেছে যে, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ইয়েমেনের তাদের অবস্থানে হামলা চালিয়ে 'বিপজ্জনক উত্তেজনা' সৃষ্টি করেছে।

ইয়েমেনের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, সৌদি হামলায় হোদেইদা বন্দরের একটি নৌঘাঁটি ও কামারান দ্বীপের একটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন একটি যুদ্ধক্ষেত্র হিসাবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মিত্রদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

হোদেইদার বাসিন্দা Fায়জা, যিনি ৩৬ বছর বয়সী এবং দুই সন্তানের মা, এএফপিকে বলেছেন, হামলার শব্দ ছিল 'প্রচণ্ড বজ্রপাতের মতো'। তিনি তিনটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

জায়জা আরও উল্লেখ করেন, 'আমি বিশ্বাস করতে চাইনি যে আমরা আবারও হামলার সেই দিনগুলোতে ফিরে গেছি।'

২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে যুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

তবে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির পর দরিদ্র এই দেশে বড় ধরনের সংঘর্ষ বেশ কিছুটা থমকে গিয়েছিল।

চলতি সপ্তাহে হুথিরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে থাকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই পরিস্থিতির জন্য তেহরানকে দায়ী করা যায় না। তিনি হুথি এবং সৌদিদের মধ্যে আলোচনার উদ্যোগ নিতে ইরানের সহায়তার প্রস্তাব দেন।

আরাকচি আরও বলেন, 'এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই।'

এই নৌ-হুমকির পাশাপাশি ইরান হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা বর্তমানে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় কৌশলগত এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা চারটি জাহাজ তারা আটকে দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাংকার জাহাজ এবং অজ্ঞাত সামরিক বাহিনীর মধ্যে নতুন একটি ঘটনার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র শনিবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি। দুই পক্ষের টানা ১৩ রাতের বোমা হামলার পর এটিই ছিল প্রথম বিরতি।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে ১৪তম রাতের হামলার পরিকল্পনা উপস্থাপন করেছিল। তবে ট্রাম্প তা অনুমোদন না করে নতুন করে আলোচনার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করবেন কি না, সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, 'আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। আমি মনে করি দিন যত যাচ্ছে, তারা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে এবং সম্ভবত এর কারণ স্পষ্ট।'

ট্রাম্প বলেন, ইরানের সামনে দুটি পথ রয়েছে- একটি হলো চুক্তিতে পৌঁছানো, অন্যটি হলো আরও 'বড় মাত্রার' হামলার মুখোমুখি হওয়া। এর আগে দুই সপ্তাহের মার্কিন হামলায় এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

এক সময় ট্রাম্প যে যুদ্ধকে চার-পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন পঞ্চম মাসের দিকে এগোচ্ছে। এই দীর্ঘ সংঘাত আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তার জনপ্রিয়তার ওপরও প্রভাব ফেলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জে যুবকের মৃত্যুদণ্ডের রায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


সাফিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জে যুবকের মৃত্যুদণ্ডের রায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে একজনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন। একই সঙ্গে, আদালত তাকে আরও ২ লাখ টাকা জরিমানা আরোপ করেছেন।

এই রায় রবিবার দুপুরে নারায়ণগঞ্জের দায়রা জজ মো. আবু শামীম আজাদ ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্টপুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেছেন, আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছে। রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানিয়ে দেন যে, রুবেল মিয়া ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামে এক নারীকে হত্যা করেন। সাফিয়া বেগমের স্বামী, মো. শাহজালাল ভূঁইয়া জুমার নামাজে মসজিদে গেলে রুবেল মিয়া ঘরে প্রবেশ করে এবং গলায় ছুরি দিয়ে মারাত্মকভাবে আঘাত করে। পরে সাফিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আরও বলেন, রুবেল মিয়া সাফিয়ার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যান। এই ঘটনার পর এর মেয়ে ফেরদৌসী বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান কাস্পিয়ান সাগরে জাহাজে হামলায় ইউক্রেনকে দায়ী করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


ইরান কাস্পিয়ান সাগরে জাহাজে হামলায় ইউক্রেনকে দায়ী করল

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : ইরান শুক্রবার কাস্পিয়ান সাগরে দেশটির একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা এবং আরেকজনকে আহত করার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এই ঘটনার পর তেহরান একই সঙ্গে সতর্ক করেছে যে এ ঘটনার জবাব দেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী জাহাজে দূরপাল্লার হামলার কথা জানানোর পরপরই ইরান এই অভিযোগ উত্থাপন করেছে। এতে বিষয়টির গুরুত্ব বোঝা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সংঘাত ক্রমেই আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাচ্ছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার সকালবেলায় ওই হামলায় জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন এবং একাধিক আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে কখনোই হস্তক্ষেপ করেনি।’

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানালে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ‘খুবই শক্তিশালী সাফল্য’ অর্জন করেছে। এর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত জাহাজ এবং একটি যুদ্ধজাহাজও রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ টেলিগ্রামে জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা এমন সমস্ত মালবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে, যেগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লিখিত হয়েছে, এ ‘বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানাতে শনিবার তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে।

ইরনা আরও জানাচ্ছে, এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ হামলার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘কঠোর জবাব’ দাবি করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের ছদ্মবেশে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কৃষকের ছদ্মবেশে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীলকে (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ দ্বারা। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার সময় নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি মাঠে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামি সুশীল জেলার নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তরের পুত্র।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

নাচোল থানার এএসআই ফরহার হাসান জানান, সুশীল নাচোল এলাকায় অবস্থান করেনা। খোঁজখবর নিয়ে জানা যায় যে, সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে অবস্থান করছেন। সেই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে পাশের একটি জমির মালিককে বলার মাধ্যমে তার জমিতে কিছুক্ষণ কাজ করে কৌশলে ধরতে গেলে সুশীল দৌড়ে পালাতে থাকে। এসময় পুলিশ তাকে ধাওয়া করে ধরে হাতে হাতকড়া পড়িয়ে কাঁধে তুলে নিয়ে আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%