ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রমজান উপলক্ষে খেজুরে ৫% ও আপেল-কমলায় ৬১% শুল্ক কমালো সরকার


রমজান উপলক্ষে খেজুরে ৫% ও আপেল-কমলায় ৬১% শুল্ক কমালো সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাস উপলক্ষে খেজুরের আমদানিতে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০ অন্তর্ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০ অন্তর্ভুক্ত আপেলের আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি দিয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়েছে।

এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পরবর্তী সময়ে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান সংশোধনপূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায়, মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

জারিকৃত অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারের ইয়ারপুর ইউপি সচিবের ‘ম্যানুয়াল’ জালিয়াতি: কাগজে প্রকল্প, পকেটে লাখ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


সাভারের ইয়ারপুর ইউপি সচিবের ‘ম্যানুয়াল’ জালিয়াতি: কাগজে প্রকল্প, পকেটে লাখ লাখ টাকা

ডিজিটাল ও অনলাইন সেবার যুগে এসেও হাতে লেখা ‘ম্যানুয়াল’ রশিদের আড়ালে সরকারি রাজস্ব আত্মসাতের একটি অভিনব সিন্ডিকেট গড়ে তুলেছেন সাভার উপজেলার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেন। ২০২৫-২৬ অর্থবছর থেকে শুরু করে চলতি ২০২৬-২৭ অর্থবছরেও উন্নয়ন প্রকল্পের নামে ভুয়া বিল-ভাউচার এবং শিল্পকারখানার হোল্ডিং ট্যাক্সের লাখ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।

ইউপি সচিবের এই অনিয়মের সাম্রাজ্য পরিচালনা করছেন মিরাজ মিয়া ও আনোয়ার হোসেন নামের দুই বহিরাগত ব্যক্তি। ইউনিয়ন পরিষদের কোনো বৈধ কর্মচারী না হয়েও, সচিবের পাশে চেয়ার-টেবিল বসিয়ে দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ নথি গায়েব করার অভিযোগ উঠেছে মিরাজের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আরএফকিউ প্রকল্পের আওতায় ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার খলিল প্রধানের বাড়ি থেকে পূর্ব দিকে রাস্তার ড্রেন নির্মাণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে কোনো ড্রেন নির্মাণ হয়নি। কাজ না করেই ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকল্পের পুরো ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি সচিব মোঃ আফজাল হোসেন।

সরকারি নিয়ম অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অনলাইন সিস্টেমে আদায় ও জমা দেওয়ার কথা থাকলেও সচিব আফজাল হোসেন বেছে নিয়েছেন ম্যানুয়াল পদ্ধতি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাতে লেখা রশিদ ধরিয়ে দিলেও সরকারি অনলাইন সার্ভারে সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

নথিপত্র যাচাই করে ২০২৫-২৬ অর্থবছরের চারটি বড় কারখানার ট্যাক্স জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর): ২০২৫-২৬ অর্থবছরে ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড থেকে ২ লাখ ৪০ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করে হাতে লেখা রশিদ দেওয়া হয়। তবে অনলাইনে এই প্রতিষ্ঠানের নামে কোনো ট্যাক্স জমার তথ্য পাওয়া যায়নি।

হলিউড গার্মেন্টস থেকে ২ লাখ ১০ হাজার টাকা আদায় করে ম্যানুয়াল রশিদ দেওয়া হলেও অনলাইনে মাত্র ১০ হাজার টাকা জমা দেখানো হয়েছে। বাকি ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ইসলাম গার্মেন্টস লিমিটেড থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা আদায় করা হলেও অনলাইনে এর কোনো নথি নেই। দি রোজ ড্রেসেস লিমিটেড থেকে ৩ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা হোল্ডিং ট্যাক্স নেওয়া হলেও সরকারি অনলাইন সার্ভারে এই অর্থের কোনো হদিস মেলেনি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলোর দাবি, শুধু গত অর্থবছরেই নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরেও একই কায়দায় হাতে লেখা রশিদ দিয়ে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ অব্যাহত রেখেছেন এই সচিব।

ইউপি সচিব আফজাল হোসেনের এই দুর্নীতির মূল কারিগর হিসেবে কাজ করছেন তার তথাকথিত ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়া এবং সহযোগী আনোয়ার হোসেন। ইউনিয়ন পরিষদের নথিপত্রে মিরাজ মিয়ার কোনো নিয়োগ বা পদবি না থাকলেও সচিব তাকে নিজের কক্ষেই আলাদা চেয়ার-টেবিল বসিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রমাণ আড়াল করতে মিরাজ পরিষদের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেছেন।

এখানেই শেষ নয়, ক্ষমতার অপব্যবহার করে মিরাজ মিয়া তার ফুফাতো ভাই মোঃ মঈন উদ্দিনকে অবৈধ প্রক্রিয়ায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে নিয়োগ পাইয়ে দিয়েছেন বলেও স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ রয়েছে।

এদিকে সচিবের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দীর্ঘদিনের উদ্যোক্তা মোঃ সাদ্দাম মোল্লা। কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ বা অভিযোগ ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই শূন্য পদে নিয়মবহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়াকে বসিয়েছেন সচিব আফজাল হোসেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাদ্দাম মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে এই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ইউপি সচিব তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে নিজের লোক বসিয়ে তিনি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।"

এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ইয়ারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটস অ্যাপে খুদেবার্তা পাঠালেও তিনি তার কোন জবাব দেননি।

স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদে চলমান এই লুটপাট ও নথি গায়েবের ঘটনা দ্রুত নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপে অডিট বা তদন্ত পরিচালনা করলে আরও ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান বলেন, প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: ফুটবল ফেডারেশন প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: ফুটবল ফেডারেশন প্রধান

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুসান আবারও নিশ্চিত করেছেন যে, ২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনেই অনুষ্ঠিত হবে। যদিও তাঁর দাবি ভুল প্রমাণিত হলে স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহার করার কথা ভাবছেন না বলে তিনি জানিয়েছেন।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত ২০২৮ সালে নেওয়া হবে।

ফাইনাল আয়োজনের জন্য স্পেনের পছন্দের স্থান হচ্ছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। পর্তুগালের কোনো উপযুক্ত স্টেডিয়াম নেই। তবে মরক্কো কাসাব্ল্যাঙ্কার কাছে নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে।

আরএফইএফের সিউদাদ দেল ফুটবল সম্মেলনে মাদ্রিদের উপকণ্ঠে লুসান বলেন, ‘ফাইনাল স্পেনে আয়োজনের বাইরে আমাদের অন্য কোনো পরিকল্পনা নেই।’

তিনি আরো বলেন, ‘স্পেনের কাছ থেকে আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের বিষয়টি আমি এখন বিবেচনাই করছি না। কারণ, স্পেন ফাইনাল আয়োজন করবে না এমন সম্ভাবনা আমাদের আলোচনায় নেই।’

ডানপন্থী পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে লুসান এসব কথা বলেন।

৫ নভেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে ফেইহো বলেছিলেন, ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হলে মরক্কোকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের পক্ষে অবস্থান নেবেন তিনি।

লুসান বলেন, বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক।

তিনি উল্লেখ করেন, ‘এমন কোনো ধারণারই অস্তিত্ব নেই।’ ফিফার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব মহাদেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টনের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব ‘ইউরোপীয় মহাদেশেরই প্রাপ্য’।

লুসান জানান, টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা স্পেনের বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শনে গত সপ্তাহে ফিফার কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল দেশটিতে এসেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে লালপুর থানার পুলিশ।

শনিবার এবং রোববার, ১৪ ও ১৫ নভেম্বর, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নাদিম আলম (৩৪) এবং গোপালপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কেতাব আলীম মন্ডল (৬০)।

পুলিশের সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে লালপুর থানায় দায়ের করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী/২০২৬) এর মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, ১৪ ও ১৫ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ১৫ নভেম্বর তাদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানে গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় তিন অপরাধীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


জর্ডানে গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় তিন অপরাধীর মৃত্যুদণ্ড

গত মাসে জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলার জন্য তিনজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায় রোববার (১৫ নভেম্বর) ঘোষণা করা হয়।

এটি উল্লেখযোগ্য যে, গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক প্রদেশের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অনুষ্ঠিত একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন বন্দুকধারীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় ৯ জন নিহত হন এবং আরও ২৫ জন আহত হন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ছিলেন দুই সহোদর এবং তাদের এক বৈবাহিক আত্মীয়, যারা জর্ডানের নাগরিক। হামলার পর তারা পালিয়ে গেলেও তিন দিন পর নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন।

রোববার জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য তিন অপরাধীকে রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।

আদালত তাদের বিরুদ্ধে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড প্রদান করা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ। শান্তিপ্রিয় এই দেশে এমন নৃশংস হামলা জনমনে গভীর শোক ও স্তব্ধতা সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%