প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সালতানাত অব ওমানের জাতীয় দিবস প্রতি বছরই পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের বন্ধনে উদযাপন করা হয়। এ বছরও এই ঐতিহ্য বজায় রেখে জাতীয় দিবসটি উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার (২২ নভেম্বর) রাতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজধানীর এই পাঁচ তারকা হোটেলের বলরুমটি সাজানো হয়েছিল ওমানের জাতীয় পতাকার লাল, সাদা ও সবুজ রঙের নান্দনিক পরিবেশে। প্রবেশদ্বার থেকে মূল মঞ্চ পর্যন্ত প্রদর্শিত হয়েছিল দেশটির প্রাচীন ইতিহাস, পর্যটন এবং আধুনিকায়নের চিত্র। অতিথিদের স্বাগত জানাতে পরিবেশন করা হয় সুগন্ধি আরবীয় কফি কাহওয়া, খেজুর এবং ঐতিহ্যবাহী মিষ্টি হালুয়া।
এই কূটনৈতিক মিলনমেলায় বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শুরু হয় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কেটে।
ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি এ সময় বলেন, "আমরা পারস্পরিক শ্রদ্ধা, আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন যে, একটি যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা হবে, যা বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার অগ্রাধিকার নির্ধারণ এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ জোরদার করতে সহায়তা করবে।
পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু একই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "আমাদের দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, শিপিং, আইসিটি, আসবাবপত্র এবং শিক্ষায় সহযোগিতা প্রসারিত করার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।" তিনি শক্তিশালী বেসরকারি খাতের সম্পৃক্ততা, একটি যৌথ বিজনেস কাউন্সিল, উচ্চ-স্তরের সফর বিনিময় এবং নিয়মিত রাজনৈতিক আলোচনার প্রত্যাশা করেন।
এই কূটনৈতিক আয়োজন কেবল একটি রাষ্ট্রীয় দিবস উদযাপন নয়, বরং এটি বাংলাদেশ ও ওমানের মধ্যে দীর্ঘদিনের আস্থা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আত্মিক বন্ধনের উজ্জ্বল প্রতিফলন, এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন