ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
চিফ হুইপের প্রমাণ দাবি

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তপ্ত সংসদ


সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের অগ্রাধিকার দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই অভিযোগ উত্থাপন করেন। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ নিয়োগ প্রক্রিয়ার ব্যাখ্যা দিতে গেলে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফা হট্টগোল ঘটে। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সংবাদে প্রকাশিত শিরোনাম পড়ে শোনান। তিনি অভিযোগ করেন, নতুন ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের পরিবারের সদস্য ও দলীয় ঘনিষ্ঠ ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া, সংরক্ষিত নারী আসনের কিছু সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।

হাসনাত উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে ১০ জন বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান ও অন্যান্য স্বজন। তিনি বলেন, ‘সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী।’ নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গও তোলেন হাসনাত। ওই ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা উল্লেখ করে তিনি জানান, সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

আরও পড়ুন: সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন মাসুম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, কিছু সংসদ সদস্য ১৫টি ইউনিয়নের দায়িত্ব পেয়েও ৩০টি ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য সুপারিশ করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগও করেন তিনি। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনি এলাকার দায়িত্ব দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

হাসনাত বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের নির্বাচনি এলাকার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা অসাংবিধানিক বলা হয়েছিল। অথচ বর্তমান সরকার একই ব্যবস্থা চালু রেখেছে। তিনি এ বিষয়ে কোনো বিধি বা নিয়ম আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

সারের ডিলার নিয়োগের শর্তে আগের আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসা করা ব্যক্তিদের আবার সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল কি না, সেটিও জানতে চান হাসনাত। তিনি প্রশ্ন করেন, মন্ত্রণালয় কি পরিকল্পিতভাবে এমন শর্ত রেখেছিল? বর্তমান নিয়োগ প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, সে বিষয়েও কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।

হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাঁই।’

আরও পড়ুন: কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহমর্মিতা জানালেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা

কৃষিমন্ত্রী আমিন উর রশীদ জবাবে বলেন, হাসনাত সারের ডিলার নিয়োগকে ‘উৎসব’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মতো হোক। তবে তিনি উৎসবকে ইতিবাচক অর্থে বুঝেছেন বলে জানান। মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। অনেকেই দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তাঁর বক্তব্য দিতে অসুবিধা হয়। তিনি জানান, জবাব পছন্দ না হলে আবার প্রশ্ন করার সুযোগ রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব। অসুবিধা নেই।’ এরপর সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন মন্ত্রী। তিনি জানান, এজন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলাপ্রশাসক (ডিসি)।

নির্ধারিত শর্ত মেনে ডিলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন যাচাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি কাজ করে। যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। কমিটির সদস্যরা আবেদন যাচাই করে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠান। সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একজনের সুপারিশে ডিলার নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করেন মন্ত্রী।

মন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল চলতে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। বিরোধী দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রশ্ন করার যেমন অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার আছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একপর্যায়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’ ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে কিছুটা শান্ত হলেও মন্ত্রীর বক্তব্যের পরও সংসদে উচ্চস্বরে কথা বলা ও ফ্লোর চাওয়ার ঘটনা চলতে থাকে। এ সময় সরকারি দলের কয়েকজন সদস্যকেও বিরোধী দলের সদস্যদের বসার অনুরোধ করতে দেখা যায়।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি বলেন, সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। কারও কাছে এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রমাণ ছাড়া সংসদ সদস্যদের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে হাসনাতের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও অনুরোধ করেন চিফ হুইপ। ডিলার নিয়োগের পদ্ধতিতে কোনো ভুল থাকলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনের পরামর্শ দেন তিনি।

এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য কথা বলার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাঁদের আর বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় সংসদে আবারও হইচই শুরু হয়।

আরও পড়ুন: দেলদুয়ারে সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পারবে না।" তিনি আরও জানিয়েছেন যে, দেশে নতুন করে কোনো মব সৃষ্টি হতে না দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনসন্ত্রাসের অভিযোগ তুলে ধরে অতীতের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, "হরতালে বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।"

সালাউদ্দিন আহমদ বলেন, একসময় সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের হরতাল চলাকালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করা হয়েছিল। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।

মন্ত্রী প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরে বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন। আগুনের তীব্রতায় উদ্ধারকাজও ব্যাহত হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৯ জন ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, "ইউটিউবে খুঁজলে ওই ঘটনার স্বীকারোক্তি এখনও দেখা যাবে।"

বিরোধী দলের বক্তব্য ও প্রতিক্রিয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক নেত্রী বারবার অডিও ও ভিডিও কলে দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করেন। শেখ হাসিনার দেশে ফেরার পর জুলাইযোদ্ধাদের শাস্তি দেওয়ার হুমকির কথাও তিনি উল্লেখ করেন। তবে তাঁর মতে, সেই সুযোগ শেখ হাসিনা আর কখনোই পাবেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে সরকারের এই উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম, ক্রসফায়ার বা আয়নাঘরে যেতে হবে না, কিংবা অজ্ঞাতপরিচয় লাশ হয়ে ভেসে উঠতে হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে প্রথম ভাষণেও একটি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেছেন। তিনি বলেন, মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপত্তা চান, সরকারও সবার জন্য তেমন নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করার ইচ্ছা সরকারের নেই। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে। দেশে যাতে আর কোনো মব তৈরি হতে না পারে, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও জানান তিনি।

বিগত সরকারের সময়ে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গীকারের কথাও তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এসব অপরাধের বিষয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬

এদিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগণের ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলো কী ধরনের হামলা, অপহরণ ও চাঁদাবাজি চালাচ্ছে। অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও জানতে চান তিনি। গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে তথ্যও চাওয়া হয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগণের ওপর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এসব পদক্ষেপের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সফলতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


গাজীপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সফলতা

গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, খবর পাওয়ার পর গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও উল্লেখ করেন, কারখানাটিতে ঘাম টেপ তৈরি করা হতো। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আনতালিয়া (তুরস্ক), ১১ নভেম্বর ২০২৬ : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, জলবায়ুবিষয়ক নীতি প্রণয়ন, আন্তর্জাতিক আলোচনা, জলবায়ু অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত ‘ইয়ুথ এনগেজমেন্ট : ফ্রম পার্টিসিপেশন টু পাওয়ার’ শীর্ষক সাইড ইভেন্টে তিনি বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণ কার্যক্রমে তাঁদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলবায়ু অভিযোজন, উদ্ভাবনী উদ্যোগ এবং সবুজ কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বক্তব্য দেন।

ড. সাইমুম পারভেজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিসিসিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

এই কর্মপরিকল্পনার আওতায় দেশের ৬৪টি জেলার প্রতিটিতে ৫০০ জন করে মোট ৩২ হাজার যুব স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি নির্দেশিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ুবিষয়ক কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যাক্রস কপ-৩০’ শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়। এতে ১৯৯৫ সালে বার্লিনে অনুষ্ঠিত প্রথম জলবায়ু সম্মেলন থেকে শুরু করে ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত ৩০তম সম্মেলন পর্যন্ত জলবায়ু আলোচনায় তরুণদের অংশগ্রহণের অগ্রগতি, প্রতিনিধিত্বের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।

নীতিপত্রে ২০৩০ সালের মধ্যে জাতীয় প্রতিনিধিদলে ৩৫ বছরের কম বয়সী তরুণদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া যুব নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগের জন্য বছরে ৫০ কোটি মার্কিন ডলারের পৃথক অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

এতে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের পরিচালনা পর্ষদে যুব প্রতিনিধিদের জন্য দুটি আসন সংরক্ষণ, গ্লাসগো জলবায়ু চুক্তির সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি ৩.০)-সংক্রান্ত প্রতিবেদনে যুব অংশগ্রহণ মূল্যায়নের সূচক অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হয়।

একই অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ুবিষয়ক উদ্যোগে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (জিওয়াইসিএএন) এবং গ্রিন বুক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কারিগরি কর্মকর্তা অধ্যাপক ব্রামা গনেফান কোনে, সংস্থাটির সাবেক পরিচালক ও স্পেনের সাবেক উপস্বাস্থ্যমন্ত্রী ড. মারিয়া নেইরা এবং প্যারিস কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিংয়ের সহসভাপতি প্রিন্সেস ড. আবজে জিগমা।

এ সময় বিসিসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


উত্তরা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. শাহাদাত খান (৬৪)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে ১২ নম্বর সেক্টরে বাসায় অভিযান চালিয়ে হীরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, একই দিন বিকেলে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে নান্নু শেখকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে সাতটার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে অভিযান পরিচালনা করে মো. শাহাদাত খানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, গ্রেফতারকৃত নান্নু শেখ ও সালাউদ্দিন খান হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছিলেন এবং এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%