০৪:০৪ পি.এম
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। তবে, এই পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপে দৈনিক সর্বোচ্চ তিন হাজার পাঁচশত পর্যটক যাতায়াত করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের বিষয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য রয়েছে: স্পিকার
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। তবে, দ্বীপটিতে প্রতিদিন গড়ে তিন হাজার পাঁচশত জনের বেশি পর্যটক থাকতে পারবে না।
এছাড়া, সেন্টমার্টিনে প্রতিটি পর্যটকের কাছ থেকে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি আদায় করা হবে। এই বিষয়ে পরিবেশ অধিদফতর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌপরিবহন অধিদফতর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না। দুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজের চলাচল অব্যাহত থাকবে।
পর্যটক যাতায়াত-সংক্রান্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, কক্সবাজারের জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেফতার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন