০৬:২৪ পি.এম
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় করে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণের উদ্দেশ্যে আসেন। পরে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর উপর ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন