ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর


মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর

ঢাকার মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তুহিন ও বাদশা নামের দুজনকে আটক করা হয়। এর আগে, চুরি হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাতে, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, চোরদের শনাক্ত ও ঘণ্টা উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তদন্তের এক পর্যায়ে আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হামিদ বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন মন্ত্রী ববি হাজ্জাজ। আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হচ্ছে বলেও তিনি জানান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের নিজস্ব সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নতুন একটি উৎপাদন রেকর্ড স্থাপন করেছে। প্রথমবারের মতো দুই ইউনিট মিলিয়ে সর্বাধিক ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এই তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪:৩০ টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে কেন্দ্রটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এর মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

এই প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের নির্মাণকাজ শুরু হয়।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে যায়। পরবর্তী বছর ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে স্বাভাবিকভাবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণা দিয়ে থেমে থাকেননি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি নিজেই ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এই তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উল্লেখ করেন, সমবায় ভবনসহ সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারকে সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবে দেখার কথাও বলেন তিনি।

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা সম্পর্কে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।”

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান না দিতে পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো মাঠ পর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন হলে সরাসরি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না— দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএনপি। মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না। এছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম আজ কীভাবে পরিবর্তিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


দেশের বাজারে সোনার দাম আজ কীভাবে পরিবর্তিত হচ্ছে

সোনার দাম দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) সোনা ও রুপার বিক্রি চলছে দেশের বাজারে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর পূর্বে ২৯ সেপ্টেম্বর একই মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারিত হয়েছে।

সোনার পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


হুথিদের সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (৪ অক্টোবর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শনিবার (৩ অক্টোবর) সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। পরে দমকলকর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে, আগুন লাগার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে গেছে। তিনি দাবি করেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।

ইয়াহিয়া সারি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%