প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণা দিয়ে থেমে থাকেননি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি নিজেই ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এই তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উল্লেখ করেন, সমবায় ভবনসহ সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারকে সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবে দেখার কথাও বলেন তিনি।
দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা সম্পর্কে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।”
প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান না দিতে পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো মাঠ পর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন হলে সরাসরি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব।
বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না— দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএনপি। মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না। এছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন