০৯:১৭ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ উদ্ধার করেছে চোরাই ডিজেল। এ ছাড়া, চোরাকারবারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং ডিজেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরসহ পাইপ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত তিনটার সময় চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্টের জেটি সংলগ্ন ওটি ইশরাত নামের একটি অয়েল ট্যাংকারে অভিযান চালায়। ওসি মো. মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাস্টার ও স্টাফসহ ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাম উল্লেখযোগ্য: আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), আব্দুল হালিম (৩৫), নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং নুরুল আমিন (৫০)।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নৌ পুলিশ জানায়, গ্রেপ্তারদের মাঝে আরিফুল ইসলাম ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি। অপরদিকে, আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।
নৌ-পুলিশ গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় সংঘবদ্ধভাবে চোরাই ডিজেল কেনাবেচায় জড়িত রয়েছে।
এ ঘটনায় নৌ পুলিশের এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ছয়জনসহ অজ্ঞাত আরও দু’জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন