সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১২:৫১ এম
‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী বিজয়ী হন, কমোডর এ কে এম আফজাল হোসেন রানার আপ হিসেবে স্থান লাভ করেন এবং হাইজং উম লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারগণ ও তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাত ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যাত্রা করে।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেস সচিব সুজন মাহমুদ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে জাপান যাচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
সফরের জন্য প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।
এছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে সফরে থাকবেন।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করা হবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের কর্মসূচিতে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এছাড়া এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা সফরের অন্যতম আলোচ্য বিষয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পাবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত নামের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’। এর কিছুক্ষণ পর একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ শিরোনামে আরেকটি পোস্ট প্রকাশিত হয়। পোস্ট দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
কিছুক্ষণ পর এসিল্যান্ডের ফেসবুক পেজ থেকে পূর্বের পোস্টগুলো মুছে ফেলা হয়। পোস্ট প্রকাশ এবং পরবর্তী সময়ে তা মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
সর্বশেষ রবিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনীর দাগনভূঞায় সেতারা বেগম (৮০) নামের এক মায়ের মৃত্যু ঘটেছে, যা তার মেয়ের বটির কোপের কারণে হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের মেয়ে রিনা আক্তার (২৭) কে আটক করেছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রিনা আক্তার দীর্ঘ সময় ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি, তিনি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতে ঘরের ভেতর হঠাৎ করে বটি দিয়ে তিনি মাকে কোপাতে শুরু করেন। পরে, তিনি ঘরের দরজায় হুক লাগিয়ে দেন। এই ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেতারা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি সহ রিনা আক্তারকে আটক করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, এ ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ওপর হামলার চেষ্টা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে হকার উচ্ছেদ অভিযানের সময় এই হামলার চেষ্টা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ করতে আসেন। উচ্ছেদের এক পর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন। তারা উচ্ছেদ কর্মীদের ওপর হামলা চালাতে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক হকার, জীবন, বলেন, "নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের কোনো রকমের নোটিশ না দিয়ে রাতে উচ্ছেদ অভিযান করতে আসে। সেই সঙ্গে আমাদের সকল মালামাল লুট করে নিয়ে যায়। আমাদের ওপর হামলা করে সাখাওয়াতের লোকজন। আমিসহ অন্যান্য হকারদের ওপরও হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।"
অন্য হকার সাইফুল ইসলাম জানান, "প্রশাসক লোকজন নিয়ে আমাদের হকারদের ওপর হামলা করেছে। আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা এটা উনার কাছ থেকে আশা করি নাই। পুলিশ আমাদের আশ্বস্ত করে তারা এই ঘটনায় প্রদক্ষেপ নেবেন। আমরা এই ঘটনার বিচার না পেলে কঠোর আন্দোলন করব।"
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, "তিনি উচ্ছেদ অভিযানে আসছিলেন। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানায়নি। তিনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর আমাদের সংবাদ দিলে আমিসহ আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাই। সেই সঙ্গে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।"
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এসময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। সেই সঙ্গে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। পরে আমি সেখান থেকে চলে আসি। বর্তমানে আমি বাসায় অবস্থান করছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ