প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত নামের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’। এর কিছুক্ষণ পর একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ শিরোনামে আরেকটি পোস্ট প্রকাশিত হয়। পোস্ট দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
কিছুক্ষণ পর এসিল্যান্ডের ফেসবুক পেজ থেকে পূর্বের পোস্টগুলো মুছে ফেলা হয়। পোস্ট প্রকাশ এবং পরবর্তী সময়ে তা মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
সর্বশেষ রবিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন