মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৫ পি.এম
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণীটি নীলফামারী ডোমারের সোনারায় ইউনিয়নের একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায়। জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সাথে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মেয়েটিকে টেনে নিয়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানের মধ্যে বেধড়ক মারধর করেন। মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতে থাকেন।
ভুক্তভোগী ওই মেয়ের অভিযোগ, “আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সাথে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবী বাড়ির পাশে বসে গল্প করছিলাম, এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তার সাথে আমার পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে একপ্রকার উলঙ্গ করে মেরেছেন। একপর্যায়ে আমাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যত নষ্ট করলো ও অকারণে মারলো, আমি এর বিচার চাই।”
মারধরের শিকার হওয়া মেয়েটির মা ও ভাবি জানান, “তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করলো। যার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ মেয়েটির ভবিষ্যত তারা শেষ করে দিলো, আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।”
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তারা বাবা ও ভাই। তারা বলেন, “আমরা অসহায় মানুষ বিনা কারণের আমার মেয়ে তারা অপবাদ দিলো। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছিনা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।”
এ বিষয়ে আসিফ জানায়, “মেয়েটির সাথে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি কেউ প্রমাণ দিতে পারবেনা। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি পরিবারে খরচ ঠিকমতো দিতে পারিনা তাই হয়ত আমার পরিবারের লোকজন তাকে আমার সাথে সম্পর্কে বিষয় সন্দেহ করে মারধর করছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি সে আমার সম্পর্কে ভাতিজি।”
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাইজুল্লাহ বিপু জানান, “রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন শুটিং করতে গিয়ে। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
হঠাৎ শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের বর্ণনা দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইন এ ঘটনাটি ঘটে। সেখানে ‘নসিব’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিতে অবস্থান করছিলেন সোহেল খান ও অন্যান্য শিল্পীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, শুটিংয়ের জন্য সেদিন পুরো সাদা পোশাকে প্রস্তুত ছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। ঘুম থেকে উঠে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেন তিনি। হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে যান।
জয়ের বর্ণনা অনুযায়ী, কক্ষ থেকে বের হওয়ার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। এরপর তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি উপস্থিত ব্যক্তিরা। সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটা হয়েছে কিনা, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। ... প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অভিনেতার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করছেন। শুটিংয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনা শোবিজ অঙ্গনের অনেককেই স্তব্ধ করে দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘায় খেজুরগুড়ের কেনাবেচা ব্যাপকভাবে শুরু হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন হাটবাজারে খেজুরগুড়ের বাজার জমে উঠেছে।
উপজেলায় মোট দুটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নে ৬ হাজার ৬০ জন চাষি আছেন। এখানে ১ লাখ ৬২ হাজার খেজুরগাছ রয়েছে। খেজুরগাছ সড়কপথ, পতিত জমি ও বাড়ির আঙিনায় কোনো পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে।
মৌসুমের সময় একজন গাছি প্রতিদিন ৫০-৬০টি খেজুরগাছের রস সংগ্রহ করেন। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে ৩ হাজার গাছি রস সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। প্রতি মৌসুমে গাছিরা খেজুরগাছের ওপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করেন।
একজন কৃষক তার গাছের সংখ্যা অনুযায়ী গাছি নিয়োগ করেন। তারা মৌসুমজুড়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। উপজেলার আমের মতো সুমিষ্ট খেজুরগুড়েরও রয়েছে খ্যাতি। গুড়ের প্রধান হাট বাঘা ও আড়ানী। এছাড়া মনিগ্রাম ও দিঘাসহ অন্যান্য হাটেও গুড়ের বেচাকেনা হয়ে থাকে। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাঘার হাট বসে, যেখানে সবচেয়ে বেশি গুড় বেচাকেনা হয়।
বাঘা ও আড়ানী পৌরসভা ছাড়াও বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নের অন্যান্য হাটেও গুড়ের বেচাকেনা হয়। তবে অধিক দাম পাওয়ার আশায় অনেকেই বাঘার হাটে গুড় বিক্রি করতে আসেন। বাঘার হাটে রোববার প্রতি কেজি খেজুরগুড় ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে এ গুড়ের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকা পর্যন্ত ছিল। মৌসুমের শুরুতে দাম বেশি হলেও ভরা মৌসুমে দাম কিছুটা কমে যায়।
আড়ানী হাটের গুড় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, তার আড়তে থেকে কিছু ব্যবসায়ী পাবনা এলাকা থেকে গুড় কিনে নিয়ে যান। তারা প্রতি শনিবার ও মঙ্গলবার হাটে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান বলেন, আবহাওয়া অনুকূল থাকায় সরকারি হিসেবে চলতি মৌসুমে মানুষ খেজুরগুড় থেকে হাজার হাজার টাকা আয় করছেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন এবং গাছের সংখ্যা ১ লাখ ৬২ হাজার। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৪ হাজার ৫০টি গাছ বেশি রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরগুড় উৎপাদনে সহায়তা দেওয়া হলে এই গুড়কে আরও লাভজনক করা সম্ভব। বিদেশে রপ্তানি করা হলে এই গুড় থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে পারবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এই কারণে ওই মহাসড়কের অংশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সড়কে আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।
পুলিশ, শ্রমিক এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৯টার দিকে প্রথমে সদর উপজেলার ভবানীপুর এবং পরে মেম্বারবাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। দুই স্থানে একযোগে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
তারা আরও জানান, এদিন সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এদিকে, অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অবস্থান নিয়েছেন।
অসন্তোষের কারণে বাঘের বাজার এলাকার গ্রিন ফাইবার কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
অন্যদিকে, কালিয়াকৈরের মৌচাক, গাজীপুর মহানগর নাওজোড় এবং ভোগরা বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়কে জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ধাওয়া করে সরিয়ে দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর শীতের আগমনের ইঙ্গিত প্রদান করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সংস্থাটি এও উল্লেখ করেছে যে, দুই বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার মাধ্যমে এই পূর্বাভাসটি প্রকাশ করা হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, আগামী পাঁচদিন পরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ