ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর


থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও ২ চোর

বগুড়ার ধুনটে চুরির মামলায় আটজন আসামির সঙ্গে সাক্ষাৎ করতে থানায় আসার পর আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘মাসুদ টেলিকম’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চুরির প্রায় তিন ঘণ্টার মধ্যে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। পুলিশের দাবি, তারা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হওয়া আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোহাম্মাদ মোস্তফা ও বাবুল। তাদের থানায় আসার বিষয়টি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মোহাম্মাদ মোস্তফা ও বাবুলের সঙ্গে গ্রেপ্তার আটজনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চাঁচড়া বর্মণপাড়া মন্দিরে ১০১ প্রতিমা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চাঁচড়া বর্মণপাড়া মন্দিরে ১০১ প্রতিমা

যশোরের আট উপজেলায় এবারের দুর্গাপূজা ৭৩৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা ২৮টি বেড়ে গেছে। সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, এবারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৩৭ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আগামী ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হবে। মূল পূজা ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে শুরু হবে।

বিভিন্ন মণ্ডপে বর্তমানে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। খড়, ছন ও মাটি দিয়ে প্রতিমার কাঠামোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। দুই-এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে।

যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরের ভাস্কর শংকর মন্ডল জানিয়েছেন, তিনি এবারে ৩৭টি প্রতিমা তৈরি করছেন। সময়মতো সরবরাহ নিশ্চিত করতে তিনি রাত-দিন কাজ করছেন।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ বলেন, প্রতিবছর এখানে পূজা হয়, কিন্তু এবারে ১০১টি প্রতিমা বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। তিনি আশা করছেন, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন।

চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস জানিয়েছেন, এই ধরনের আয়োজন এবারই প্রথম। পুরোহিত ও ঢাকী ঠিক করা হয়েছে এবং প্যান্ডেলের গেট ও মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে, জেলার মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, শঙ্কাহীন পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানিয়েছেন, কোনো মণ্ডপে ডিজে না বাজিয়ে ভক্তিগীতি বাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, প্রতিটি মন্দিরের জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে। তার বয়স ছিল ৩৪ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক অতিরিক্ত গ্রহণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাফোরশ শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা রেসল্যান্ড এলাকার একটি বাড়িতে যান। সেখানে উরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শেরিফের কার্যালয় জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত তার মৃত্যুর ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উরকারের বাড়িতে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যাওয়ার সময় এক ব্যক্তি ও উরকারের কর্মস্থলের কর্মকর্তা একটি খোলা জানালা দিয়ে প্রবেশ করেন। এরপর তারা তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। তার শরীর স্পর্শ করে ঠান্ডা অনুভূত হয়।

বাড়িতে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা একটি বাথরুমে সিরিঞ্জ ও একটি চামচসহ মাদক ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম পান। এর পাশে বাদামি রঙের গুঁড়ো জাতীয় একটি পদার্থও পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিছানার পাশে থাকা টেবিলে একটি সিরিঞ্জ, খাপসহ একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি পানীয়ের গ্লাস ছিল। কর্মকর্তাদের ধারণা, উরকার সেখানে বেশ কিছু সময় ধরে অবস্থান করছিলেন।

যে ব্যক্তি উরকারকে প্রথম দেখতে পান, তিনি কর্মকর্তাদের জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ও তার স্ত্রী উরকারের সঙ্গে গির্জায় গিয়েছিলেন। সেখানে উরকার হতাশা ও মন খারাপের কথা বলেছিলেন।

ওই ব্যক্তি আরও জানান, উরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নীরব ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তাকে গাড়ি চালাতে দেখা যায়। তার আচরণ নিয়ে উদ্বিগ্ন হয়ে এবং তিনি কাজে না আসায় তারা তার খোঁজ নিতে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জিপসি রোজ ব্ল্যানচার্ড গণমাধ্যমকে জানিয়েছেন, উরকার অতিরিক্ত মাদক গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে তিনি বিশ্বাসই করতে পারছেন না। তিনি বলেন, এতটাই ভেঙে পড়েছেন যে ঠিকমতো চিন্তাও করতে পারছেন না এবং কান্না করতে করতে তার গলা ব্যথা হয়ে গেছে।

উরকারের মৃত্যু তার ৩৪তম জন্মদিনেই ঘটেছে বলে জানা গেছে।

জিপসি রোজ ও উরকারের পরিচয় হয়েছিল চিঠির মাধ্যমে পরিচিত হওয়ার একটি কর্মসূচিতে। তখন জিপসি রোজ তার মাকে হত্যার ঘটনায় কারাগারে ছিলেন। ২০১৫ সালে তার মা ক্লডিন ‘ডি ডি’ ব্ল্যানচার্ডকে হত্যার ঘটনায় জিপসি রোজ দ্বিতীয় মাত্রার হত্যার দায় স্বীকার করেন। তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

জিপসি রোজ জানিয়েছিলেন, তার মা বছরের পর বছর তাকে নির্যাতন করেছেন এবং গুরুতর অসুস্থতার ভান করতে বাধ্য করেছিলেন। এ ঘটনার পর তার মায়ের হত্যাকাণ্ড ব্যাপকভাবে আলোচিত হয়।

হত্যাকাণ্ডে জিপসি রোজের তৎকালীন প্রেমিক নিকোলাস গোডজনও জড়িত ছিলেন। তিনি তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড পান।

এই ঘটনা নিয়ে ২০১৭ সালে একটি তথ্যচিত্র এবং ২০১৯ সালে একটি ধারাবাহিক নির্মিত হয়। ২০২৩ সালে জিপসি রোজকে আগাম মুক্তি দেওয়া হয়।

জিপসি রোজ ও উরকারের সম্পর্কের মধ্যে একসময় বিচ্ছেদ হয়েছিল। পরে ২০২৪ সালে তারা আবার একসঙ্গে হন। একই বছর তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।

জিপসি রোজ বলেন, তাদের সম্পর্কের সময় উরকারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা ও হয়রানির শিকার হতে হয়েছে। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে উরকারের প্রতি যে মাত্রায় আক্রমণ ও হয়রানি করা হয়েছে, তা কোনো মানুষেরই সহ্য করা উচিত নয়।

তিনি মনে করেন, দীর্ঘদিনের এই চাপ ও হয়রানি উরকারের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তার মৃত্যু যেন মানুষকে মনে করিয়ে দেয়—পর্দার আড়ালে থাকা প্রতিটি মানুষ, প্রতিটি খবর ও প্রতিটি মন্তব্যের পেছনে একজন বাস্তব মানুষ আছেন।

জিপসি রোজ আরও বলেন, তিনি চান তাদের মেয়ে বড় হয়ে জানুক, তার বাবা তাকে কতটা ভালোবাসতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষের মন্তব্যের বাইরে তিনি আসলে কেমন মানুষ ছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার প্রোগ্রামে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার প্রোগ্রামে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম বাংলাদেশি শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ প্রদান করছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত গবেষকেরা আবেদন করতে পারবেন। আগামী বছরের সেপ্টেম্বর মাসে শুরু হবে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অথবা সমমানের পেশাগত ডিগ্রিধারী প্রার্থীদের গবেষণা ও শিক্ষকতার সুস্পষ্ট প্রস্তাবনা থাকতে হবে। গত ৫০ বছরে এই কর্মসূচিতে প্রায় ২০০ বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা

নির্বাচিত শিক্ষাবিদ ও গবেষকদের টিউশন ফি, বিমানে যাতায়াতের খরচ এবং থাকা-খাওয়ার জন্য মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়া বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও লাগেজ ভাতার সুবিধাও থাকবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। প্রার্থীর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। আবেদনকারীকে ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা এই অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না। পূর্বে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পাওয়া প্রার্থীদের জন্য দ্বিতীয়বার অনুদান পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত।

আবেদনে যেসব নথি লাগবে

আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

যেসব নথি লাগবে

আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, তিনটি সুপারিশপত্র, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনব্যবস্থায় একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সব নথি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও বিস্তারিত নির্দেশনা জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগ নেতা সাব্বিরকে দেখতে গিয়ে তার বাবা আ.লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ছাত্রলীগ নেতা সাব্বিরকে দেখতে গিয়ে তার বাবা আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাব্বির আহমদকে (২১) দেখতে গিয়ে তার বাবা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান (৫৮), গ্রেপ্তার হয়েছেন। আদালত পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) এবং ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। পরে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ি থানায় যান বাবা আব্দুল মান্নান। এ সময় পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

তবে আসামিদের পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%