ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য প্রকাশ


জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে। তার বয়স ছিল ৩৪ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক অতিরিক্ত গ্রহণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাফোরশ শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা রেসল্যান্ড এলাকার একটি বাড়িতে যান। সেখানে উরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শেরিফের কার্যালয় জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত তার মৃত্যুর ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উরকারের বাড়িতে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যাওয়ার সময় এক ব্যক্তি ও উরকারের কর্মস্থলের কর্মকর্তা একটি খোলা জানালা দিয়ে প্রবেশ করেন। এরপর তারা তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। তার শরীর স্পর্শ করে ঠান্ডা অনুভূত হয়।

বাড়িতে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা একটি বাথরুমে সিরিঞ্জ ও একটি চামচসহ মাদক ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম পান। এর পাশে বাদামি রঙের গুঁড়ো জাতীয় একটি পদার্থও পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিছানার পাশে থাকা টেবিলে একটি সিরিঞ্জ, খাপসহ একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি পানীয়ের গ্লাস ছিল। কর্মকর্তাদের ধারণা, উরকার সেখানে বেশ কিছু সময় ধরে অবস্থান করছিলেন।

যে ব্যক্তি উরকারকে প্রথম দেখতে পান, তিনি কর্মকর্তাদের জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ও তার স্ত্রী উরকারের সঙ্গে গির্জায় গিয়েছিলেন। সেখানে উরকার হতাশা ও মন খারাপের কথা বলেছিলেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ওই ব্যক্তি আরও জানান, উরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নীরব ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তাকে গাড়ি চালাতে দেখা যায়। তার আচরণ নিয়ে উদ্বিগ্ন হয়ে এবং তিনি কাজে না আসায় তারা তার খোঁজ নিতে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জিপসি রোজ ব্ল্যানচার্ড গণমাধ্যমকে জানিয়েছেন, উরকার অতিরিক্ত মাদক গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে তিনি বিশ্বাসই করতে পারছেন না। তিনি বলেন, এতটাই ভেঙে পড়েছেন যে ঠিকমতো চিন্তাও করতে পারছেন না এবং কান্না করতে করতে তার গলা ব্যথা হয়ে গেছে।

উরকারের মৃত্যু তার ৩৪তম জন্মদিনেই ঘটেছে বলে জানা গেছে।

জিপসি রোজ ও উরকারের পরিচয় হয়েছিল চিঠির মাধ্যমে পরিচিত হওয়ার একটি কর্মসূচিতে। তখন জিপসি রোজ তার মাকে হত্যার ঘটনায় কারাগারে ছিলেন। ২০১৫ সালে তার মা ক্লডিন ‘ডি ডি’ ব্ল্যানচার্ডকে হত্যার ঘটনায় জিপসি রোজ দ্বিতীয় মাত্রার হত্যার দায় স্বীকার করেন। তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

জিপসি রোজ জানিয়েছিলেন, তার মা বছরের পর বছর তাকে নির্যাতন করেছেন এবং গুরুতর অসুস্থতার ভান করতে বাধ্য করেছিলেন। এ ঘটনার পর তার মায়ের হত্যাকাণ্ড ব্যাপকভাবে আলোচিত হয়।

হত্যাকাণ্ডে জিপসি রোজের তৎকালীন প্রেমিক নিকোলাস গোডজনও জড়িত ছিলেন। তিনি তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড পান।

এই ঘটনা নিয়ে ২০১৭ সালে একটি তথ্যচিত্র এবং ২০১৯ সালে একটি ধারাবাহিক নির্মিত হয়। ২০২৩ সালে জিপসি রোজকে আগাম মুক্তি দেওয়া হয়।

জিপসি রোজ ও উরকারের সম্পর্কের মধ্যে একসময় বিচ্ছেদ হয়েছিল। পরে ২০২৪ সালে তারা আবার একসঙ্গে হন। একই বছর তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

জিপসি রোজ বলেন, তাদের সম্পর্কের সময় উরকারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা ও হয়রানির শিকার হতে হয়েছে। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে উরকারের প্রতি যে মাত্রায় আক্রমণ ও হয়রানি করা হয়েছে, তা কোনো মানুষেরই সহ্য করা উচিত নয়।

তিনি মনে করেন, দীর্ঘদিনের এই চাপ ও হয়রানি উরকারের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তার মৃত্যু যেন মানুষকে মনে করিয়ে দেয়—পর্দার আড়ালে থাকা প্রতিটি মানুষ, প্রতিটি খবর ও প্রতিটি মন্তব্যের পেছনে একজন বাস্তব মানুষ আছেন।

জিপসি রোজ আরও বলেন, তিনি চান তাদের মেয়ে বড় হয়ে জানুক, তার বাবা তাকে কতটা ভালোবাসতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষের মন্তব্যের বাইরে তিনি আসলে কেমন মানুষ ছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুন: লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার প্রোগ্রামে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার প্রোগ্রামে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম বাংলাদেশি শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ প্রদান করছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত গবেষকেরা আবেদন করতে পারবেন। আগামী বছরের সেপ্টেম্বর মাসে শুরু হবে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অথবা সমমানের পেশাগত ডিগ্রিধারী প্রার্থীদের গবেষণা ও শিক্ষকতার সুস্পষ্ট প্রস্তাবনা থাকতে হবে। গত ৫০ বছরে এই কর্মসূচিতে প্রায় ২০০ বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা

নির্বাচিত শিক্ষাবিদ ও গবেষকদের টিউশন ফি, বিমানে যাতায়াতের খরচ এবং থাকা-খাওয়ার জন্য মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়া বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও লাগেজ ভাতার সুবিধাও থাকবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। প্রার্থীর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। আবেদনকারীকে ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা এই অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না। পূর্বে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পাওয়া প্রার্থীদের জন্য দ্বিতীয়বার অনুদান পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত।

আবেদনে যেসব নথি লাগবে

আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

যেসব নথি লাগবে

আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, তিনটি সুপারিশপত্র, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনব্যবস্থায় একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সব নথি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও বিস্তারিত নির্দেশনা জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগ নেতা সাব্বিরকে দেখতে গিয়ে তার বাবা আ.লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ছাত্রলীগ নেতা সাব্বিরকে দেখতে গিয়ে তার বাবা আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাব্বির আহমদকে (২১) দেখতে গিয়ে তার বাবা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান (৫৮), গ্রেপ্তার হয়েছেন। আদালত পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) এবং ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। পরে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ি থানায় যান বাবা আব্দুল মান্নান। এ সময় পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

তবে আসামিদের পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতাকামা মরুভূমি ফুলের চাদরে ঢেকে গেছে, ২০০ প্রজাতির ফুলের সমাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আতাকামা মরুভূমি ফুলের চাদরে ঢেকে গেছে, ২০০ প্রজাতির ফুলের সমাহার

পৃথিবীর শুষ্কতম মরুভূমিগুলোর মধ্যে একটি হলো চিলির আতাকামা। সাধারণত যেখানে পাথুরে মাটি, বাদামি বালিয়াড়ি এবং শুষ্কতার চিহ্ন দেখা যায়, সেই মরুভূমি এবার এক নতুন রূপ ধারণ করেছে। বিশাল এলাকা এখন নানা রঙের বুনোফুলে আচ্ছাদিত হয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে, মরুভূমির ওপর রঙিন ফুলের একটি বিশাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছে।

দক্ষিণ গোলার্ধে বসন্তের সময় আতাকামায় মাঝে মাঝে ফুল ফুটতে দেখা যায়। তবে এবারের দৃশ্য অনেক বেশি বিস্তৃত এবং ব্যতিক্রমী। স্থানীয়ভাবে এই বিশেষ প্রাকৃতিক ঘটনাকে ‘দেসিয়ের্তো ফ্লোরিদো’ বলা হয়, যার অর্থ ফুলে ভরা মরুভূমি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এই তথ্য জানায়।

ভারী বৃষ্টিতেই বদলে গেল মরুভূমি

চলতি বছরের শুরুতে এল নিনোর প্রভাবে আতাকামায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির পানি মরুভূমির মাটির গভীরে থাকা অসংখ্য বীজ ও কন্দে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় থাকা এসব বীজ এবং উদ্ভিদাংশ পর্যাপ্ত পানি পেয়ে অঙ্কুরিত হয়ে ফুলে পরিণত হয়েছে।

চলতি বছরের জুলাই ও আগস্টে চিলির বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিও হয়েছে। ১৯৫০-এর দশকে বৃষ্টিপাতের পরিমাপ শুরু হওয়ার পর কিছু কিছু এলাকায় এবারই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

কয়েক দশক পর ফুটেছে ফুল

আতাকামার জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের জীববিজ্ঞানী সেসার পিসারোর মতে, কিছু কিছু এলাকায় ১৬০, ১৮০ এমনকি ১৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর পেছনে তীব্র এল নিনোর প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।

এই বৃষ্টিই মরুভূমির মাটিতে দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা জৈব উপাদানকে সক্রিয় করেছে। এর মধ্যে রয়েছে বীজ, কন্দ এবং বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ উদ্ভিদাংশ। এমনকি বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী এবং সরীসৃপের ডিমও এতে সক্রিয় হতে পারে।

ফলে আতাকামার কিছু পাহাড় ও পর্বতমালায় ৩০ থেকে ৪০ বছর বা তারও বেশি সময় পর সবুজ উদ্ভিদ এবং ফুল দেখা যাচ্ছে। কিছু জৈব উপাদান বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।

২০০টির বেশি প্রজাতির ফুল

এবার আতাকামায় ২০০টিরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং ফুল দেখা যাচ্ছে। লাল ও হলুদ নানুকা, বেগুনি রক পার্সলেন, সাদা সুসপিরোস, কমলা টেরসিওপেলোসসহ বিভিন্ন রঙের ফুলে মরুভূমির পাহাড়, সমতলভূমি এবং গিরিখাত আচ্ছাদিত হয়ে গেছে।

মরুভূমির পরিচিত স্থানীয় উদ্ভিদ ‘গাররা দে লেওন’-এরও দেখা মিলছে। সব মিলিয়ে শুষ্ক এবং বাদামি আতাকামা এখন রঙিন ফুলের বিশাল প্রান্তরে পরিণত হয়েছে।

১৯৯৭ সালের পর সবচেয়ে বড় ফুলেল মরুভূমি

চলতি বছর প্রায় ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় ফুলের বিস্তার ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সংরক্ষণ কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, ১৯৯৭ সালের পর এবারই সবচেয়ে তীব্র এবং বিস্তৃত ‘দেসিয়ের্তো ফ্লোরিদো’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনা শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং মরুভূমির জীববৈচিত্র্যেরও একটি বিরল চিত্র সামনে এনেছে।

ফুল দেখতে বাড়ছে পর্যটক

বুনোফুলে ঢেকে যাওয়া আতাকামা দেখতে এখন চিলির বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকেও পর্যটকেরা আসছেন। দুর্গম এবং প্রতিকূল এলাকাতেও লাখ লাখ ফুলের এই অসাধারণ দৃশ্য দেখতে মানুষ যাচ্ছে।

চিলির জাতীয় পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এই দৃশ্য নভেম্বরের শেষ পর্যন্ত স্থায়ী হওয়ার আগে আতাকামা অঞ্চলে প্রায় ৩ লাখ পর্যটকের আগমন হতে পারে। ফলে এবারের ‘দেসিয়ের্তো ফ্লোরিদো’ ইতোমধ্যে আতাকামার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: কো-অর্ডিনেটর

বিভাগ: অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বিশেষ করে ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট (অনুদান ব্যবস্থাপনা) পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর বোঝাপড়া থাকতে হবে। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সাবলীলতা প্রয়োজন। কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%