প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ঝুঁকি ও উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে এসব দাম রেকর্ড করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।
তবে তেলের দাম কমলেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে নিরাপত্তাঝুঁকি কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দামে চাপ তৈরি করছে। লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হওয়ায় দেশটির সরবরাহও বাড়ছে। এ ছাড়া ডয়চে ব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়েছে, অক্টোবরে বিশ্ববাজারে পর্যবেক্ষণ করা তরল জ্বালানির মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। এতে দৈনিক ১৭ লাখ ব্যারেল উদ্বৃত্ত সরবরাহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, একদিকে বাজারে সরবরাহ বৃদ্ধি ও উদ্বৃত্তের আশঙ্কা তেলের দাম কমাচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বজায় রাখছে। ফলে বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন