ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম


আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন ঘটেছে। একই সাথে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নীতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১টা ১৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৪৫ ডলার ৫৯ সেন্টে নেমে এসেছে। তবে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৩ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, ১০ বছর মেয়াদি যুক্তরাষ্ট্রের ট্রেজারি নোটের ইল্ড বৃদ্ধি পাওয়ার কারণে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কিছুটা কমেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, যদি বাজার মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করে Futureতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখে, তাহলে ট্রেজারি ইল্ড আরও বাড়তে পারে। এর প্রভাব সোনার দামের ওপর সরাসরি পড়েছে।

এর আগে, বুধবার (২৯ জুলাই) ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। পাশাপাশি, ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এতে ফেডের পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নিয়ে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ হিসেবে মূল্যায়িত হচ্ছে। এর আগে, এই সিদ্ধান্ত ঘোষণার আগে সম্ভাবনা ছিল প্রায় ৮১ শতাংশ।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের জুন মাসের পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার মূল্যসূচকের তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এটি ফেডের মূল্যস্ফীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এদিকে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাও বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নতুন হামলার পর ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

টিডি সিকিউরিটিজের বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালজুড়ে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলে সোনার দাম ধীরে ধীরে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলারের দিকে নেমে যেতে পারে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৫৭ ডলার ৪৯ সেন্ট এবং প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৫৯৫ ডলার ৩৮ সেন্টে দাঁড়িয়েছে। তবে, প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৫৫ ডলার ৬৭ সেন্টে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল নিয়ে নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


পে-স্কেল নিয়ে নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে নতুন বেতন কাঠামোর অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী এ বিষয়ে বলেন, পে-স্কেল সংক্রান্ত আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর অনুমোদন পাওয়ার পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বহু ধরনের সংবাদ প্রদর্শিত হওয়া সত্ত্বেও সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে কি না— এ বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল যে, আইএমএফের ঋণের বিষয়টি পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত নয়।

পে-স্কেল নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশের প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি চাই না দুই দিন পরপর বেতন কাঠামো নিয়ে কথা বলতে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে সংবাদ প্রচার করছে, তারা করুক। আমি একবারেই এ বিষয়ে কথা বলবো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আদালতে সোপর্দ করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আদালতে সোপর্দ করা হলো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামেও পরিচিত, তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হয়েছে। জানা গেছে, বুধবার (২৯ জুলাই) বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের সময় তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর এবং চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করার সময় তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে ডেভিড ইমন তার বৈশিষ্ট্য পরিবর্তন করেছিলেন।

বৃহস্পতিবার সকালে বেলা ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষ হওয়ার পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে উঠে যাওয়ার সময় নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, "আমার অনেক কিছু বলার আছে"। কিন্তু পুলিশ সদস্যদের বাধার কারণে তিনি কোনো কথা বলতে পারেননি।

পুলিশের সূত্র জানায়, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী, যিনি ‘বড় সাজ্জাদ’ নামে পরিচিত, তার অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ায় জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা এবং সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজিসহ ১১টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া ও প্রেস ব্রিফিং সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে কঠোর পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি ইকো পার্কে গাছ নিধন নিয়ে উঠেছে অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ডিসি ইকো পার্কে গাছ নিধন নিয়ে উঠেছে অভিযোগ, তদন্তের দাবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কে সরকারি মরা গাছের দোহাই দিয়ে নিয়মবহির্ভূতভাবে তাজা গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

তবে স্থানীয়ভাবে কেউ জানেন না যে এসব সরকারি গাছ কাটার বিষয়ে কোনো উন্মুক্ত টেন্ডার বা নিলামের খবর হয়েছে এবং কোনো নোটিশও করা হয়নি। এই বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাহালুল হকের যোগসাজশে এই গাছগুলো কাটা হয়েছে এবং তিনিই গাছ ব্যবসায়ীকে ঠিক করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই দামুড়হুদা শিবনগর ডিসি ইকো পার্কের কিছু ঝুঁকিপূর্ণ মরা গাছ বিক্রি করার জন্য পার্ক চত্বরে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে চন্দ্রবাস গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম ২ লাখ ৭০ হাজার টাকায় ২৯টি মরা গাছ কিনেছেন। গাছগুলোর মধ্যে ছিল- ১৯টি আম গাছ, ৬টি শিশু গাছ, এবং ৪টি কাঁঠাল গাছ। পার্কের পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে, পরদিন ২০ জুলাই দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন স্বাক্ষরিত একটি কার্যাদেশ দেওয়া হয় সর্বোচ্চ দরদাতাকে।

কার্যাদেশ পাওয়ার পর ডিসি ইকো পার্কের মরা গাছের পাশাপাশি নজরুল ইসলাম তরতাজা গাছ কাটা শুরু করে। গাছের ক্রেতা নজরুল ইসলাম বলেন, "নিলামে কয়জন ছিল আমার জানা নেই। আমি যখন পার্কে আসলাম তখন কোনো ব্যবসায়ী ছিলেন না। ইউএনও স্যার আর অফিসের লোকজন ছিল। আমি ২ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো কিনেছি।"

পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাহালুল হক বলেন, "ইউএনও স্যার আমাকে গাছের ব্যবসায়ী দেখে দিতে বলেন। বিষয়টি আমি আমার গ্রামের দুজন কাঠের ব্যবসায়ীকে বলি। তারা গাছগুলো দেখে একটা দাম বললে আমি স্যারকে জানাই। পরে গাছগুলো তাদের কাছে বিক্রি করেছে ইউএনও স্যার। গত দুদিন আমি পার্কে ছিলাম না কয়টা গাছ কাটা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না।"

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, "বিক্রিকৃত গাছের চেয়ে অতিরিক্ত গাছ কাটা হয়েছে বলে শুনেছি। যদি এটা সত্য হয় তাহলে এই কাজের সাথে যে বা যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।"

ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, "এটা তো উন্মুক্ত নিলাম হয়েছে। জেলা প্রশাসকের সিদ্ধান্তে কমিটির মাধ্যমে নিলাম করা হয়েছে। নিলামের ফাইল তো ডিসি স্যারের কাছে- তাই কয়টা গাছ সঠিক বলতে পারব না।"

তিনি আরও বলেন, "নিলামকৃত মরাগাছের পাশাপাশি আরো কিছু অতিরিক্ত গাছ কাটা হয়েছে বলেও অভিযোগ পেয়েছি। এখন আমরা কমিটি করে দিয়েছি সরেজমিনে তদন্ত করে দেখব।"

স্থানীয়দের মতে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে সবুজ বনায়ন করতে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, যা ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে। তখন একশ্রেণির মানুষ কীভাবে সবুজ তরতাজা বৃক্ষ নিধনে মরিয়া হয়ে উঠেছে। তারা কি বর্তমান সরকারের নির্দেশনা উপেক্ষা করছেন, এমন ধরনের মন্তব্য করছেন। সেই সঙ্গে গাছের বিক্রির অনিয়ম তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর প্রস্তাবের পক্ষে ভোট না দিলে বাংলাদেশ হারাবে ৩৭০ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ইনফান্তিনোর প্রস্তাবের পক্ষে ভোট না দিলে বাংলাদেশ হারাবে ৩৭০ কোটি!

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোর ওপর চাপ বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাবের পক্ষে ভোট না দিলে সদস্য দেশগুলো সম্ভাব্য ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার ২১১ সদস্য সংস্থাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৫৩ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে।

নতুন এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ থাকবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাব অনুমোদিত হলে ২০২৭-২০৩১ চক্রে ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচির অনুদান প্রায় ৮ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ মিলিয়ন ডলারে উন্নীত হবে। এছাড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া সদস্য সংস্থাগুলোকে এককালীন আরও ২০ মিলিয়ন ডলার অতিরিক্ত অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, প্রস্তাবটি অনুমোদন না পেলে সদস্য দেশগুলো মাত্র ১০ মিলিয়ন ডলার অনুদান পাবে। ফলে সম্ভাব্য অতিরিক্ত ৩০ মিলিয়ন ডলার সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে ২০৩৫-২০৩৮ চক্রে এই অনুদান ২৪ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। নতুন বিনিয়োগ কাঠামোর মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা।

বাংলাদেশসহ অনেক ছোট ফুটবল ফেডারেশন জাতীয় দল পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, একাডেমি এবং তৃণমূল ফুটবল কার্যক্রম পরিচালনায় ফিফার অনুদানের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। এ কারণে প্রস্তাবটি এসব দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

তবে পরিকল্পনাটি ইতোমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অভিযোগ করেছে, ফিফা ফুটবলের বাণিজ্যিকীকরণে অতিরিক্ত গুরুত্ব দিয়ে খেলাটির মূল মূল্যবোধকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিষয়টি নিয়ে ইউরোপের ফুটবল কর্তারা জরুরি বৈঠক করছেন এবং বিশ্বকাপ বর্জনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, তারা আগে থেকেই এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না। সংস্থাটির দাবি, প্রস্তাবের স্বচ্ছতা, প্রক্রিয়া এবং নীতিগত বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর তারা আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

এদিকে উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও পরিকল্পনার সমালোচনা করেছে। তবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক সদস্য সংস্থার সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী ফিফা। প্রস্তাবটি কার্যকর করতে ২১১ সদস্যের মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%