১০:৫৬ এম
যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার পরও ইরানের সরকার দাবি করেছে যে, দেশটিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও পশুখাদ্যের মজুত স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে। কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি জানিয়েছেন, রুটির দাম বৃদ্ধি বা রেশনিংয়ের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
শনিবার (২১ নভেম্বর) টেলিভিশনে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পশুখাদ্যের মজুত বেড়েছে। এমনকি সংকটহীন স্বাভাবিক সময়ের তুলনায়ও বর্তমানে মজুতের পরিমাণ বেশি রয়েছে।
মজুত শক্তিশালী করার পরিকল্পনা এবং দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে নেওয়া পদক্ষেপের ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান নুরি। রুটির সম্ভাব্য রেশনিং এবং দাম বাড়ানোর বিষয়ে উদ্বেগ নাকচ করে তিনি বলেন, এখন পর্যন্ত রুটি রেশনিং বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। ভর্তুকি দেওয়া বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত
তবে রুটি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের খবর পাওয়া গেছে। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির (আরএফই/আরএল) প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, অন্তত তিনটি প্রদেশে ভর্তুকির রুটি কেনার পরিমাণ সীমিত করার ব্যবস্থা চালু হয়েছে। নির্ধারিত সীমার বেশি কিনলে বেশি দাম দিতে হচ্ছে, ফলে কৃষিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির কিছুটা অসংগতি দেখা যাচ্ছে।
যুদ্ধের কারণে কৃষি উৎপাদনে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে কথা বলেন নুরি। তিনি জানান, নানা সংকট ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী জানান, জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও পোলট্রি খাতের উৎপাদকেরা কার্যক্রম চালিয়ে গেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। আগে এ পণ্য আমদানি করতে হলেও এখন দেশটি রপ্তানি করছে বলে দাবি করেন তিনি।
নুরির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে এ খাতে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন