শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১০ ঘটিকায় রাজধানীর শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন এবং প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এটি কি নিছক একটি সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে সংঘটিত কোনো হামলার অংশ?
নিসচার নেতৃবৃন্দের ভাষ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশে ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধ ও বেপরোয়া লেগুনা চলাচল বন্ধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি সরকারও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এমন প্রেক্ষাপটে সংগঠনের মহাসচিবের ওপর লেগুনার ধাক্কায় এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে সংগঠনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
নিসচার একাধিক নেতা জানান, যারা দীর্ঘদিন ধরে অবৈধ ও বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার, তাদের ভয়ভীতি প্রদর্শন কিংবা আন্দোলন দমিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো মহল এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত লেগুনাটি শনাক্ত করে চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বলেছে, দেশের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি মহাসচিব লিটন এরশাদের ওপর সংঘটিত এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
উল্লেখ্য, এ ঘটনায় পরিকল্পিত হামলার অভিযোগ বা সন্দেহের বিষয়টি বর্তমানে নিসচার নেতৃবৃন্দের পর্যবেক্ষণ ও আশঙ্কার ভিত্তিতে উত্থাপিত হয়েছে। এ বিষয়ে তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ নির্ধারিত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়, যা ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদিগ্রাম ক্যাম্পের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। এই অভিযানের ফলে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার নকলা উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
তিনি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই নজরুল বর্ষ উদযাপনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।" উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি এবং অন্যান্য অতিথিরা। এ সময় প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর উপজেলায় মোট ৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুর্গাপুর পৌরসভা এলাকায় ২২টি পূজামণ্ডপ ছিল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দুর্গোৎসব উদযাপন করেন। দুর্গাপূজার নবমী তিথিতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপজেলার রামকৃষ্ণ পূজামণ্ডব, দশভূজা বাড়ী পূজামণ্ডবসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
বুধবার বিকালে পৌর সদরে অনুষ্ঠিত ১৮টি মণ্ডপে প্রতিমাগুলো স্থানীয় দশভূজা বাড়ির প্রাঙ্গণে একত্র করা হয়, যেখানে শেষবারের আনন্দ উৎসবে মেতে ওঠে পূজারীরা। সেখানে হাজারো নারী-পুরুষ ভিড় জমায়, শতশত নারীরা প্রতিমায় শিদুর দিতে থোগে। সন্ধ্যার পর প্রতিমাগুলো একে একে সারিবদ্ধভাবে ট্রাক বা লরিতে করে সোমেশ্বরী নদীতে নিমজ্জিত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ’কে হত্যার মামলায় এসআরবি-১৪ কর্তৃক আরো একজন সন্দিগ্ধ আসামি, কিশোর গ্যাং নেতা আশিকুর রহমান প্রাঙ্গন (২১) গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি ১৪ বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়ার মোঃ শাহিন মিয়ার পুত্র।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৫ অক্টোবর (২০২৬) রাতে আলিফ স্থানীয় একটি মনোহারী দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক পৌনে আটটার দিকে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তার ওপর আকস্মিক হামলা চালিয়ে ৬টি গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৩, তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।
ঘটনার পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে তদন্তকারী কর্মকর্তার গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি টিম দুর্গাপুর পৌর শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসআরবি-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র, সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ