০৫:৫৩ পি.এম
গত কয়েক দিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৯ লাখের বেশি মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন।
একই সঙ্গে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। অসংখ্য পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার কারণে বন্যাদুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দেয়।
এমন সংকটময় সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জেলা সংগঠন চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম এবং কক্সবাজার স্টুডেন্ট ফোরামের উদ্যোগে কক্সবাজার, সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম তিন দফায় সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলার প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। বিতরণ করা এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন, মোমবাতি এবং লাইটার।
অন্যদিকে কক্সবাজার স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীরা কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর, মানিকপুর ও বরইতলী এই তিনটি গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করে। এতে সংগঠনটি দুই দফায় প্রায় ২২০টি পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিড়া, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।
চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম এর সভাপতি চুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ মো: তা-সীন বলেন, "এই মানবিক উদ্যোগে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই সংকট মোকাবিলা করতে সক্ষম হব।"
কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সভাপতি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, "ক্ষতিগ্রস্ত মানুষের সাময়িক দুর্ভোগ লাঘবে সামান্য ভূমিকা রাখতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই উদ্যোগে যারা আর্থিক সহযোগিতা, শ্রম ও দোয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন