ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে সরকার, ১০ হাজার যাবে বিনাখরচে : তথ্য উপদেষ্টা


মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে সরকার, ১০ হাজার যাবে বিনাখরচে : তথ্য উপদেষ্টা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।

তিনি উল্লেখ করেছেন, আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের কারণে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্টে) যাওয়ার সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রদান করেন।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

তথ্য উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথম বহরটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে। এর ফলে অভিবাসন ব্যয় পুরোপুরি শূন্যে নামিয়ে আনার একটি নতুন উদাহরণ সৃষ্টি হবে।

শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙা এবং রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা মন্তব্য করেন, ‘মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদন ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ের অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির এজেন্সির নাম বাদ দিয়ে নতুন সুযোগ তৈরির জন্য বর্তমান সরকার দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। সরকারের এই প্রস্তাবের প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, মালয়েশিয়া সরকারের অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির বাইরে আরও ৩১২টি ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী প্রেরণের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি এখন থেকে স্বচ্ছতার সাথে কর্মী পাঠাতে সক্ষম হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া এবং পূর্বে মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত কর্মীদের নিবন্ধনের কাজও চলমান রয়েছে।

ব্রিফিংয়ে সরকারের অন্যান্য উন্নয়নমূলক পদক্ষেপ ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরে উপদেষ্টা আরও জানান, আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারাদেশে ৪১ লাখ পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান শুরু হবে। বর্তমানে দেশে ১২ লাখ ৮৬১ হাজার মেট্রিক টন সারের পর্যাপ্ত মজুত রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ দরিদ্র পরিবারকে ১৫ টাকা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ব্রিফিংয়ে জানানো হয়, দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট কাটাতে এবং ঢাকার বাইরে শিল্প-কারখানায় সরবরাহ বাড়াতে রাজধানীর ডেসকো ও ডিপিডিসি’র বিদ্যুৎ ব্যবহারে কাটছাঁট করে সারাদেশে লোডশেডিং সুষমভাবে বন্টন করা হচ্ছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও নতুন এফএসআরইউ চালুর মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা জানান, ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার চলাচলে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন ও নিবন্ধনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগের খসড়া বিধিমালা শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সহায়তা করবে আইপিইউ: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সহায়তা করবে আইপিইউ: শামা ওবায়েদ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তরুণ ও নতুনদের নিয়ে গঠিত এই ব্যবস্থাকে সহায়তা প্রদান করবে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), এবং আইনপ্রণেতাদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, ‘আইপিইউ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে কাজ করবে এবং তাদের সহযোগিতা বাড়াতে আগ্রহী।’

তিনি জানান, আইপিইউ প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং নারী সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইপিইউ নতুন সংসদকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ এবং প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতি তাদের সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘অনেক সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং তারা তুলনামূলকভাবে তরুণ। সংসদে তরুণদের প্রতিনিধিত্বও বেশি। তারা বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন।’

শামা ওবায়েদ জানান, আইপিইউ মহাসচিবের সঙ্গে আলোচনা চলাকালীন বাংলাদেশি আইনপ্রণেতাদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।

জেনেভায় আয়োজিত প্রশিক্ষণসহ আইপিইউ-এর বিভিন্ন সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচিতে বাংলাদেশি সংসদ সদস্যদের আরো বেশি অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করেছে। শামা এসব বিষয়কে বর্তমান সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি আইপিইউ-এর সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি।’

আগামী মাসে তানজানিয়ায় আইপিইউ-এর একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের স্পিকার এবং সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।

রোববার রাতে ঢাকায় পৌঁছান ফিলিপ। ২ সেপ্টেম্বর তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

সফরকালে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে পারস্পরিক মতবিনিময় করেন।

এছাড়া তিনি শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং এর পেছনের ঘটনাবলি সংক্রান্ত বিভিন্ন আলোকচিত্র, দলিলপত্র ও স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়িং সংক্রান্ত সার্জিও গরের মন্তব্য আগের চুক্তির বিষয়ে হতে পারে : শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


বোয়িং সংক্রান্ত সার্জিও গরের মন্তব্য আগের চুক্তির বিষয়ে হতে পারে : শামা ওবায়েদ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশে আরো বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে করা বক্তব্যটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে সম্পাদিত উড়োজাহাজ ক্রয় চুক্তির সাথে সম্পর্কিত হতে পারে।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তিনি উল্লেখ করেন, ‘বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে তার মন্তব্য আগের চুক্তির বিষয়ে হয়ে থাকতে পারে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য ‘বিলিয়ন ডলারের’ ব্যয়ের প্রতিশ্রুতি সংবলিত ‘আরেকটি অবিশ্বাস্য চুক্তি’ করেছেন, যা আরো বোয়িং উড়োজাহাজ কেনার জন্য।

গর আরো দাবি করেন যে, বাংলাদেশ তাদের প্রাথমিক বোয়িং উড়োজাহাজ ক্রয়ের আদেশ ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়াবে। তার এই মন্তব্যের পর বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র বা বোয়িংয়ের সঙ্গে নতুন কোনো উড়োজাহাজ ক্রয় চুক্তি করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে।

বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে, রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৩০ এপ্রিল ঢাকায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য একটি চুক্তি সই করে।

এই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দু’টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরবর্তীতে জানায় যে, ১৪টি উড়োজাহাজের ওই চুক্তির বাইরে বোয়িংয়ের সঙ্গে আলাদা কোনো উড়োজাহাজ ক্রয় চুক্তি হয়নি।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়গুলো বাংলাদেশ জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও প্রভাব বাড়ানোর পাশাপাশি সরকার শক্ত অবস্থান থেকে তার বৈদেশিক কার্যক্রম পরিচালনা করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। এ সফরের লক্ষ্য বাংলাদেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে ভারতীয় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।

গত ৩০ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

সফরকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিনিধিদলটিকে আতিথেয়তা প্রদান করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘স্ট্র্যাটেজিক নেবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে আঞ্চলিক কৌশলগত, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরাসরি ধারণা লাভের সুযোগ পান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে ১৭ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ফেনীর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে ১৭ সেপ্টেম্বর

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ফেনীর ফুলগাজী উপজেলায় আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তর একটি পাঁচ সদস্যের তদারকি টিম গঠন করেছে যাতে এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

রোববার প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত আদেশে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

তদারকি টিমের সদস্যদের মধ্যে রয়েছেন- সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার মো. রায়হান কবীর এবং সমাজসেবা অফিসার পলাশ হোসাইন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তদারকি টিম ১ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি, বাড়ি-বাড়ি গিয়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও নির্বাচিত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%