০৬:০৫ পি.এম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রেজারার পদে শিক্ষার্থীরা দাবী করেছেন, বহিরাগত নয়, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ থেকেই ট্রেজারার নিয়োগ দেওয়া হোক। শিক্ষার্থীরা মানববন্ধন করেছে ট্রেজারার নিয়োগের জন্য, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি করেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এ সময় তারা ওই দাবিসংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। শিক্ষার্থীরা বলেছেন, ট্রেজারার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে নানা জটিলতা দেখা দিচ্ছে এবং বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দক্ষ অ্যাকাডেমিশিয়ান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষককে অগ্রাধিকার দিয়ে ট্রেজারার পদে নিয়োগের দাবি জানান তারা।
তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার মতো যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কেন বহিরাগত শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হবে? যারা বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের মূল্যায়নের সময় এখন এসেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হয়, তবে প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে। এর পাশাপাশি, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়। তাছাড়া, নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে তাকে প্রতিষ্ঠানটি বুঝতে অনেক সময় লাগে। বেশির ভাগ সময়, পরিবেশ বুঝে ওঠার আগেই চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। তাই তাদের একটাই দাবি- বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন