ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু


বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার এবং ভেঙে টুকরো টুকরো করার জন্য চক্রান্ত করা হয়েছে। ইতিহাসের সাক্ষ্য—যারাই বিএনপিকে শেষ করার চেষ্টা করেছে, তারা সকলেই ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে বিএনপিকে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি কর্মসূচিতে হামলা চালিয়ে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। তাদের হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন সাধারণ বিএনপি কর্মীরাও।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি উল্লেখ করেন, আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে কোনো স্থান নেই। সারা দেশের নেতারা ভারতে পালিয়ে গেছেন। কেউ কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকায় আশ্রয় নিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ১৭ বছরের কুকর্মের জন্য ভয়ে এলাকায় আসতে পারছেন না এবং বিভিন্ন বড় শহরে গোপনে বসবাস করছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, যে কোনো সময় তারা সুযোগ পেলেই দেশকে অশান্ত করতে এবং দেশের মানুষের শান্তি নষ্ট করতে নাশকতা ঘটাতে পারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের কোথাও মাথাচাড়া দিয়ে উঠলে শক্ত হাতে সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে।

দুলু আরও বলেন, ৪৮ বছর আগে আজকের দিনে রমনার বটমূলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশে মুক্ত গণমাধ্যম ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। দেশের জনগণ তাকে ভোট দিয়ে তিনবার দেশ পরিচালনার দায়িত্ব দেন। তিনি বিশ্বে আপসহীন ও সফল প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তিনি বলেন, তার মৃত্যুর পর তার সন্তান তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রধানমন্ত্রী। সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং সব সংকট কাটিয়ে দেশ তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

সমাবেশে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

এছাড়া বক্তব্য দেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতারা।

পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাই: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাই: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের এবং ভারতের জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন, দুই দেশের সাধারণ মানুষের কল্যাণের বিষয়টি মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের সাক্ষাতে দুই দেশের মধ্যে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে ভারতীয় হাইকমিশনার মন্তব্য করেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তিনি কিছু বলতে চান না এবং এ বিষয়ে মন্তব্য করা উচিতও নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে।

দীনেশ ত্রিবেদী জনগণের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি। এ কারণে প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান, কেউ বড় কিংবা ছোট নয়।’

বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। আমাদের দেখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী। বাংলাদেশেরও দেখতে হবে ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’

দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ২৮৩ কোটি মার্কিন ডলার এসেছে। এই পরিমাণ দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকার হিসাবে নির্ধারিত। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৩১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রোববার প্রবাসী আয় হিসেবে দেশে এক হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকা এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৬ দশমিক ৯০ শতাংশ বেড়ে গেছে।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৫৬৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ৮৮ খুন, ১২৭ ধর্ষণ প্রসঙ্গে সাজেদুর ‘আমি তো অথর্ব এসপি’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


কক্সবাজারে ৮৮ খুন, ১২৭ ধর্ষণ প্রসঙ্গে সাজেদুর  ‘আমি তো অথর্ব এসপি’

স্বাধীনতার পর ৫৫ বছর অতিবাহিত হওয়ার পরেও কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ অবস্থায় পৌঁছায়নি। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে কক্সবাজারে ৮৮টি খুন, ১২৭টি ধর্ষণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা তো আছেই।

এসব অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে কিছুটা বিরক্তির সুরে কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান মন্তব্য করেন, ‘আমি তো অথর্ব এসপি।’

কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। খুন, ধর্ষণ ও অপহরণের পাশাপাশি আদালত প্রাঙ্গণে গোলাগুলি এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে বিচারককে ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। খুনের শিকার ব্যক্তির জানাজা চলাকালে মামলা হওয়ার আগেই ওই খুনের ঘটনায় আটক প্রধান সন্দেহভাজনকে দায়মুক্তি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কক্সবাজারে। দুর্বল পুলিশিং, অদক্ষতা এবং হঠকারী সিদ্ধান্তের গুরুতর অভিযোগ রয়েছে এসপির বিরুদ্ধে। পুলিশের ভেতরেও অস্থিরতা ও অসন্তোষ বিদ্যমান।

পর্যটন এলাকা সহ জেলায় দিনে ১৫ থেকে ৩০টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনার অনেকটাই থানায় মামলা বা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত না হওয়ায় এর সুনির্দিষ্ট হিসাব নেই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তার মাধ্যমে অভিযোগগুলো তার নজরে আনা হয়েছে। তবে পাঠানো বার্তার কোনো উত্তর পাওয়া যায়নি।

বিচারককে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা জজ পদমর্যাদার একজন বিচারক যুগান্তরকে জানান, গত ৩০ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক বিচারককে পিস্তল দেখিয়ে ভয় দেখান এক যুবক। পরে আরও দুই বিচারক তৎকালীন সদর থানার ওসি ছমিউদ্দীনকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। বিষয়টি পুলিশ সুপারকেও জানানো হয়। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই ঘটনার পর জানুয়ারিতে জেলা জজ পদমর্যাদার একাধিক বিচারক পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বরাবর চিঠি দিয়ে গানম্যান চেয়েছিলেন। কিন্তু গানম্যান তো দেওয়া হয়নি, এমনকি চিঠির জবাবও দেওয়া হয়নি। এর মধ্যে গত ২৪ মে দিনদুপুরে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মন্নান বলেন, স্বাধীনতার পর কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি তিনি আর দেখেননি। উখিয়া ও টেকনাফের অনেক এলাকায় সন্ধ্যা নামার আগেই অপরাধীদের ভয়ে একধরনের সুনসান পরিস্থিতি নেমে আসে। আদালত চত্বরে গোলাগুলি এবং বিচারকদের অস্ত্র দেখানোর ঘটনায় বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তদন্ত ছাড়াই খোরশেদ হত্যার প্রধান সন্দেহভাজনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ২৪ মার্চ রাতে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম। ঘটনার পর তারিন নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে। তারিনের ব্যাগ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। কিন্তু খোরশেদের জানাজা চলাকালে সংবাদ সম্মেলন করে তদন্ত না করেই তারিনকে নির্দোষ ঘোষণা করেন এসপি। পরিবারের অভিযোগ, এর আগে খোরশেদকে হুমকি দিয়েছিলেন তারিন।

একই সঙ্গে খোরশেদের কাকা তারেককে হত্যাকাণ্ডের প্রধান হোতা হিসাবে দাবি করা হয়। পরে তারেকের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর ঘটনার সময় তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। এতে পুলিশের ওই বক্তব্য বিতর্কের মুখে পড়ে। জানা যায়, তারিনকে আসামি না করে সাক্ষী করা হয়েছে এবং প্রকৃত সন্দেহভাজনদের বাদ দিয়ে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সূত্রের দাবি, এসপির কড়া আপত্তির কারণে তারিনকে জিজ্ঞাসাবাদ বা কোনো ধরনের অভিযান চালানো সম্ভব হয়নি। হত্যায় জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরও পুলিশ হাত গুটিয়ে থাকতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।

পরে পুলিশের ভূমিকার ওপর অনাস্থা প্রকাশ করে মামলার বাদী নাওশাদ হোসেন আদালতের মাধ্যমে মামলাটি পিবিআই-এ স্থানান্তর করেন। বর্তমানে তারিন আত্মগোপনে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা উন্নয়নে বাধা খোদ পুলিশ সুপার। গত ২২ এপ্রিল খুরুশকুলে মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এ হত্যার রহস্য উন্মোচনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক অন্তর দে বিশাল। পরে পুলিশ আবদুর রহিম নামে একজনকে গ্রেফতার করে।

অন্তর দে জানান, সংবাদ প্রকাশের পর সেটি মুছে না ফেললে তাকে ওই হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন এসপির আস্থাভাজন এলআইসি সদস্য সোহেল। তবে সোহেল অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি এসপিকে জানালে তিনি উলটো প্রশ্ন করেন, ‘আপনাকে নিউজ করতে কে বলছে?’ তার দাবি, পুলিশ সুপার তাকে সাধারণ ডায়েরি না করারও পরামর্শ দেন। পরে আবার হুমকি আসার পর সংবাদকর্মীদের প্রতিবাদের মুখে সদর থানা সাধারণ ডায়েরি গ্রহণ করে। এ ঘটনায় সাংবাদিকরা মানববন্ধন করেন। পূজা উদ্যাপন কমিটিও হুমকির প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায়।

পরে কক্সবাজার-৩ আসনের সংসদ-সদস্য লুৎফুর রহমান কাজলের হস্তক্ষেপে আন্দোলন বন্ধ হলেও সমস্যার কার্যকর সমাধান হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

অন্যদিকে রামু থানা পুলিশের একটি বড় ইয়াবা চালান আত্মসাতের অভিযোগের তথ্যপ্রমাণ উপস্থাপন নিয়ে বক্তব্য জানতে চাইলে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুকে পুলিশ সুপার প্রশ্ন করেন, ইয়াবা নিয়ে সাংবাদিকদের এত আগ্রহ কেন? সাংবাদিক হিরুর অভিযোগ, এসপির ব্যর্থতা, অদক্ষতা ও পক্ষপাতমূলক আচরণের কারণে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

আইনশৃঙ্খলা সভায় এসপির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কোনো সদস্য বক্তব্য দিতে চাইলে পুলিশ সুপার অনেক সময় তার বক্তব্য থামিয়ে নিজেই কথা বলতে শুরু করেন। এতে মুক্তভাবে মতামত দেওয়ার পরিবেশ ব্যাহত হয়। স্থানীয় সংসদ-সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায়ও এসপি মোবাইল ফোনে কখনো কখনো উচ্চৈঃস্বরে কথা বলেছেন। এতে উপস্থিত সদস্যদের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট একটি বৈঠকে এসপির এমন আচরণে প্রকাশ্যে ক্ষোভ জানান কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ।

পুলিশের ভেতরেও অস্থিরতা ও ক্ষোভ

জেলা পুলিশের অন্তত ৩৫ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নেপথ্যে এসপির হঠকারী সিদ্ধান্ত, অদক্ষতা ও দুর্বল পুলিশিং দায়ী। সম্প্রতি গোপন তথ্য প্রকাশের অভিযোগে ১০১ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে ইনস্পেকটর ৭, এসআই ৩৬, এএসআই ২৪ এবং কনস্টেবল ৩৪ জন। পুলিশ সদস্যদের অভিযোগ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের বেছে বেছে সরিয়ে দিয়ে তাদের জায়গায় তুলনামূলক কম অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসপির বক্তব্য

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, সারা দেশে প্রতি মাসে ৩০০টির মতো মার্ডার হয়। কক্সবাজারে ১৫ থেকে ২০টি হয়। সেটা আগে হয়েছিল, এখনো হচ্ছে। বেশির ভাগ হত্যাই পরকীয়া ও পারিবারিক কারণে হচ্ছে। খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

অন্য অভিযোগ প্রসঙ্গে কিছুটা বিরক্তির সুরে তিনি বলেন, আমি তো অথর্ব এসপি। আপনাদের প্রিয় এসপি যখন ছিল, তখনো মার্ডার এমন হতো বলে ফোনের সংযোগ কেটে দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

প্রায় ২৮০ দিন পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন প্রথমবারের মতো কোনো বন্দরে থামতে যাচ্ছে। গত বছরের নভেম্বরের পর এটি জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু সদস্যদের জন্য প্রথম যাত্রাবিরতি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় রণতরীটির পৌঁছানোর কথা রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই পাতায়া মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে প্রায় ৫ হাজার নাবিককে স্বাগত জানানো যায়।

পারমাণবিক শক্তিচালিত এই রণতরীটি ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের দায়িত্বে যাত্রা শুরু করে। পরে এটি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। প্রায় ছয় মাস আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়েছিল।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটির ভেতরের জীবনযাত্রার অবনতি এবং ক্রুদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এমনকি আত্মহত্যার চেষ্টার ঘটনাও উঠে এসেছে। এসব কারণে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনা আরও জোরালো হয়েছে।

পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতের পর লায়েম চাবাং বন্দরে বিশাল এই রণতরীটি ভিড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, "প্রায় ২৮০ দিন পর নাবিকেরা প্রথমবারের মতো জাহাজ থেকে তীরে নামার সুযোগ পাচ্ছেন।" তিনি জানান, তাদের বিশ্রাম ও বিনোদনের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম না নেন, সেদিকেও নজর দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%