প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের নওয়াপাড়া থেকে ট্রাক ভর্তি টিএসপি সার পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেখানে বৈধ ডিলার ছাড়াই ভুয়া চালান তৈরি করা হচ্ছে। একটি শক্তিশালী অসাধু চক্র বিসিআইসি সার ডিলারদের সঙ্গে যোগসাজশ করে সিন্ডিকেটের মাধ্যমে এই সার বৃহত্তর যশোর জেলায় বেশি দামে বিক্রি করছে।
মঙ্গলবার রাতে (১০ নভেম্বর) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় অবৈধ রশিদসহ ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। এই ট্রাকের মালিক শোভন নামের একজন ব্যক্তি এই বিস্ফোরক দাবী করেন। সাংবাদিকদের ধারণকৃত ভিডিওতে ট্রাক মালিক শোভন মিয়া স্বীকার করেন যে, নওয়াপাড়ার ঘাট থেকে বাড়তি দামে অবৈধভাবে সার কিনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। তিনি জানান, সুযোগ বুঝে তিনিও সার কিনেছেন।
শোভন আরও জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় টিএসপি সারের চাহিদা বৃদ্ধি ও হ্রাস ঘটে। সেই সুযোগে বৈধ ডিলার ছাড়াও সাধারণ ব্যবসায়ীরা যশোরের নওয়াপাড়া থেকে চোরাই পথে টিএসপি সার পাচার করে। তারা ১৩০০ টাকা বস্তা কিনে ১৭০০ টাকায় বিক্রি করেন। পথে আসতে তাদের বিভিন্ন স্থানে টাকা দিতে হয় বলেও শোভন স্বীকার করেন।
এদিকে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকা থেকে ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের সারবাহী একটি ট্রাক আটক করে জনতা। ট্রাকটির মালিক শৈলকুপার কাতলাগাড়ি এলাকার খুচরা সার ব্যবসায়ী শোভন মিয়া। আটকের সময় তিনি কোন বৈধ কাগজ দিতে পারেননি। ‘মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর’ দেওয়া একটি চালান (নং-৩১৭৩০) দেখালেও পরীক্ষা করে দেখা যায় সেটি ভুয়া। চালানে থাকা ০১৭৩২-৫৩১২১৫ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তৈয়ব নামে এক ব্যক্তি জানান, তিনি দিনাজপুরের বাসিন্দা এবং সার ব্যবসার সঙ্গে তিনি যুক্ত নয়।
অভিযোগ উঠেছে যে, সার আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে বরং ‘বৈধ কাগজপত্র’ জোগাড় করে জমা দিতে ট্রাক মালিককে সাত দিনের সময় দিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় জেলার কৃষক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল হক মিলন জানান, ঘটনার দিন তারা টিএসপি সার আটকের পর প্রশাসনকে খবর দিয়েছিলেন, কিন্তু প্রায় দুই ঘণ্টা পর কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে সার বোঝাই ট্রাকটি নিয়ে যান। এখন তিনদিন পার হলেও মামলা না দিয়ে সার ছেড়ে দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
অবৈধ সার নিয়ে ঝিনাইদহ ফোরামের সভাপতি প্রফেসর (অব.) মহব্বত হোসেন টিপু কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কৃষক ক্ষতিগ্রস্থ হয় এবং সরকার বিব্রত হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এ ব্যাপারে কুষ্টিয়া বাফার গোডাউনের ইনচার্জ গাউস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া বাফার গোডাউনে কোনো টিএসপি সারের চালান আসার কথা নেই। এখানে কেবলমাত্র ইউরিয়া সার আনা হয়। টিএসপি সারের বাফার হচ্ছে মাগুরা শহরে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, টিএসপি সার আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধ কাগজ না পাওয়া গেলে সরকারের হেফাজতে নেওয়া হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর ইউএনও দীপা রাণী সরকার বলেন, সারসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে এবং মালিককে কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। খুলনা বিএডিসি জানিয়েছে, সারটি খুলনা থেকে ফরিদপুরে যাওয়ার কথা ছিল। সেটি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় কেন যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে বৈধ কাগজ দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন