ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন কুমার দাস


ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন কুমার দাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু হবে আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর জিম্বাবুয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে। এরপর ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

চোটের কারণে আসন্ন সিরিজে পেসার নাহিদ রানার জায়গা হয়নি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

এদিকে, এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত এই ক্রিকেটারকে ঘিরে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ব্যাটিং বিভাগে অধিনায়ক লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য হবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ফাইনালে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪

রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন করার সময় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে।

শিল্পকলা একাডেমির ওই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়সহ উপমহাদেশের বিভিন্ন গুণীজনের প্রতিকৃতি আঁকা ছিল। শনিবার দুপুরে এক নারী ও তার সহযোগীরা রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি লেপে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ওই নারী একটি ব্রাশ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন। এ সময় শাহবাগ থানার এক পুলিশ সদস্য তাকে সরিয়ে দেন। পরে ওই নারী ও তার সহযোগীরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের আটক করে ভ্যানে তোলে। আটকের সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গণমাধ্যমের সামনে ওই নারী দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন ‘কাঙ্গালদের আবার কিসের শিক্ষা’। রবীন্দ্রনাথকে ‘বাংলাদেশের বিরুদ্ধে’ আখ্যা দিয়ে প্রতিবাদস্বরূপ তিনি ছবিতে কালি দিয়েছেন বলে জানান।

তবে, সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের মুখে ওই নারী নিজের অবস্থান পরিবর্তন করে দাবি করেন, তিনি অসুস্থ (জ্বরে আক্রান্ত) এবং তাকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে শিল্পকলা একাডেমির সামনে নিয়ে আসা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে হবে— এমন বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। এছাড়া, আটকের সময় এক পুরুষ পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়েছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে, আয়াশ নামের এক যুবককে আটক করার পর পুলিশের ভ্যানে তোলার সময় সেখানে হট্টগোল সৃষ্টি হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুল খালেক জানান, ঘটনাস্থল থেকে আয়াশসহ মোট তিন যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাদের থানায় নেওয়া হয়।

আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে— জানতে চাইলে তিনি বলেন, এখনো তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

বর্তমানে আটকরা শাহবাগ থানা হেফাজতে রয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিমানের ফ্লাইট জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ঢাকায় বিমানের ফ্লাইট জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা কক্সবাজার থেকে আসছিল। ফ্লাইটটির জরুরি অবতরণের কারণে ঢাকায় বিমান ওঠানামা কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটার পর পাইলট জরুরি বার্তা পাঠান ঢাকার টাওয়ারে।

জরুরি অবতরণের পূর্বে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করার পাশাপাশি বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এই সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এই সময়ে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬ জনে পৌঁছেছে।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। ফলে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২১ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। এর ফলে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন তিনি। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল ‘Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism’।

উপাচার্য উল্লেখ করেন, পর্যটন এখন আর শুধুমাত্র আনন্দ-বিনোদন কিংবা অবকাশযাপনের বিষয় নয়; বরং এটি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বাংলাদেশের সমুদ্রসৈকত, নদী, বন, পাহাড়, চা-বাগান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ ঐতিহাসিক-সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এসব সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, অপর্যাপ্ত অবকাঠামো, সেবার মানের ঘাটতি, যথাযথ ব্যবস্থাপনার অভাব এবং নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই। বিশ্ব পর্যটন খাতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। উপাচার্য বলেন, স্মার্ট পরিকল্পনা, তথ্য-উপাত্তভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল বিপণন এবং ব্যক্তিকেন্দ্রিক ভ্রমণ-অভিজ্ঞতার মাধ্যমে এআই পর্যটন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার বাংলাদেশের পর্যটনসেবাকে আরও আধুনিক, পর্যটকবান্ধব ও বৈশ্বিক জনগণের জন্য সহজলভ্য করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এআই-নির্ভর পর্যটন হবে আরও ব্যক্তিকেন্দ্রিক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক। ছোট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও আন্তর্জাতিক পর্যটনবাজারে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল পর্যটন আচরণ এবং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিতে হবে।

উপাচার্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এআই, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, ডিজিটাল বিপণন ও স্মার্ট আতিথেয়তা ব্যবস্থাপনার সঙ্গে পর্যটনবিষয়ক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। তাদের উদ্ভাবনী গবেষণা ও উদ্যোগ টেকসই পর্যটনের বিকাশ, প্রকৃতি সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপাচার্য বলেন, বিশ্ব পর্যটন দিবস কেবল উদ্‌যাপনের দিন নয়; বরং এটি পর্যটন খাতের উন্নয়নে নতুন করে অঙ্গীকার করার দিন। প্রযুক্তি, সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয়ে একটি আধুনিক, সেবামুখী ও অন্তর্ভুক্তিমূলক পর্যটনশিল্প গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রযুক্তি যেন কখনো মানুষের বিকল্প হয়ে না ওঠে; বরং মানুষের সেবা, আতিথেয়তা ও মানবিকতাকে আরও কার্যকর করার মাধ্যম হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করা উচিত।

সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং রহিমাফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্টিগ্রেটেড রুরাল বেসড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইরফান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শাহীদ মিয়া, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, এনজিও দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম এবং গোয়িংফ্লাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপক ইরফান আহমেদ বলেন, পর্যটন খাতের সামগ্রিক রূপান্তর ও টেকসই উন্নয়নে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠছে। আধুনিক বিশ্বব্যবস্থায় শিল্পবিপ্লব থেকে প্রযুক্তিগত বিপ্লবের দিকে অগ্রসর হতে ডিজিটাল কর্মপরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এআইয়ের সঠিক প্রয়োগ একজন পর্যটকের গন্তব্য নির্বাচন, তথ্য অনুসন্ধান, ভ্রমণ পরিকল্পনা, সহজে বুকিং, ভাষান্তর এবং ভ্রমণ-অভিজ্ঞতাকে অনন্য করে তোলার পাশাপাশি ফিরতি যাত্রাও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে।

তিনি বলেন, হোটেল-রিসোর্ট ব্যবস্থাপনা, স্বল্প সময়ে উদ্ভাবনী ভ্রমণ প্যাকেজ তৈরি এবং সরকারি পর্যায়ে পর্যটকদের জন্য সঠিক তথ্য শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষার পাশাপাশি সঠিক পরিকল্পনা ও গবেষণাভিত্তিক তথ্য সরবরাহের মাধ্যমে স্থানীয় জনগণ ও ব্যবসায়িক খাতকে সমৃদ্ধ করে টেকসই পর্যটন নিশ্চিত করতেও এআই ও ডিজিটাল কর্মপরিকল্পনা যুগান্তকারী পরিবর্তন আনছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%