১০:১৩ এম
তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন।
সেই সঙ্গে ন্যাটো মিত্র দেশ হিসেবে তুরস্কের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ট্রাম্প বলেন, 'তুরস্ক আমার জন্য অসাধারণ এক মিত্র। আমাদের কী বিক্রি করা উচিত, তা আমাকে কেউ বলে দেবে না।'
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তীতে গাজা যুদ্ধের কারণে তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক তলানিতে নেমে আসে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুসহ ইসরাইলের শীর্ষ কর্মকর্তারা আঙ্কারাকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করছেন।
চলতি মাসে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তুরস্ককে 'মুসলিম ব্রাদারহুডে আক্রান্ত একটি শাসনব্যবস্থা' বলেন। তিনি দাবি করেন, 'তাদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বা যুদ্ধবিমানের ইঞ্জিন দেয়া উচিত নয়।'
এয়ার ফোর্স ওয়ানে তুরস্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
মার্কিন প্রেসিডেন্ট বলে ওঠেন, 'তুরস্ক ইসরাইলের সমর্থক নয়। কিন্তু তারা আমার জন্য দারুণ ছিল।' ট্রাম্পের এই মন্তব্যকে পররাষ্ট্রনীতি নির্ধারণে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প আরও বলেন, 'তুরস্ক খুবই শক্তিশালী একটি দেশ। তাদের বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং তাদের কাছে অনেক আধুনিক সামরিক সরঞ্জাম আছে।'
এর আগে চলতি মাসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে পারেন। তবে সেই প্রক্রিয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে জানায়, তুরস্ক এখনও এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অংশ নেয়ার শর্ত পূরণ করতে পারেনি।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্র তুরস্ককে বহুজাতিক এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয়। একই সঙ্গে 'কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট' আইনের আওতায় আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যদিও ৭ জুলাই এরদোয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্প ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, 'তুরস্ক এখনও শর্ত পূরণ করতে পারেনি। তবে ভবিষ্যতে শর্ত পূরণ করলে এফ-৩৫ কর্মসূচিতে ফেরার সম্ভাবনা রয়েছে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন